দারিদ্র্য আর প্রতিকূলতা যাঁদের দমাতে পারে না, সত্যজিৎ চন্দ্র রায় তেমনই এক অদম্য তরুণের নাম। রংপুরের বদরগঞ্জ উপজেলার রামনাথপুর কালীবাড়ী গ্রামের এই কৃতি সন্তান নানা বাধা ও প্রতিবন্ধকতা জয় করে আজ সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছেন। ৪৫তম বিসিএসে (টেকনিক্যাল এডুকেশন) ইনস্ট্রাক্টর (টেক/ইলেকট্রিক্যাল) পদে সুপারিশপ্রাপ্ত হয়ে তিনি সরকারি গেজেটভুক্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হয়েছেন।

তবে সত্যজিতের এই সাফল্যের পথচলা মোটেও সহজ বা মসৃণ ছিল না। তাঁর বাবা ছিলেন একজন সাধারণ মুড়ি বিক্রেতা এবং মা গৃহিণী। মুড়ি বিক্রির সামান্য আয়ে সংসার চালানো যেখানে অত্যন্ত কঠিন ছিল, সেখানে তিন ভাইয়ের পড়াশোনার খরচ জোগানো ছিল এক অসম্ভব লড়াইয়ের মতো। কিন্তু সব প্রতিকূলতাকে জয় করে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত প্রতিটি শ্রেণিতেই প্রথম স্থান অধিকার করেছিলেন সত্যজিৎ।

নিরক্ষর হয়েও শিক্ষার প্রকৃত শক্তি বুঝতে পেরেছিলেন তাঁর বাবা। তাই শত অভাবের মধ্যেও সন্তানদের পড়াশোনার বিষয়ে কড়া নজর রাখতেন তিনি। বাবার সেই দিনগুলোর কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে সত্যজিৎ বলেন, ‘বাবার কঠোর পরিশ্রম ও পড়ালেখার প্রতি আগ্রহ আমাকে সবসময় তাড়িত করত। মনে হতো, বাবার এই ঘামের সঠিক মূল্যায়ন করতেই হবে।’

এই মেধাবী তরুণের পাশে এসে দাঁড়িয়েছিল ‘ব্র্যাক ব্যাংক-মুক্তকণ্ঠ ট্রাস্ট অদম্য মেধাবী’ তহবিল। এই তহবিল থেকে শিক্ষাবৃত্তি পেয়ে তিনি উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন এবং জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার পথ আরও সুগম করতে তাঁকে উচ্চশিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় যুক্ত করা হয়। এর ফলে আর্থিক দুশ্চিন্তা থেকে মুক্তি পেয়ে তিনি পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দিতে সক্ষম হন। এরপর তিনি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে সফলভাবে ভর্তি হন। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর তিনি কর্মজীবনে প্রবেশ করেন এবং পরিবারের দীর্ঘদিনের আর্থিক অনটন দূর করেন।

ইঞ্জিনিয়ারিং শেষ করে কর্মজীবনেও একের পর এক সফলতা অর্জন করেছেন সত্যজিৎ। ২০২২ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন সংস্থায় (এনএসডিএ) সহকারী পরিচালক পদে যোগ দেন। সেখানে চার বছরের বেশি সময় সফলতার সঙ্গে দায়িত্ব পালনের পর চলতি বছরের ৩১ অক্টোবর তিনি পদত্যাগ করেন। এর আগে নৌপরিবহন অধিদপ্তরের অধীন ‘ইজিআইএমএনএস’ প্রকল্পে সহকারী পরিচালক (অপারেশন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বিসিএসে গেজেটভুক্ত হওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে সত্যজিৎ বলেন, ‘পরম সৃষ্টিকর্তার প্রতি অসীম কৃতজ্ঞতা জানাই। বাবা-মা, পরিবার এবং ব্র্যাক ব্যাংক-মুক্তকণ্ঠ ট্রাস্টসহ আমার সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি অন্তহীন ধন্যবাদ, যাঁদের আশীর্বাদে ও সহযোগিতায় আমি আজ এই স্থানে। নতুন কর্মস্থলে যেন অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করতে পারি, সবার কাছে সেই দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করছি।’

সত্যজিৎ চন্দ্র রায়ের এই জীবনসংগ্রাম কেবল একজন যুবকের বিসিএস ক্যাডার হওয়ার গল্প নয়; বরং এটি কঠোর পরিশ্রম, অদম্য জেদ এবং সঠিক সহযোগিতার মাধ্যমে বদলে যাওয়া এক সম্ভাবনাময় জীবনের অনুপ্রেরণামূলক উপাখ্যান।