হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের (হিপা) সর্বোচ্চ সম্মাননা বা গ্র্যান্ড পুরস্কার জিতে নিলেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান। এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবার কোনো বাংলাদেশি আলোকচিত্রী এই সর্বোচ্চ পুরস্কারটি অর্জন করলেন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই কেন্দ্রিক এই প্রতিযোগিতার ১৫তম আসরে ‘ফ্যামিলি’ (পরিবার) থিমের আওতায় এই অনন্য সাফল্য অর্জন করেছেন তিনি।
মঙ্গলবার দুবাই স্থানীয় সময় রাত আটটায় দুবাই ফিউচার মিউজিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। পিনু রহমানের ‘আন্ডার দ্য সেম স্কাই’ শিরোনামের আলোকচিত্রটি বিচারকদের মন জয় করে গ্র্যান্ড পুরস্কার ছিনিয়ে নেয়। এই বিশেষ ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া কড়াইল বস্তির একটি ঘরে খোলা আকাশের নিচে ঘুমিয়ে আছেন একটি পরিবারের পাঁচ সদস্য। ঘরবাড়ি, সম্পদ কিংবা আশ্রয় হারিয়ে ফেলার চরম সংকটের মাঝেও পরিবারের সদস্যদের মধ্যকার অটুট বন্ধন ও ভালোবাসার এক মানবিক বার্তা ফুটিয়ে তুলেছেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে এই অভাবনীয় স্বীকৃতিতে উচ্ছ্বসিত পিনু রহমান। অনুভূতি ব্যক্ত করে তিনি বলেন, ‘বরাবরই আমি মানুষের গল্প বলতে ভালোবাসি। আন্তর্জাতিক এই বৃহৎ মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি পুরস্কার অর্জন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই অর্জন আমার ভিজ্যুয়াল জার্নি এবং আলোকচিত্রের মাধ্যমে গল্প বলার দায়বদ্ধতাকে আরও বাড়িয়ে দিয়েছে।’
আলোকচিত্রের পাশাপাশি পেশাগত জীবনেও সফল পিনু রহমান বর্তমানে রূপালী ব্যাংকের সাইবার সিকিউরিটি বিভাগে সহকারী মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। পিরোজপুরে তাঁর জন্ম ও বেড়ে ওঠা। উচ্চশিক্ষার জন্য তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন।
সাধারণত ‘ফ্যামিলি’ বা পরিবার বলতে মানুষের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা ও একসঙ্গে পথচলার গল্পকে বোঝানো হয়। তবে এবারের প্রতিযোগিতায় পরিবারের এই ধারণাকে আরও বিস্তৃতভাবে দেখার আহ্বান জানিয়েছিল হিপা কর্তৃপক্ষ। ফলে মানুষের পাশাপাশি উদ্ভিদজগৎ, খনিজ পদার্থের গঠন কিংবা সময়ের পরিক্রমায় তৈরি বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সংযোগ ও একাত্মতার গল্প খুঁজে দেখার সুযোগ ছিল এবারের মূল থিমে।
চলতি বছর আন্তর্জাতিক আলোকচিত্র অঙ্গনে পিনু রহমানের সাফল্যের ধারা অব্যাহত ছিল। তিনি সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ডস ২০২৬-এ বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড জয় করেছেন। এছাড়া ইতালির সিয়েনা ক্রিয়েটিভ ফটো অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘দ্য গোল্ডেন বার্ডেন’ শিরোনামের ছবির জন্য প্রথম পুরস্কার পান তিনি, যেখানে মাথায় পাটের বোঝা নিয়ে কাজ করা এক বৃদ্ধ পাটশ্রমিকের ছবি প্রদর্শিত হয়েছে। একই আসরে সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডসে ‘ব্যাড মর্নিং ইন আ বার্নড ভ্যালি’ শীর্ষক আলোকচিত্রের জন্য ‘হাইলি কমেন্ডেড’ স্বীকৃতিও পেয়েছেন তিনি।
হামদান আন্তর্জাতিক আলোকচিত্র পুরস্কারের এবারের আসরে মূল থিম ‘ফ্যামিলি’র পাশাপাশি আরও চারটি বিভাগ ছিল। সেগুলো হলো স্পোর্টস ফটোগ্রাফি, পোর্টফোলিও (স্টোরি-টেলিং), জেনারেল এবং নতুন সংযোজন ‘ড্রিমস থ্রু এআই’।
উল্লেখ্য যে, হিপার ১৪তম আসরের মূল থিম ছিল ‘পাওয়ার’ বা শক্তি। সেই আসরে ইতালির আলোকচিত্রী জানলুকা জানফেরারি সিসিলি দ্বীপের এননা অঞ্চলের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ছবি তুলে গ্র্যান্ড পুরস্কার জিতেছিলেন।
এর আগে ২০১৭ সালে হিপার অষ্টম আসরে ‘দ্য মোমেন্ট’ থিমে প্রথম পুরস্কার পেয়েছিলেন বাংলাদেশের আলোকচিত্রী কে এম আসাদ। এছাড়া বিভিন্ন বছর প্রতিযোগিতার অন্যান্য বিভাগ ও বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন আরও ১৩ জন বাংলাদেশি আলোকচিত্রী। পিনু রহমানের এই সাম্প্রতিক অর্জনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আলোকচিত্রের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আবারও গৌরবের সাথে স্বীকৃতি পেল বাংলাদেশ।