বর্তমান সময়ে গ্রাফিক্স কার্ড কেবল গেমারদের পছন্দের তালিকায় সীমাবদ্ধ নয়; বরং এটি ডিজাইনার, ভিডিও এডিটর, থ্রিডি মডেলার এবং এআই ডেভেলপারদের মতো ক্রিয়েটরদের জন্য কম্পিউটারের সবচেয়ে অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তবে একটি সেরা গ্রাফিক্স কার্ড নির্বাচন করার ক্ষেত্রে কেবল শীর্ষ মডেলের পেছনে না ছুটে, নিজের কাজের ধরন অনুযায়ী কিছু মৌলিক বিষয় গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। বিশেষ করে সৃজনশীল পিসির জন্য গ্রাফিক্স কার্ড কেনার সময় নির্দিষ্ট কিছু কারিগরি দিক খেয়াল রাখা প্রয়োজন।

ভির‍্যাম মেমোরি: সৃজনশীল ও জটিল কাজের ক্ষেত্রে ভির‍্যাম সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে এআই মডেল তৈরি, হাই-রেজোল্যুশন ভিডিও সম্পাদনা কিংবা থ্রিডি রেন্ডারিংয়ের মতো কাজগুলোর জন্য অধিক পরিমাণে ভির‍্যামের প্রয়োজন হয়। সাধারণ অধিকাংশ কাজের জন্য ১৬ জিবি ভির‍্যাম যথেষ্ট বলে মনে করা হয়। তবে যারা অত্যন্ত ভারী এআই প্রজেক্ট বা সিমুলেশন নিয়ে কাজ করেন, তাদের জন্য ৩২ জিবি ভির‍্যামের প্রয়োজন হতে পারে। অন্যদিকে, নতুনদের ক্ষেত্রে বাজেট সীমিত থাকলে ৮ জিবি ভির‍্যাম দিয়ে প্রাথমিক কাজ শুরু করা সম্ভব।

কাজের ধরন অনুযায়ী পারফরম্যান্স: মনে রাখা প্রয়োজন যে, শুধু ভির‍্যামের পরিমাণ বেশি হলেই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায় না। কার্ডের প্রসেসিং গতি এবং ব্যান্ডউইডথ কেমন, তা যাচাই করা অত্যন্ত জরুরি। বিশেষ করে রেন্ডারিং বা জটিল দৃশ্য সম্পাদনার ক্ষেত্রে শক্তিশালী কোর এবং উচ্চ ক্লক স্পিড থাকা আবশ্যক।

আকৃতি ও এয়ারফ্লো: আধুনিক যুগের শক্তিশালী গ্রাফিক্স কার্ডগুলো আকারে বেশ বড় হয়ে থাকে এবং এগুলোতে সাধারণত তিনটি ফ্যান যুক্ত থাকে। তাই কেনার আগে এটি পিসি কেসিংয়ের ভেতরে সঠিকভাবে জায়গা হবে কি না, তা নিশ্চিত করে নেওয়া উচিত। যদি কেসিং ছোট হয় অথবা পিসিতে একাধিক গ্রাফিক্স কার্ড ব্যবহার করার পরিকল্পনা থাকে, তবে কম পুরুত্বের বা স্লিম কার্ড (যেমন ২.৫ স্লট) বেছে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।

প্রয়োজনীয় পোর্টের উপস্থিতি: যারা একাধিক মনিটর সেটআপ ব্যবহার করেন, তাদের জন্য ডিসপ্লে পোর্ট এবং এইচডিএমআই পোর্টের সুবিধা থাকা জরুরি। এছাড়া অনেক ব্যবহারকারী কাজের সুবিধার জন্য ইউএসবি টাইপ-সি ভিডিও আউটপুট পছন্দ করেন, যা কেনার সময় যাচাই করে নেওয়া ভালো।

প্রযুক্তির সহায়তা: বর্তমান প্রজন্মের গ্রাফিক্স কার্ডগুলোতে এআই-ভিত্তিক উন্নত প্রযুক্তি যুক্ত থাকে। এই প্রযুক্তিগুলো ভিডিও প্রসেসিং এবং রেন্ডারিংয়ের গতিকে বহুগুণ বাড়িয়ে দেয়, যা কাজের সময় সাশ্রয় করে।

পরিশেষে, আপনার কাজের প্রকৃত চাহিদা এবং বাজেটের সঠিক পর্যালোচনা করে উপযুক্ত গ্রাফিক্স কার্ড নির্বাচন করলে দীর্ঘমেয়াদে স্বাচ্ছন্দ্যে কাজ করা সম্ভব।

সূত্র: আসুস ডটকম