চারপাশে রুক্ষ পাহাড় আর ধূসর মরুভূমির বিস্তৃতি। প্রচণ্ড দাবদাহ আর তীব্র পানির সংকটে যেখানে একটি ছোট চারাগাছ বাঁচিয়ে রাখা দুঃসাধ্য, সেখানে এক অদ্ভুত দৃশ্য দেখা যায় একটি মসজিদ ঘিরে। মসজিদের চারপাশ জুড়ে গড়ে উঠেছে এক সবুজ বাগান, যেখানে সতেজ গাছপালা আর রঙিন ফুল ফুটেছে। অবাক করা বিষয় হলো, এই বাগানের পরিচর্যার জন্য আলাদা করে কোনো পানির ব্যবস্থা করতে হয় না। মুসল্লিদের অজু করার পর ব্যবহৃত পানিই এখানে গাছপালার জীবন বাঁচিয়ে রাখছে।

জর্ডানের আবু উবাইদা মসজিদের এই সবুজায়নের পেছনে রয়েছে দীর্ঘ ১৮ বছরের এক নিরলস প্রচেষ্টার গল্প। পানির চরম সংকট মোকাবিলায় কীভাবে ফেলে দেওয়া পানিকেও পুনরায় কাজে লাগানো যায়, এই বাগানটি তারই এক অনন্য দৃষ্টান্ত।

জর্ডান বিশ্বের অন্যতম পানিসংকটপূর্ণ দেশ হিসেবে পরিচিত। দেশটির অধিকাংশ এলাকা জুড়ে বিরাজ করে শুষ্ক আবহাওয়া। পানির তীব্র অভাবের কারণে সেখানে পর্যাপ্ত ফসল ফলানো সম্ভব হয় না, যার ফলে খাদ্যশস্যের চাহিদার একটি বড় অংশ আমদানির মাধ্যমে মেটাতে হয় দেশটিকে।

পানির সংকট সেখানে এতটাই প্রকট যে, অনেক এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য পানি সরবরাহ করা হয়। কিছু কিছু জায়গায় সপ্তাহে মাত্র ১২ ঘণ্টা পানি পাওয়া যায়। ফলে পানির প্রতিটি ফোঁটা সেখানকার সাধারণ মানুষের কাছে অত্যন্ত মূল্যবান।

এমন প্রতিকূল পরিস্থিতিতে পানির অপচয় রোধ করতে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে 'জর্ডানিয়ান অ্যাকোয়া কনজারভেশন অ্যাসোসিয়েশন'।

সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ আল-রওশান বলেন, ‘পানির অভাব কী, এখানকার মানুষ তা খুব ভালোভাবেই জানেন। কারণ, এই সংকটের মধ্যেই তাঁদের জীবন কাটাতে হয়।’

এই বাস্তবতাকে সামনে রেখেই অজুর ব্যবহৃত পানি পুনরায় ব্যবহারের পরিকল্পনা করেন তাঁরা। সাধারণত অজুর পর পানি সরাসরি নালা দিয়ে চলে যায়। সেই পানি সংগ্রহ করে গাছের সেচে ব্যবহারের একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলেন তাঁরা।

আবু উবাইদা মসজিদের চারপাশের গাছপালা বাঁচিয়ে রাখতে এখন আর পৌরসভার সরবরাহ করা পানি বা বাইরে থেকে আনা পানির ওপর নির্ভর করতে হয় না। মুসল্লিদের অজুতে ব্যবহৃত পানিই এখন এখানকার সেচের প্রধান উৎস।

তবে অজুর স্থান থেকে পানি সরাসরি গাছে দেওয়া হয় না; প্রথমে তা প্রাকৃতিক উপায়ে পরিশোধন করা হয়।

আহমেদ আল-রওশান জানান, মসজিদে অজুর সময় সাবান ব্যবহার করা হয় না। তাই এই পানিতে সাবানজাত পরিষ্কারকের উপস্থিতি থাকে না। ফলে তুলনামূলক সহজ পদ্ধতিতে পানি পরিশোধন করে সেচের কাজে ব্যবহার করা সম্ভব হয়।

এই পরিশোধনের জন্য নুড়িপাথর ও বালুর পাঁচটি স্তরের মধ্য দিয়ে পানি প্রবাহিত করা হয়। এই স্তরগুলো ছাঁকনির মতো কাজ করে, যার ফলে পানিতে থাকা ময়লা ও ভাসমান কণাগুলোর একটি বড় অংশ আটকে যায়।

পরিশোধিত পানি এরপর পৌঁছে যায় মাটির নিচে বসানো বিশেষ সেচের পাইপে। এই বিশেষ ব্যবস্থার নাম ‘ড্রিপ ইরিগেশন’ বা ফোঁটা ফোঁটা সেচপদ্ধতি।

এই পদ্ধতিতে গাছের গোড়ায় খুব ধীরে ধীরে পানি পৌঁছায়। ফলে প্রয়োজন অনুযায়ী পানি দেওয়া সম্ভব হয় এবং অপচয় হয় খুবই কম। এটি অনেকটা রোগীর শরীরে স্যালাইনের পানি ফোঁটায় ফোঁটায় প্রবেশ করার মতো প্রক্রিয়া।

২০০৮ সালে অজুর পানি পুনর্ব্যবহারের এই উদ্যোগ নিয়ে কাজ শুরু করে সংগঠনটি। তবে কেবল একটি মসজিদে এই ব্যবস্থা চালু করা তাদের লক্ষ্য ছিল না। তারা চেয়েছিল আরও অনেক মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে এই পদ্ধতি ছড়িয়ে দিতে।

তবে এই পথচলা মোটেও সহজ ছিল না। দীর্ঘ ১৮ বছরে মাত্র ১৮টি মসজিদ ও স্কুলে এই উদ্যোগ পৌঁছে দিতে পেরেছে সংগঠনটি।

আহমেদ আল-রওশানের ভাষায়, প্রতিটি মসজিদেই একটি প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁদের। ব্যবস্থা চালু হওয়ার পর সেটি দেখাশোনা করবেন কে? ইমাম, নাকি খাদেম? কারণ, প্রত্যেকেরই মন্ত্রণালয় নির্ধারিত নিজস্ব দায়িত্ব আছে।

তাঁরা বুঝতে পেরেছিলেন যে, শুধু প্রযুক্তি স্থাপন করলেই কোনো উদ্যোগ সফল হয় না। এর জন্য প্রয়োজন সঠিক দায়িত্ব বণ্টন এবং মানুষকে পানি সংরক্ষণের গুরুত্ব বোঝানো।

পানি সংরক্ষণের এই সচেতনতা ছড়িয়ে দিতে ধর্মীয় নেতাদেরও সম্পৃক্ত করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উদ্যোগে ইমাম, মুয়াজ্জিন, নারী ধর্মপ্রচারক ও প্রযুক্তিবিদদের পানি সংরক্ষণ বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনকি জুমার খুতবায়ও পানির অপচয় রোধ ও সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

এর ফলে সাধারণ মানুষ এখন পানি সংরক্ষণকে কেবল পরিবেশগত প্রয়োজন হিসেবে নয়, বরং একটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখতে উৎসাহিত হচ্ছে।

জর্ডানে শুধু অজুর পানি নয়, বৃষ্টির পানি সংরক্ষণ করে কাজে লাগানোর উদ্যোগও নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির ৫০টির বেশি মসজিদে বৃষ্টির পানি সংরক্ষণ করে গাছপালার সেচে ব্যবহারের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া ৩৫টির বেশি মসজিদে অজুতে ব্যবহৃত পানি পুনর্ব্যবহার করা হচ্ছে সেচ ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে।

জর্ডানের আবু উবাইদা মসজিদের চারপাশের সবুজ বাগানটি কেবল সৌন্দর্যের প্রতীক নয়; বরং পানির তীব্র সংকটের মধ্যেও সচেতনতা, সঠিক পরিকল্পনা আর দীর্ঘদিনের চেষ্টায় কীভাবে ইতিবাচক পরিবর্তন আনা যায়, তারই এক উজ্জ্বল উদাহরণ।

সূত্র: দ্য গার্ডিয়ান