মুক্তকণ্ঠের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ আয়োজন হিসেবে কর্মীরা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন। জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া ঘটনা, প্রিয়জনের প্রতি হৃদয়ের টান কিংবা হঠাৎ পাওয়া সুখের মুহূর্তগুলো ফুটে উঠেছে এসব লেখায়। পাঠকদের জন্য নির্বাচিত সেই বিশেষ লেখাগুলো প্রকাশ করা হচ্ছে।

পৃথিবীতে সব সম্পর্কেরই নির্দিষ্ট কোনো নাম থাকে না। জীবনের পথচলায় আমরা নানা ধরনের সম্পর্কের মুখোমুখি হই। কিছু সম্পর্ক রক্তের, কিছু ভালোবাসার, আবার কিছু আত্মীয়তার। তবে এমন কিছু সম্পর্কও থাকে যাদের কোনো পরিচিতি বা সংজ্ঞা নেই। কখন এবং কীভাবে একজন সম্পূর্ণ অপরিচিত মানুষ আমাদের জীবনের এত আপন হয়ে ওঠে, তা আমরা নিজেরাও অনেক সময় বুঝতে পারি না।

আজ তেমনই এক সম্পর্কের কথা বলব। এক অদ্ভুত মায়ায় জড়িয়ে পড়ার গল্প, যার শুরুটা ছিল অনিচ্ছায়, কিন্তু শেষটা হয়ে দাঁড়িয়েছে বুকের ভেতর জমে থাকা এক অদৃশ্য কান্নায়।

আমাদের একটি মধ্যবিত্ত সংসার। তিন সন্তান, তাদের স্কুল-পড়াশোনা আর দৈনন্দিন হাজারো ব্যস্ততা। এই সব সামলাতে একজন গৃহসহায়িকার ওপর আমাদের নির্ভরতা অনেক বেশি। প্রতিবছর ঈদের ছুটির পর আমাদের পরিবারে যেন একই সংকট দেখা দেয়। গৃহসহায়িকারা ছুটিতে গিয়ে ফেরার কথা দিলেও আর ফিরে আসেন না। ফলে নতুন কাউকে খোঁজার দুশ্চিন্তা শুরু হয়।

ঠিক তেমনই এক সময়ে স্ত্রীর গ্রামের পরিচিত একজনের মাধ্যমে এক বিধবা তরুণীর কথা জানা গেল। তিনি কাজ করতে রাজি ছিলেন, তবে তাঁর একটি শর্ত ছিল। তাঁর দুই বছর বয়সী মেয়েটিকেও তাঁর সঙ্গে রাখতে হবে।

শুরুতে আমি এই প্রস্তাবে রাজি হইনি। তিন সন্তান নিয়ে আমাদের সংসার এমনিতেই বেশ ব্যস্ত। তার ওপর এত ছোট একটি শিশু! কান্নাকাটি, খেলাধুলা কিংবা ঘরের জিনিসপত্র নষ্ট করার কথা ভেবেই আমার মাথায় অনেক চিন্তা এল।

স্ত্রী তখন শান্ত স্বরে বললেন, ‘মেয়েটা বিধবা। ছোট বাচ্চা নিয়ে কোথায় যাবে বলো? আমাদের এখানে থাকলে ওদেরও একটু উপকার হবে।’

আমি উত্তরে বললাম, ‘তুমি যদি সব সামলাতে পারো, আমার আপত্তি নেই। তবে বাচ্চাটা যেন খুব বেশি ঝামেলা না করে।’

সেদিন আমি জানতাম না, যাকে আমি কেবল ‘ঝামেলা’ ভেবে ঘরে আনতে দ্বিধা করছিলাম, একদিন তার চলে যাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে।

এরপর মা ও মেয়ে আমাদের বাসায় এল। প্রথম কয়েক দিন শিশুটিকে খুব একটা দেখা যেত না। হয়তো তার মা তাকে আড়ালে রাখতেন, অথবা অপরিচিত পরিবেশের ভয়ে শিশুটি সামনে আসত না। একদিন হঠাৎ আমাদের চোখাচোখি হলো। গোলগাল মুখ আর মায়াভরা দুটি চোখ নিয়ে ছোট্ট মেয়েটি আমার দিকে তাকিয়ে ছিল। তার চোখেমুখে ছিল ভয় আর কৌতূহলের এক অদ্ভুত মিশ্রণ। সে যেন বোঝার চেষ্টা করছিল, এই মানুষটি কেমন।

ওর নাম চাঁদনী।

মাত্র দুই বছর বয়সে বাবাহারা এই মেয়েটা তখনো জানে না, জীবনের কত বড় একটি আশ্রয় সে হারিয়েছে। ওর চোখের দিকে তাকিয়ে হঠাৎ বুকের কোথায় যেন একটা টান অনুভব করলাম। নিজের সন্তানদের কথা মনে পড়ল। মনে হলো, এতটুকু একটি শিশুর পৃথিবীটা কতটা অনিশ্চিত!

আমি হাত বাড়িয়ে জিজ্ঞেস করলাম, ‘আসবে কোলে?’

অবাক করে দিয়ে চাঁদনী আমার কোলে এল। সামান্য আদর করতেই তার ছোট্ট মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। তারপর একদিন শুনলাম, ও আমাকে ডাকছে, ‘মামা!’

কী আশ্চর্য! মাত্র দুটি অক্ষরের একটি ডাক, অথচ সেই ডাকের ভেতর কী এক জাদু ছিল! মনে হলো আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য সেতু তৈরি হয়ে গেল।

ধীরে ধীরে চাঁদনী আমার প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। অফিস থেকে ফেরার পথে কখনো তার জন্য চকলেট, কখনো খেলনা, আবার কখনো ছোট্ট জামা নিয়ে আসতাম। বাসার কলবেল বাজলেই আমার সন্তানদের সঙ্গে চাঁদনীও দৌড়ে আসত এবং চিৎকার করে বলত, ‘মামা আসছে! মামা আসছে!’

সারা দিনের সব ক্লান্তি যেন ওই এক টুকরো উচ্ছ্বাসে মিলিয়ে যেত। তবে এই ভালোবাসার মাঝে একটি ছোট সমস্যা দেখা দিল। আমার সন্তানদের মনে কিছুটা অভিমান জমতে শুরু করল। একদিন বড় ছেলে তার বোনকে বলল, ‘বাবা মনে হয় আমাদের চেয়ে চাঁদনীকেই বেশি ভালোবাসে!’

কথাটি শুনে আমি বুঝলাম, ভালোবাসার প্রকাশেও ভারসাম্য রাখা প্রয়োজন। এরপর থেকে কিছু আনলে চারজনের জন্যই আনতাম। কখনো বড় মেয়ের হাতে দিয়ে বলতাম সবাইকে ভাগ করে দিতে। এভাবে চাঁদনী হয়ে উঠল ওদের খেলার সঙ্গী এবং আমাদের পরিবারেরই একজন সদস্য।

শুক্রবারগুলো ছিল একটু ভিন্ন। জুমার নামাজে যাওয়ার সময় আমার ছেলেদের সঙ্গে চাঁদনীকেও সুন্দর পাঞ্জাবি পরিয়ে নিয়ে যেতাম। নামাজ শেষে ফেরার পথে দোকান থেকে ওদের পছন্দের জিনিস কিনে দিতাম। চাঁদনীর সেই ছোট্ট আনন্দটুকু দেখলেই আমার মন ভরে যেত।

ওর একটি অদ্ভুত প্রিয় খাবার ছিল—শর্ষের তেল মাখানো মুড়ি। খিদে পেলেই সে নিজের মতো করে মুড়ি খেত। আর মুড়ি শেষ হয়ে গেলে মাকে নিশ্চিন্তে বলত, ‘মামা আইন্না দিব আমার মুড়ি।’

কী গভীর বিশ্বাস ছিল তার! চাঁদনী যেন ধরে নিয়েছিল, তার মামা আছে, তাই কোনো কিছুর অভাব হবে না। শুধু আমিই যে তাকে ভালোবাসতাম তা নয়, চাঁদনীও আমাকে ভালোবাসত তার সব শিশুসুলভ সরলতা দিয়ে। আমি গোসল করতে গেলে সে কাপড় এগিয়ে দেওয়ার চেষ্টা করত। কোথাও ব্যথা পেয়েছি শুনলে ওষুধ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ত। সকালে হকার যখন পত্রিকা দিয়ে যেত, সে কাউকে ধরতে দিত না।

সে বলত, ‘মামার মুক্তকণ্ঠ!’

ঘুম ভাঙলে ছোট্ট হাতে পত্রিকাটা এনে বলত, ‘মামা, তোমার মুক্তকণ্ঠ।’

আমাদের একটি মজার খেলা ছিল। আমি গাল বাড়িয়ে বলতাম, ‘মারো তো দেখি!’

চাঁদনী কখনো আমাকে মারত না। অন্য কেউ গাল বাড়ালে ঠিকই ছোট্ট হাতে চড় বসিয়ে দিত। অথচ আমাকে বলত, ‘ভাল্লাগে না!’ আমাকে মারতে। তার এই ছোট ছোট আচরণ আমাকে অদ্ভুত এক আনন্দ দিত। বুঝতে পারতাম, মেয়েটি আমাকে শুধু ভালোবাসে না, গভীরভাবে বিশ্বাসও করে।

একদিন আমি তার মাকে বললাম, ‘চাঁদনীর পড়াশোনার দায়িত্ব আমি নিতে চাই। তুই তোর মতো জীবন গুছিয়ে নে। যত দিন পারি, আমরা ওর পাশে থাকব।’

সেদিন চাঁদনীর মায়ের উত্তর শুনে আমি থমকে গেলাম। চাঁদনীর মা বললেন, ‘নিজের জীবন গেলেও মেয়ের দায়িত্ব কাউকে দেব না।’

কথাটি শুনে বুঝলাম, অভাব মানুষকে অনেক কিছু থেকে বঞ্চিত করতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা থেকে নয়। আমি চাঁদনীকে যতই ভালোবাসি, তার মায়ের কাছে সে পুরো পৃথিবী।

একদিন চাঁদনীর জ্বর এল। সাধারণ জ্বর হওয়া সত্ত্বেও আমার অস্থিরতার শেষ ছিল না। সে ওষুধ খেতে চাইত না, কিছু খেতেও চাইত না। আমি বারবার খোঁজ নিচ্ছিলাম জ্বর কমল কি না। নিজের সন্তানের অসুখে যেমন বুকের ভেতর দুশ্চিন্তা জমে, চাঁদনীর জন্যও ঠিক তেমনই অনুভব করলাম। সেদিন বুঝলাম, চাঁদনী আর আমাদের বাসায় থাকা একজন গৃহসহায়িকার সন্তান নয়; অজান্তেই মেয়েটি আমার হৃদয়ের একটি অংশ হয়ে গেছে।

এভাবেই দিন কাটছিল। হঠাৎ একদিন শুনলাম, চাঁদনীরা গ্রামে যাবে। তার দাদা-দাদি তাকে দেখতে চেয়েছেন, তাই কিছুদিনের জন্য মায়ের সঙ্গে বাড়ি ফিরবে সে। কথাটি শোনার পর থেকেই মনটা অদ্ভুত খারাপ হয়ে রইল। নিজেকে বোঝানোর চেষ্টা করলাম যে, এতে আর এমন কী! সে নিজের বাড়ি যাচ্ছে, হয়তো আবার ফিরে আসবে। কিন্তু মন কি আর সব যুক্তি বোঝে?

যাওয়ার দিন যত এগিয়ে এল, বুকের ভেতর ততই এক অজানা শূন্যতা জমতে লাগল। তবে কাউকে কিছু বুঝতে দিলাম না। আমি সাধারণত আবেগ প্রকাশ করি, কিন্তু সেদিন নিজের আবেগটুকু আড়াল করতে চাইলাম।

অবশেষে বিদায়ের দিন এল। চাঁদনীর প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে দিলাম। হাতে কিছু টাকা দিয়ে বললাম, ‘যা লাগবে, মামাকে বলবি। ঠিক আছে?’

সে হয়তো বুঝতেই পারছিল না আমার ভেতরে তখন কী চলছে। বিদায়ের সময় তার ছোট্ট মুখটার দিকে তাকিয়ে মনে হলো, আমার ঘরের আলোটা যেন একটু একটু করে নিভে যাচ্ছে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। দ্রুত বিদায় জানিয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করলাম।

বুকের ভেতর কান্না জমে ছিল, অথচ কাঁদতে পারছিলাম না। শুধু মনে হচ্ছিল, খুব আপন কেউ যেন চলে গেল। যে শিশুটিকে একদিন ঘরে আনতে চাইনি, আজ সেই শিশুর চলে যাওয়ায় ঘরটা কেমন ফাঁকা লাগছে!

কত অদ্ভুত মানুষের মন! চাঁদনীর সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। সমাজের হিসাবে সে আমাদের গৃহসহায়িকার মেয়ে। অথচ আমার কাছে সে হয়ে উঠেছিল আরেকটি সন্তানের মতো, আমার প্রতিদিনের আনন্দের একটি অংশ। আজ বুঝি, সব সম্পর্ক জন্মের সঙ্গে তৈরি হয় না। কিছু সম্পর্ক জন্ম নেয় যত্নে, বিশ্বাসে আর নিঃস্বার্থ ভালোবাসায়।

চাঁদনী আমাকে শিখিয়েছে, আপন হতে রক্তের সম্পর্ক লাগে না; লাগে শুধু মনের ভেতর একটু জায়গা। জানি না, চাঁদনী বড় হয়ে এই দিনগুলোর কতটুকু মনে রাখবে। হয়তো একদিন ভুলে যাবে আমার কিনে দেওয়া খেলনা, শর্ষের তেল মাখানো মুড়ি কিংবা কলবেলের শব্দে ছুটে আসার সেই আনন্দ। হয়তো মনে থাকবে শুধু একটি ডাক, ‘মামা’।

কিন্তু আমি জানি, কোনো এক ক্লান্ত বিকেলে বাসার কলবেল বেজে উঠলে আজও আমার মনে হবে, ছোট্ট দুটি পা দৌড়ে আসছে। আর কেউ একজন আনন্দে চিৎকার করে বলছে—

‘মামা আসছে! মামা আসছে!’

পৃথিবীতে কিছু মানুষ আমাদের জীবনে আসে থাকার জন্য নয়, ভালোবাসার অর্থটা নতুন করে শিখিয়ে দেওয়ার জন্য। চাঁদনীও তেমন একজন। সে আমার রক্তের কেউ নয়, তবু আমার হৃদয়ের খুব আপন। কারণ, সব আপনজনের সঙ্গে রক্তের সম্পর্ক থাকে না। কিছু সম্পর্কের নাম থাকে না, শুধু মায়া থাকে।