ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নিজেই বাংলাদেশে ফিরে আসতে আগ্রহী, তাই প্রত্যর্পণ আইনের কোনো জটিলতা দেখছে না বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান এই কথা জানিয়েছেন। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ দিতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে জাহেদ উর রহমান বলেন, ‘আমরা ওনাকে প্রত্যর্পণ করতে চাই। ওনাকে ধরে আনতে চাই ..। এখন উনি তো নিজেই আসতে চান। তার মানে ওনার তো কোর্টে যাওয়ার দরকার নেই। উনি বলবেন আমাকে প্রত্যর্পণ করে দাও ... সুতরাং প্রত্যর্পণ নিয়ে যে আইনি প্রক্রিয়ার কথা বলা হয়েছে, যে আইনি জটিলতার কথা বলা হয়েছে, আমি অন্তত সেটা দেখি না।’
তথ্য উপদেষ্টা আরও উল্লেখ করেন যে, দেশের বর্তমান সরকার দণ্ডিত আসামিকে প্রত্যর্পণ করতে আগ্রহী। এই প্রক্রিয়ায় ভারত সরকারকে সহযোগিতা করতে হবে এবং বর্তমান পরিস্থিতিতে ভারত সরকারের পক্ষ থেকে কোনো সমস্যা থাকার কথা নয়। তিনি স্পষ্টভাবে জানান, ‘কারণ যাকে প্রত্যর্পণ করার কথা, তিনিই আসতে চান। সুতরাং আইনি কোনো বিষয় আছে বলে আমরা এখন আর মনে করি না।’
এর আগে গতকাল সোমবার রয়টার্সের একটি প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশে ফেরার লক্ষ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি)-এর জন্য আবেদন করেছেন। ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে তিনি এই আবেদন জমা দিয়েছেন বলে রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাত দিয়ে জানানো হয়।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথমবার এমন আবেদন করলেন শেখ হাসিনা। ভারতে অবস্থানরত তাঁর এই পদক্ষেপকে বাংলাদেশে ফেরার পরিকল্পনার সবচেয়ে জোরালো ইঙ্গিত হিসেবে বিবেচনা করা হচ্ছে। জানা গেছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তথ্য উপদেষ্টার পাশাপাশি উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম।