পঞ্চগড়ের দেবীগঞ্জে পুলিশি অভিযানের মুখে পড়ে এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে ঘুষ ও হয়রানির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করার ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি দণ্ডপাল ইউনিয়ন পরিষদের এক সদস্য। আজ বুধবার ভোরে উপজেলার হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামে এই ঘটনাটি ঘটে।

ঘটনার সূত্র ধরে পঞ্চগড় জেলা পুলিশ আজ বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ইউপি সদস্যের করা অভিযোগটি সম্পূর্ণ সঠিক নয় এবং বিভ্রান্তিকর। পুলিশের দাবি, মাসুদ রানা নামের ওই ইউপি সদস্যের বাড়িতে নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়েছিল।

মাসুদ রানা দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আজ ভোরে তিনি তাঁর ফেসবুক আইডি (এমডি মাসুদ রানা) থেকে লাইভ সম্প্রচার করেন। সেই লাইভে পুলিশ সদস্যদের দিকে ক্যামেরা ধরে তিনি বলেন, ‘আসলামুআলাইকুম-আাদাব, আমি আট নম্বর দণ্ডপাল ইউনিয়নের মাসুদ মেম্বার, এখন রাতের পাঁচটা সামথিং মাইনাস, এই যে, হারুন এসআই, এ কিছুদিন আগে আমার বাসায় এসে ৫০ হাজার টাকা নিয়ে গেছে, এই যে গ্রাম পুলিশ, ইনারা আমার বাসায় রাতের পাঁচটার সময়ে এসে, আন্দাজি বলছে আমাকে থানায় যেতে হবে...’

ফেসবুক লাইভে নিজেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতাশূন্য দাবি করে মাসুদ রানা বলেন, ‘আমি কে? আমি আওয়ামী লীগের কিছু নই, আমার কোনো সদস্যপদ নেই, আমি কোনো কিছু নই। যে দল সরকারে আসে, আমি তার মেম্বার হিসেবে কাজ করি।’

এদিকে ‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর তথ্যের প্রতিবাদ এবং প্রকৃত ঘটনা প্রসঙ্গে’ শিরোনামে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে পুরো ঘটনার ব্যাখ্যা দিয়েছে পঞ্চগড় জেলা পুলিশ। এই ব্যাখ্যাটি ‘পুলিশ মিডিয়া, পঞ্চগড়’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ‘জেলা পুলিশ, পঞ্চগড়’ ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, দেবীগঞ্জ থানার দণ্ডপাল ইউনিয়নের হাকিমপুর সন্ন্যাসীর ডাঙ্গা গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে মাসুদ রানার (৪৬) বাড়িতে কয়েকজন ব্যক্তি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার ও নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠক করছেন। এই তথ্যের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে এসআই হারুন অর রশিদের নেতৃত্বে আট সদস্যের একটি দল বুধবার ভোর চারটায় সেখানে অভিযান চালায়।

পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, তাঁদের উপস্থিতি টের পেয়ে বাড়িতে অবস্থান করা কয়েকজন নারী-পুরুষ দ্রুত পালিয়ে যান। ঠিক সেই মুহূর্তে মাসুদ রানা ও তাঁর পরিবারের সদস্যরা চিৎকার-চেঁচামেচি করে স্থানীয় লোকজন জড়ো করেন। একপর্যায়ে তাঁরা মব সৃষ্টি করে অস্থিতিশীল পরিস্থিতির অবতারণা করেন। পুলিশ আরও দাবি করেছে যে, ওই ব্যক্তি ও তাঁর সহযোগীরা পুলিশের পথরোধ ও ধস্তাধস্তি করে সরকারি কাজে বাধা দেন এবং এই সুযোগে মাসুদ রানা পালিয়ে যেতে সক্ষম হন। খবর পেয়ে দেবীগঞ্জ থানার ওসি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বল প্রয়োগ থেকে বিরত থাকে।

এই ঘটনার বিষয়ে জানতে ইউপি সদস্য মাসুদ রানার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী মুঠোফোনে জানান, তিনি ওই লাইভ ভিডিওটি ফেসবুকে দেখেছেন। তিনি দাবি করেন, ইউপি সদস্য মাসুদ রানার কোনো নির্দিষ্ট দলীয় পরিচয় নেই।

পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘মাসুদ রানা নামের ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক, প্রতারণাসহ পাঁচটি মামলা আছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন যুবলীগের নেতা, সেটার ডকুমেন্ট আমাদের কাছে আছে। এ ঘটনায় সরকারি কাজে বাধাদান ও আসামি পালাতে সহায়তা করার অভিযোগে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’