দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের মূল কেন্দ্রবিন্দুতে একটি প্রশ্ন বারবার ফিরে আসছে—প্রথম পদক্ষেপটি কে নেবে? ইরান কি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগেই তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে? নাকি ইরানের কাছ থেকে কোনো ছাড় পাওয়ার আগেই যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার চাপ কমাতে হবে? এই জটিল প্রশ্নের কোনো স্থায়ী সমাধান এখন পর্যন্ত মেলেনি। তবে বর্তমান কূটনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে প্রশ্নটিকে নতুন আঙ্গিকে দেখার সময় এসেছে।

প্রকৃতপক্ষে, মূল বিষয়টি এখন আর এই নয় যে কে আগে পদক্ষেপ নেবে। বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে দুই পক্ষই একই সময়ে কীভাবে এগিয়ে আসতে পারে।

সম্প্রতি হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া বিরোধের কারণে এই প্রশ্নটি পুনরায় সামনে এসেছে। ইরান একটি প্রস্তাব দিয়েছে যে, যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে তারা এই গুরুত্বপূর্ণ নৌপথ খুলে দেবে। তেহরানের দেওয়া শর্তগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ প্রত্যাহার, অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং ভবিষ্যতে নতুন করে হামলা না চালানোর নিশ্চয়তা প্রদান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, চাপ ও সংঘাতপূর্ণ পরিবেশে আলোচনা শুরু করা সম্ভব নয়। অন্যদিকে, ওয়াশিংটনের দাবি হলো, নতুন করে কূটনৈতিক আলোচনা শুরু হলে শুরু থেকেই পারমাণবিক কর্মসূচির বিষয়টি আলোচনার টেবিলে থাকতে হবে।

এখানেই বর্তমান আলোচনার মূল সংকট পরিলক্ষিত হয়। উভয় পক্ষই প্রথমে আস্থা তৈরির পদক্ষেপ প্রত্যাশা করে। তবে ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, পারস্পরিক পদক্ষেপের ভিত্তিতেই এই ধরনের সমস্যার সমাধান সম্ভব।

২০১৩ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর একটি অন্তর্বর্তী সমঝোতা হয়েছিল, যার নাম ছিল 'জয়েন্ট প্ল্যান অব অ্যাকশন'। এই চুক্তির আওতায় দুই পক্ষই সীমিত এবং প্রয়োজনে পরিবর্তনযোগ্য কিছু পদক্ষেপ নিতে সম্মত হয়। ইরান তাদের পারমাণবিক কর্মসূচির নির্দিষ্ট কিছু অংশে সীমাবদ্ধতা মেনে নেয় এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা কমানোর পাশাপাশি আন্তর্জাতিক পর্যবেক্ষণ বাড়ানোর বিষয়ে একমত হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীরা কিছু অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে।

এই সমঝোতার ধারাবাহিকতায় ২০১৫ সালে স্বাক্ষরিত হয় 'জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন' বা জেসিপিওএ। এই চুক্তির মাধ্যমে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সর্বোচ্চ মাত্রা ৩ দশমিক ৬৭ শতাংশে সীমিত করা হয় এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়। এর বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য যে, এই চুক্তিটি একবারে কার্যকর হয়নি, বরং ধাপে ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। ২০১৫ সালের জুলাইয়ে চুক্তি স্বাক্ষরের পর অক্টোবরে বাস্তবায়নের প্রস্তুতিপর্ব শুরু হয়। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা ইরান তাদের প্রাথমিক প্রতিশ্রুতি পালন করেছে কি না, তা যাচাই করে। এই যাচাই প্রক্রিয়ার পরেই বড় ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার শুরু হয়। এই অভিজ্ঞতা থেকে এটি স্পষ্ট যে, ধাপে ধাপে চুক্তি বাস্তবায়ন করলেই ব্যর্থতা অনিবার্য হয় না। তবে রাজনৈতিক পরিবর্তনের মাঝেও চুক্তির স্থায়িত্বের নিশ্চয়তা না থাকলে এমন সমঝোতা ঝুঁকির মুখে পড়ে।

২০১৮ সালে যুক্তরাষ্ট্র এই চুক্তি থেকে বেরিয়ে যায় এবং পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে ইরানের মধ্যে এই ধারণা তৈরি হয় যে, কেবল কারিগরি শর্ত মেনে চললেই হবে না; বরং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক নেতৃত্ব পরিবর্তিত হলেও ভবিষ্যতে কোনো চুক্তি বহাল থাকবে কি না, তার নিশ্চয়তা প্রয়োজন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও নিজস্ব উদ্বেগ রয়েছে। দেশটির নীতিনির্ধারকদের যুক্তি হলো, ইরানের পারমাণবিক কর্মসূচিতে যাচাইযোগ্য সীমাবদ্ধতা আরোপের সাথে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি যুক্ত থাকতে হবে। যদি আগে অর্থনৈতিক সুবিধা দেওয়া হয়, তবে ইরান পুনরায় তাদের সক্ষমতা বাড়ানোর সুযোগ পেতে পারে, যা আলোচনায় যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগের ক্ষমতা কমিয়ে দেবে।

সমন্বিত পদক্ষেপের বিরোধিতাকারীরা মনে করেন, দুই দেশের মধ্যে গভীর অবিশ্বাস থাকলে একই সময়ে চুক্তি বাস্তবায়ন কঠিন। তবে এর সমাধান পারস্পরিক ছাড়ের নীতি ত্যাগ করা নয়, বরং আরও শক্তিশালী যাচাইব্যবস্থা গড়ে তোলা।

উদাহরণস্বরূপ, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করার সাথে কয়েকটি ধাপে যুক্ত করা যেতে পারে। প্রতিটি ধাপ তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে পর্যবেক্ষণ করা সম্ভব। এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে কাতার যোগাযোগের দায়িত্ব পালন করতে পারে এবং পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত কারিগরি বিষয়গুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে যাচাই করা যেতে পারে।

মূলনীতিটি হবে সহজ: "ইরান কোনো পদক্ষেপ নিলে তার বিপরীতে যুক্তরাষ্ট্র কী করবে, তা আগে থেকেই নির্দিষ্ট থাকতে হবে। একইভাবে যুক্তরাষ্ট্র কোনো ছাড় দিলে ইরানের কাছ থেকেও তার পরিমাপযোগ্য প্রতিশ্রুতি থাকতে হবে।"

— আলী সারি, ইরানের সাবেক সংসদ সদস্য। (আল-জাজিরা থেকে অনূদিত)