নিতেশ তিওয়ারির নির্দেশনায় নির্মিত ‘রামায়ণ: পার্ট ১’ চলচ্চিত্রে রামের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন রণবীর কাপুর। তবে লঙ্কাপতি রাবণের চরিত্রে অভিনয় করে দর্শকদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছেন দক্ষিণ ভারতীয় তারকা যশ। বিশেষ করে এই ছবিতে তাঁর রূপসজ্জা এবং পোশাকের শৈলী নিয়ে শুরু থেকেই ব্যাপক আলোচনা চলছে। সম্প্রতি ছবির পোশাক পরিকল্পক ও ডিজাইনার সানিয়া রাবণের পোশাক ও অলংকার তৈরির পেছনের নানা অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জের কথা জানিয়েছেন।
একটি সাক্ষাৎকারে সানিয়া জানান, রাবণের চরিত্রে অভিনয়ের জন্য যশকে সর্বোচ্চ ৩৩ কেজি ওজনের পোশাক পরতে হয়েছে। এই ওজনের মধ্যে পোশাকের পাশাপাশি বিভিন্ন অলংকার এবং নকশার অন্যান্য উপকরণ অন্তর্ভুক্ত ছিল। শুধু রাবণের মুকুটের ওজনই ছিল ২ কেজি।
সানিয়া আরও উল্লেখ করেন যে, যশের রাবণ-রূপ ফুটিয়ে তুলতে গিয়ে তাঁদের বেশ কিছু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। এত ভারী পোশাক পরিহিত অবস্থায় শুটিং করা যশের জন্য মোটেও সহজ ছিল না। তবে এত শারীরিক কষ্টের মধ্যেও সেটে সব সময় হাসিখুশি পরিবেশ বজায় রাখতেন এই অভিনেতা।
পোশাকের ওজনের বিস্তারিত বিবরণ দিতে গিয়ে সানিয়া জানান, অলংকারসহ যশের বেশির ভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজির মধ্যে। তবে কিছু বিশেষ পোশাক ছিল আরও বেশি ভারী। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল লঙ্কার সঙ্গে সম্পর্কিত রাবণের একটি বিশেষ সাজ, রাবণের বিয়ের পোশাক এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানে পরা পোশাক। এই বিশেষ পোশাকগুলোর ওজন ছিল প্রায় ৩০ থেকে ৩৩ কেজি।
সাজসজ্জার ক্ষেত্রে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল মুকুট তৈরি করা। সানিয়ার কথায়, “মাথায় মুকুট পরাই ছিল সবচেয়ে কঠিন কাজ। কারণ, মাথায় সামান্য ওজন থাকলেও তা অনেক ভারী ও অস্বস্তিকর মনে হয়।” এই সমস্যা সমাধানে তাঁরা নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। প্রথমে থ্রিডি প্রযুক্তির সাহায্যে মুকুটের একাধিক নকশা তৈরি করা হয় এবং পরবর্তীতে চূড়ান্ত নকশাটি বেছে নেওয়া হয়।
মুকুটের ওজন কমানোর সর্বোচ্চ চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত এর ওজন ১ কেজি ৮০০-এর নিচে নামানো সম্ভব হয়নি। ডিজাইনারদের মতে, এটাই ছিল সবচেয়ে উপযুক্ত ওজন, যদিও তা যথেষ্ট ভারী ছিল। তবে যশের মুখের অভিব্যক্তিতে সেই কষ্টের কোনো ছাপ প্রকাশ পেত না।
সানিয়া আরও বলেন, “কাজটি মোটেও সহজ ছিল না।” শুটিংয়ের বিরতির সময় যশ পোশাকের কিছু অংশ খুলে রাখতেন। শুধু ওজনই সমস্যা ছিল না, পোশাকের প্রতিটি অংশ একে অপরের সঙ্গে ঠিকভাবে মানানসই হচ্ছে কি না, সেটিও তদারকি করতে হতো ডিজাইনারদের। মুকুট পরে মাথা নাড়ানো কিংবা বুকের বর্ম ও কাঁধের ভারী কাঠামো থাকা অবস্থায় হাত নাড়াচাড়া করাও ছিল অত্যন্ত কষ্টসাধ্য।
এত প্রতিকূলতার পরও যশকে একই দৃশ্যের জন্য একাধিকবার শট দিতে হয়েছে। প্রতিটি অঙ্গভঙ্গি ও নড়াচড়াকে স্বাভাবিক দেখানোর চ্যালেঞ্জও ছিল তাঁর সামনে। সানিয়া জানান, পোশাক যতটা সম্ভব আরামদায়ক করার চেষ্টা করেছিলেন তাঁরা, কিন্তু সামগ্রিক প্রক্রিয়াটি ছিল তাঁদের জন্য এক বড় চ্যালেঞ্জ।
নমিত মালহোত্রা প্রযোজিত ‘রামায়ণ’ বর্তমানে বক্স অফিসে দারুণ গতিতে ছুটছে। মুক্তির প্রথম পাঁচ দিনে ছবিটি বিশ্বজুড়ে প্রায় ৬৬৪ কোটি আয় করেছে। আর ভারতীয় বক্স অফিস থেকে ‘রামায়ণ’ ব্যবসা করেছে ৪১৩ কোটি ৯০ লাখ রুপি। রণবীর কাপুর ও যশ ছাড়াও ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী, রবি দুবে, লারা দত্ত, বিবেক ওবেরয়, রাকুল প্রীত সিং, কুণাল কাপুর, কাজল আগরওতালসহ আরও অনেকে।