একটি শিশুর জীবনে ফুটবলের আগমন কীভাবে ঘটে? কারো ক্ষেত্রে তা হয় বাবার হাত ধরে, কারো জন্য পাড়ার খেলার মাঠ হয়ে ওঠে অনুপ্রেরণা। আবার কেউ কেউ টেলিভিশনে মেসি বা ম্যারাডোনার জাদু দেখে ফুটবলের প্রেমে পড়েন। তবে স্টেফান অস্কার ‘কিকি’ রামোসের জীবনে ফুটবলের পথচলা ছিল একেবারেই ভিন্ন। তাঁর এই যাত্রা শুরু হয়েছিল এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের ধ্বংসস্তূপের মধ্য দিয়ে।
ঘটনাটি ২০১০ সালের ১২ জানুয়ারির। হাইতির মাটি কেঁপে উঠেছিল ৭ মাত্রার এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে। সেই ভয়াবহ দুর্যোগে প্রাণ হারিয়েছিলেন দুই লাখেরও বেশি মানুষ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে। পুরো শহরজুড়ে তখন শুধুই ধ্বংসাবশেষ, স্বজন হারানোর আর্তনাদ আর বেঁচে থাকার তীব্র লড়াই। সেই চরম বিপর্যয়ের সময়েই একটি অনাথ আশ্রমে বেঁচে যাওয়া শিশুদের একজন ছিলেন কিকি রামোস। তখন তাঁর বয়স ছিল মাত্র ৮-৯ মাস। ভাগ্যের এক অদ্ভুত পরিহাসের মতো, ভূমিকম্পের আগেই একটি আর্জেন্টাইন পরিবার তাঁকে দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল। বিপর্যয়ের সেই চরম মুহূর্তেও প্রয়োজনীয় কাগজপত্র অক্ষত ছিল। ফলে শিশুটির সামনে খুলে যায় এক নতুন জীবনের দুয়ার। হাইতির পোর্ট-অ-প্রিন্স ছেড়ে তাঁর নতুন ঠিকানা হয় আর্জেন্টিনায়।
এরপরের জীবনটি ছিল অন্য যেকোনো আর্জেন্টাইন কিশোরের মতোই। মাত্র ছয় বছর বয়সে তিনি ভর্তি হন ভেলেজ সার্সফিল্ডের বয়সভিত্তিক দলে। বল পায়ে স্বপ্ন বুনতে শুরু করেন তিনি। ধীরে ধীরে বয়সভিত্তিক ফুটবলের সিঁড়ি বেয়ে উপরে উঠে আসেন। আর সেই ছেলেটিই এখন ফুটবল বিশ্বের আলোচনায়। ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। তবে সেখানে আর্জেন্টিনার হয়ে নয়, কিকি রামোস খেলবেন হাইতির হয়ে। জন্মভূমির আহ্বানে সাড়া দিয়েছেন রামোস। যদিও তিনি আর্জেন্টিনার বয়সভিত্তিক দলে প্রীতি ম্যাচ খেলেছেন, তবে শেষ পর্যন্ত হাইতিকেই বেছে নিয়েছেন তিনি। এই বিশ্বকাপে অংশ নেওয়ার প্রস্তুতি হিসেবে তিনি ব্রাজিলে হাইতির দলের অনুশীলন ক্যাম্পেও যোগ দিয়েছেন।
আর্জেন্টিনার জন্য তাঁর এই সিদ্ধান্তটি বেশ বিস্ময়কর হিসেবে দেখা দিয়েছে। গত জুলাইয়ের শেষ দিকে ইকুয়েডরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলেছিলেন রামোস। প্রথম ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমে তাঁর অভিষেক ঘটে। আর দ্বিতীয় ম্যাচে তিনি নিজের জাত চিনিয়েছেন। আতালান্তার লেওন কোলবোভস্কি স্টেডিয়ামে প্রথমার্ধে পিছিয়ে থাকা আর্জেন্টিনাকে সমতায় ফেরানো গোলটি ছিল রামোসের। তখন মনে হয়েছিল, শুধু বয়সভিত্তিক দল নয়, আর্জেন্টিনার জাতীয় দলের গন্তব্য হতে যাচ্ছে তিনি। সেক্ষেত্রে আর্জেন্টিনার হয়ে একজন কৃষ্ণাঙ্গ ফুটবলারকে খেলতে দেখার এক বিরল অভিজ্ঞতাও হতো ফুটবল প্রেমীদের।
কিন্তু রামোস ভেবেছেন ভিন্ন কিছু। যে দেশের ভাষায় তিনি কথা বলেন, যে দেশের রাস্তায় তাঁর শৈশব কেটেছে এবং যে দেশের ফুটবল সংস্কৃতিতে তিনি নিজেকে গড়ে তুলেছেন, সেই দেশের জার্সি ছেড়ে তিনি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জন্মভূমির হয়ে। সম্ভবত শিকড়ের প্রতি এক গভীর টানই তাঁকে এই সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে।
এখন তাঁর সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। কাতারে হাইতির হয়ে তাঁকে খেলতে হবে ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ের বিপক্ষে। অন্যদিকে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে থাকছে অস্ট্রেলিয়া, মোজাম্বিক ও ডেনমার্ক। তবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে খেলার দরজা তাঁর জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না। হাইতির জাতীয় দলের হয়ে তিনটি অফিশিয়াল ম্যাচ না খেলা পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ তাঁর থাকবে।
ফুটবলে জাতীয় দলের জার্সি অনেক সময় প্রতিভার স্বীকৃতি হিসেবে গণ্য হয়, আবার কখনো তা হয়ে ওঠে শিকড়ের কাছে ফিরে যাওয়ার মাধ্যম। কিকি রামোসের কাছে হাইতির জার্সি হয়তো তেমনই একটি অনুভূতি। যে দেশ তাঁকে পৃথিবীর আলো দেখিয়েছে, এবার সেই দেশের হয়েই বিশ্বমঞ্চে আলো ছড়ানোর পালা তাঁর।