পাহাড়ের কোল ঘেঁষে বিস্তৃত ধানের খেত। কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা সবুজ, আবার কোথাও কোথাও ধানের শিষগুলোতে ফুটেছে সোনালি আভা। বাতাসের দোলায় দুলছে সেই সোনালি শিষ। দূর থেকে দেখলে মনে হয়, সবুজ পাহাড়ের কোলে কেউ যেন এক বিশাল নকশিকাঁথা বিছিয়ে রেখেছে।

প্রকৃতির এমন মনকাড়া দৃশ্য চোখে প্রশান্তি দিলেও স্থানীয় কৃষকদের মনে এখন চরম অস্থিরতা। কারণ, ধান পাকলেই গারো পাহাড় থেকে নেমে আসে বন্য হাতির দল। মুহূর্তের মধ্যেই তারা তছনছ করে দিতে পারে কৃষকদের সারা বছরের কঠোর পরিশ্রমের ফসল।

শেরপুরের গারো পাহাড় সংলগ্ন সীমান্তবর্তী তিনটি উপজেলা—শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ীর বিস্তীর্ণ এলাকায় এখন আমন ধানের সমারোহ। কৃষকদের আশা, আর কয়েক সপ্তাহ পরেই মাঠে ধান কাটা শুরু হবে। তবে ফসল ঘরে তোলার আগেই হাতির আক্রমণ নিয়ে তাঁদের মনে গভীর দুশ্চিন্তা।

গত শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সীমান্ত সড়ক ধরে তিন উপজেলার পাহাড় সংলগ্ন বিভিন্ন এলাকা ঘুরে এই পরিস্থিতি পরিলক্ষিত হয়। শ্রীবরদীর কণঝুড়া, হালচাটি, ঝুলগাঁও, বালিজুরি, বাবলাকুনা ও খাড়ামুরা; ঝিনাইগাতীর রাংটিয়া, বড় গজনী, ছোট গজনী, তাওয়াকুচা ও গোমড়া; এবং নালিতাবাড়ীর সমশ্চূড়া, পোড়াবাড়ি, বুরুঙ্গা, বাতকুচি, বারোমারি, দাওধারা–কাটাবাড়ি, তারানি ও পানিহাটাসহ বিভিন্ন এলাকায় ব্যাপক হারে ধানের আবাদ হয়েছে। সবুজ ও হলুদের সংমিশ্রণে পাহাড়ের পাদদেশের গ্রামগুলোতে এক অপরূপ দৃশ্যের সৃষ্টি হয়েছে। সকালে দেখা যায়, অনেক কৃষক খেতের আল ধরে ধানের অবস্থা পর্যবেক্ষণ করতে করতে হাঁটছেন।

শ্রীবরদীর বালিজুরি গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, “ধান এইবার ভালো হইছে, সময়মতো বৃষ্টিও হইছে। কিন্তু ধান কাটতে আর ২০–২৫ দিন লাগবে। পাহাড়ে হাতি থাকায় ফসল ঘরে তোলা নিয়েই চিন্তা।” তাঁর ভাষ্যমতে, এই আতঙ্ক নতুন কিছু নয়। প্রতিবছর ধান পাকতে শুরু করলেই হাতির আক্রমণের আশঙ্কায় তাঁদের দুশ্চিন্তা বহুগুণ বেড়ে যায়।

একই শঙ্কা প্রকাশ করেছেন ঝিনাইগাতীর রাংটিয়া গ্রামের কৃষক সঞ্জয় মারাক। তিনি বলেন, “অনেক কষ্ট করে এই ফসল ফলাইছি। হাতির ভয় আছে। ফসল ঘরে তুলতে পারব কি না, সেই চিন্তায় আছি।”

জানা গেছে, সারা বছর প্রায় ১৩০ থেকে ১৪০টি হাতি শাবকসহ ৩–৪টি দলে বিভক্ত হয়ে গারো পাহাড়ে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। বিশেষ করে ধান ও কাঁঠাল পাকার মৌসুমে এরা লোকালয়ে নেমে আসে। গত ১৫ দিন ধরে বালিজুরি রেঞ্জ এলাকায় ৪৫টি হাতির অবস্থান ছিল, তবে বর্তমানে দলটি বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গারো পাহাড়ে সারা বছরই হাতির বিচরণ থাকে, তবে ধান ও কাঁঠাল পাকার মৌসুমে লোকালয়ে তাদের আনাগোনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। খাবারের খোঁজে দল বেঁধে পাহাড় থেকে সমতলে নেমে এলে সীমান্তবর্তী এলাকার কৃষকেরা ফসলহানির চরম ঝুঁকিতে পড়েন।

নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা আবদুল করিম মুক্তকণ্ঠকে বলেন, গত শুক্রবার পাঁচ–ছয়টি হাতি মধ্যরাত পর্যন্ত ইকোপার্কে অবস্থান করছিল। এ ছাড়া প্রায় ৩৫ থেকে ৪০টি হাতি কয়েকটি দলে ভাগ হয়ে কাটাবাড়ি, নাকুগাঁও ও পানিহাটা সীমান্ত এলাকায় অবস্থান করছে। সন্ধ্যার পর এই হাতিগুলো লোকালয়ে চলে আসে। হাতিগুলোকে পুনরায় বনে ফেরাতে গ্রামবাসী, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও বন বিভাগের সদস্যরা নিরলস কাজ করছেন। সম্প্রতি কাটাবাড়ি এলাকায় হাতির আক্রমণে প্রায় ৪০ শতাংশ ফসল নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণের জন্য বন বিভাগে আবেদন করতে বলা হয়েছে।

শ্রীবরদীর বালিজুরি রেঞ্জ কর্মকর্তা রাতুল সাহাও জানান, সারা বছর ১৩০ থেকে ১৪০টি হাতি শাবকসহ ৩–৪টি দলে ভাগ হয়ে গারো পাহাড়ে খাবারের সন্ধানে ঘোরে। তিনি বলেন, ধান ও কাঁঠাল পাকার সময় হাতিগুলো লোকালয়ে নেমে আসে। প্রায় ১৫ দিন ধরে বালিজুরি রেঞ্জ এলাকায় ৪৫টি হাতি অবস্থান করছে। বর্তমানে দলটি বিভিন্ন স্থানে ছড়িয়ে–ছিটিয়ে আছে।

রাতুল সাহা আরও জানান, পাহাড়ের ঢালে ফসলের ক্ষতি রোধ করতে ইআরটির সদস্যরা কাজ করছেন। হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকদের নিয়ম অনুযায়ী বন বিভাগ থেকে ক্ষতিপূরণ প্রদান করা হয়। একই সঙ্গে হাতিদের যেন কোনো ক্ষতি করা না হয়, সে বিষয়ে স্থানীয় লোকজনকে সতর্ক করা হচ্ছে।

শেরপুর জেলা বন বিভাগ ও কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকায় মোট ৭ হাজার ৭৫৭ হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে শ্রীবরদীতে ৩ হাজার ৫০১ হেক্টর, ঝিনাইগাতীতে ২ হাজার ১৪০ হেক্টর এবং নালিতাবাড়ীতে ২ হাজার ১১৬ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। বর্তমানে প্রায় ১২ শতাংশ জমির ধান থোড় অবস্থায় আছে এবং ১০ শতাংশ জমিতে ফুল এসেছে। অধিকাংশ জমির ধান এখন পেকে সোনালি রং ধারণ করেছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাখাওয়াত হোসেন বলেন, সীমান্তবর্তী এলাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। পাহাড়ি অঞ্চলে সেচের সমস্যার কারণে চাষাবাদ কিছুটা দেরিতে হয়, তাই ধান কাটতে আরও কিছু সময় লাগবে।