গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর উড়ালসড়কে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন সদস্য প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে আট বছর বয়সী এক শিশুও রয়েছে।
আজ বুধবার বেলা আড়াইটার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গাজীপুর মহানগরীর দেওয়ালিয়াবাড়ি এলাকার নজরুল হোসেন মোফাজ্জলের ছেলে মামুন হোসেন আশরাফুল (৩০), তাঁর স্ত্রী শিশু আক্তার এবং তাঁদের আট বছর বয়সী পুত্র আরাফাত হোসেন (৮)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে নাওজোর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোরশেদ মুক্তকণ্ঠকে বলেন, “শিশু সন্তানসহ ওই দম্পতি টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। সড়ক দুর্ঘটনায় পুরো পরিবারই শেষ।”
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, তিন সদস্যের এই পরিবারটি একটি মোটরসাইকেলে করে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। সফিপুর বাজারের উড়ালসড়কে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। তবে উড়ালসড়কে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় কোন গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়েছে, তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।