ব্রিটিশ সংগীত জগতের কিংবদন্তি এবং বিটলস ব্যান্ডের সাবেক সদস্য পল ম্যাককার্টনি বর্তমানে বিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী। গানের রয়্যালটি, সংগীতের স্বত্বাধিকার, বিশ্বব্যাপী কনসার্ট এবং আবাসন খাতের বিচক্ষণ বিনিয়োগের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এক বিশাল সাম্রাজ্য। ফোর্বসের সাম্প্রতিক হিসাব অনুযায়ী, ৮৪ বছর বয়সী এই শিল্পীর মোট সম্পদের পরিমাণ অন্তত ১৪০ কোটি ডলার। বর্তমানে বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী সংগীতশিল্পীর তালিকায় তাঁর নাম রয়েছে। তাঁর উপরে অবস্থান করছেন মার্কিন সংগীতশিল্পী জে-জেড এবং টেইলর সুইফট।
লিভারপুলের একটি শ্রমজীবী পরিবারে পল ম্যাককার্টনির শৈশব কাটে। ছোটবেলা থেকেই অর্থ উপার্জনের প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল। যুদ্ধবিধ্বস্ত শহরের কঠিন বাস্তবতায় পরিবারের আর্থিক টানাপোড়েন দেখে তিনি খুব অল্প বয়সেই সিদ্ধান্ত নিয়েছিলেন যে, তিনি আর্থিকভাবে স্বাবলম্বী হবেন। সেই লক্ষ্যেই তিনি গান লেখা এবং সংগীতের জগতে প্রবেশ করেন। তবে ১৯৬০-এর দশকে বিটলস বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা পেলেও, শুরুর দিকে গানের বাণিজ্যিক সাফল্যের ন্যায্য অংশ পাননি তিনি।
তৎকালীন বিটলসের চুক্তি অনুযায়ী, প্রতিটি অ্যালবাম বিক্রির বিপরীতে ব্যান্ডের সদস্যদের আয় ছিল এক পেনিরও কম। অন্যদিকে, তাঁদের লেখা গানের কথা ও সুরের স্বত্ব নিয়ন্ত্রণ করতেন প্রকাশক ডিক জেমস। ফলে ব্যান্ডটি যত বেশি জনপ্রিয় হচ্ছিল, সদস্যদের ব্যক্তিগত আয় সে অনুপাতে বাড়ছিল না।
এই প্রতিকূল পরিস্থিতি পরিবর্তনের উদ্যোগ নেন ১৯৬৯ সালে। বিটলস ভেঙে যাওয়ার মাত্র কয়েক মাস আগে পল ম্যাককার্টনি নিজস্ব সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান 'এমপিএল কমিউনিকেশনস' প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি তাঁর একক সংগীতজীবনের গান এবং মূল রেকর্ডিংয়ের স্বত্বের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে আসেন। এর ফলে ভবিষ্যতে গানের রয়্যালটি থেকে সর্বোচ্চ আয় নিশ্চিত করা সম্ভব হয় তাঁর জন্য।
এরপর তিনি অন্য শিল্পীদের গানের স্বত্ব কেনার দিকে মনোনিবেশ করেন। ১৯৬০-এর দশকের রক সংগীতশিল্পী বাডি হলির গানের স্বত্ব কেনার পাশাপাশি ব্রডওয়ের সংগীতনাট্যের গান এবং জনপ্রিয় ক্রিসমাস সংগুলোর স্বত্বও সংগ্রহ করেন তিনি। সংগীতের স্বত্ব কেনাবেচার বাজার যখন বিশ্বজুড়ে বড় হয়ে ওঠেনি, তার অনেক আগেই এই ব্যবসায় বিনিয়োগ শুরু করেছিলেন ম্যাককার্টনি।
বর্তমানে এমপিএল কমিউনিকেশনসের মালিকানায় হাজার হাজার গানের সংগ্রহ রয়েছে। ফোর্বসের অনুমান অনুযায়ী, এসব থেকে বছরে কয়েক কোটি ডলার আয় হয়। প্রতিষ্ঠানটির বর্তমান বাজারমূল্য অন্তত ২৫ কোটি ডলার। গান ও সংগীতের স্বত্ব থেকে আসা রয়্যালটিই এখন ম্যাককার্টনির আয়ের প্রধান উৎস। তবে ফোর্বসের এই হিসাবের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিটলসের প্রতিষ্ঠান 'অ্যাপল কর্পস' থেকেও বড় অঙ্কের অর্থ আয় করেন ম্যাককার্টনি। সংগীত স্ট্রিমিং, ভিনাইল রেকর্ড বিক্রি এবং বিটলসের বিভিন্ন পণ্য বিপণনের মাধ্যমে প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ৫ কোটি ডলার ছাড়িয়ে যায়। এই আয়ের ২৫ শতাংশ করে পান পল ম্যাককার্টনি, রিঙ্গো স্টার এবং প্রয়াত জন লেনন ও জর্জ হ্যারিসনের উত্তরাধিকারীরা। ফোর্বসের হিসাবে, অর্থের অঙ্কে এই পরিমাণ ১৫ কোটি ডলারের বেশি।
বিটলসের গান লেখার স্বত্ব থেকেও মোটা অঙ্কের আয় করেন তিনি। বিশেষ করে জন লেননের সঙ্গে লেখা গানগুলোর যুক্তরাষ্ট্রের স্বত্ব ফিরে পেতে দীর্ঘ লড়াই করেছেন ম্যাককার্টনি। এজন্য তাঁকে আইনি লড়াইয়ের পাশাপাশি বিভিন্ন পক্ষের সঙ্গে দীর্ঘ দর-কষাকষি করতে হয়েছে। বর্তমানে এসব গানের স্বত্ব থেকে বছরে অন্তত এক কোটি ডলার আয় করেন তিনি। ফোর্বসের হিসাবে, এই স্বত্বের মোট মূল্য প্রায় ২০ কোটি ডলার।
সংগীতের পাশাপাশি বিশ্বজুড়ে তাঁর কনসার্ট সফর থেকে কয়েক শ কোটি ডলারের টিকিট বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। এছাড়া যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের হ্যাম্পটন এলাকায় তাঁর একাধিক মূল্যবান সম্পদ রয়েছে। ব্যক্তিগত শিল্পকর্মের সংগ্রহে তাঁর পাবলো পিকাসো ও রেনে ম্যাগ্রিতের মতো বিশ্ববিখ্যাত শিল্পীদের কাজ রয়েছে।
ফোর্বসের হিসাব অনুযায়ী, বিশ্বের ধনী সংগীতশিল্পীদের তালিকায় ২৮০ কোটি ডলারের সম্পদ নিয়ে শীর্ষে আছেন জে-জেড। দ্বিতীয় স্থানে থাকা টেলর সুইফটের সম্পদের পরিমাণ ২০০ কোটি ডলার। আর ১৪০ কোটি ডলার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছেন পল ম্যাককার্টনি। তবে উল্লেখ্য যে, সম্পদের এই হিসাবগুলো মূলত ফোর্বসের অনুমানভিত্তিক।