কলকাতা বিমানবন্দর থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজে ছিনতাইয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার সকালে ১০৫ জন যাত্রী বহনকারী বিমানটিতে এই হুমকি পাওয়া যায়। ঘটনার পরপরই দ্রুত পদক্ষেপ নিয়ে উড়োজাহাজটিকে রানওয়ে থেকে সরিয়ে নিরাপদ দূরত্বে অবস্থিত ‘আইসোলেশন বে’-তে নিয়ে যাওয়া হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নাম প্রকাশ না করার শর্তে বিমানবন্দরের একজন পুলিশ কর্মকর্তা জানান, ‘এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে ওই বার্তাটি লেখা হয়েছিল।’

বিমানবন্দরের ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের পাইলট যখন উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই কেবিন ক্রু সদস্যরা শৌচাগারের আয়নায় ছিনতাইয়ের ওই হুমকি দেখতে পান। ধারণা করা হচ্ছে, লিপস্টিক দিয়ে ওই বার্তাটি লেখা হয়েছিল।

নিরাপত্তা বিধি ও প্রটোকল মেনে তাৎক্ষণিকভাবে পুরো বিমানবন্দরে জরুরি সতর্কতা জারি করা হয় এবং উড়োজাহাজটিকে আইসোলেশন বে-তে সরিয়ে নেওয়া হয়। ওই কর্মকর্তা আরও জানান, স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিমানবন্দরে তল্লাশির জন্য নিরাপত্তা বাহিনী, ফায়ার ব্রিগেড কর্মী ও বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের মোতায়েন করা হয়। একই সঙ্গে উড়োজাহাজ থেকে সব যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়।

পরবর্তীতে কর্মকর্তারা জানান, দুপুর দেড়টা পর্যন্ত পুরো উড়োজাহাজে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়, তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। উড়োজাহাজে থাকা যাত্রীদের ব্যক্তিগত মালামাল ও লাগেজগুলোও নিবিড়ভাবে পরীক্ষা করা হয়েছে।

তল্লাশি প্রক্রিয়ার বিষয়ে বিমানবন্দরের একজন কর্মকর্তা বলেন, ‘এ ধরনের ঘটনায় যাত্রীরা উড়োজাহাজে ওঠার আগে ও পরে কোথায় কীভাবে চলাফেরা করেছেন, সে বিষয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি উড়োজাহাজে কোনো কিছু তাঁদের কাছে সন্দেহজনক মনে হয়েছিল কি না, তা-ও জানতে চাওয়া হয়।’

নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ‘আজ বেলা ১০টা ৩৭ মিনিটে কলকাতা-মুম্বাই রুটে চলাচলকারী এয়ার ইন্ডিয়ার এআই ৭৭২ ফ্লাইটের (উড়োজাহাজ এ৩২০) শৌচাগারের ভেতর কেবিন ক্রুরা একটি ছিনতাইয়ের চিরকুট বা বার্তা খুঁজে পান। প্রটোকল অনুযায়ী সংশ্লিষ্ট সংস্থাগুলো বর্তমানে প্রয়োজনীয় সব ধরনের যাচাই ও তল্লাশি কার্যক্রম চালাচ্ছে।’