রাত তখন প্রায় ১০টা। ক্যাম্প ফায়ারের জমজমাট অনুষ্ঠান শেষ হয়েছে মাত্রই। সারি বেঁধে তাঁবুর দিকে ফিরে যাচ্ছে একদল কাব স্কাউট বা শিশু স্কাউট। পথে হাঁটতে হাঁটতে মাটিতে পড়ে থাকা পলিথিন, টিস্যু কিংবা কাগজের টুকরোর মতো নানা আবর্জনা চোখে পড়তেই সেগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুরা। এরপর সেগুলো নির্দিষ্ট স্থানে ফেলছে তারা। রাতের অন্ধকারের মাঝেও পরিচ্ছন্নতার প্রতি এই সচেতনতা যেন স্কাউটিং শিক্ষারই এক বাস্তব প্রতিফলন।

ঠাকুরগাঁও বর্ডার গার্ড বিদ্যালয়ের শিক্ষার্থী জুই আক্তার এই বিষয়ে বলেন, ‘আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না, পলিথিন ব্যবহার করি না। পরিবেশ রক্ষা করব—এটাই স্কাউটের শিক্ষা।’

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ছয় দিনের আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে (কাব স্কাউটদের মিলনমেলা) অংশ নিয়েছিল অনেক শিশু। গতকাল রোববার রাতে সেখানে দিনাজপুরের রাঙামাটি রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের সঙ্গে কথা হয়। সে জানায়, ‘আমাদের এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জেনেছি। এ জন্য বেশি বেশি গাছ লাগাতে হবে। পলিথিন পরিবেশের অনেক ক্ষতি করে। এর বিকল্প হিসেবে কাগজ বা পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করা উচিত। ক্যাম্পে এসে বিষয়গুলো আরও ভালোভাবে শিখেছি।’

গত বুধবার শুরু হওয়া এই ক্যাম্পুরির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয় আজ সোমবার সকালে। ‘নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’ প্রতিপাদ্যের আলোকে আয়োজিত এই কর্মসূচিতে রংপুর বিভাগের ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১১ বছর বয়সী মোট ৭৮০ জন কাব স্কাউট অংশগ্রহণ করে। পুরো আয়োজনটি সফল করতে দায়িত্ব পালন করেন ১৩০ জন শিক্ষক, ১৩৫ জন কর্মকর্তা এবং ৫২ জন স্বেচ্ছাসেবক।

ক্যাম্পুরির বিভিন্ন ভিলেজ বা প্রধান অঞ্চলগুলোর নামকরণ করা হয়েছিল স্থানীয় নদী ও জলাশয়ের নামে। ভিলেজ-১ এর নাম ছিল রামসাগর, যার অধীনে ছিল নাগর ও ধরলা সাবক্যাম্প। অন্যদিকে ভিলেজ-২ এর নাম রাখা হয় নীলসাগর, যার অধীনে ছিল ঘাঘট ও চিকলী সাবক্যাম্প। ছেলেদের জন্য দুটি সাবক্যাম্পের অধীনে মোট ৭০টি তাঁবু এবং মেয়েদের জন্য দুটি সাবক্যাম্পের অধীনে ৬০টি তাঁবু স্থাপন করা হয়েছিল। প্রতিটি সাবক্যাম্পেই তাদের জন্য ছিল পৃথক ও বিশেষ আয়োজন।

প্রতিদিনের রুটিন অনুযায়ী শিশুদের দিন শুরু হতো ঘুম থেকে উঠে নাশতা করা, তাঁবু গোছানো এবং সাবক্যাম্পের সমাবেশের মাধ্যমে। এরপর শুরু হতো নির্ধারিত কার্যক্রম। প্রত্যেক স্কাউটের জন্য মোট ১০টি কার্যক্রম রাখা হয়েছিল, যার মধ্যে ছিল শারীরিক কসরত, তাঁবু সাজানো, প্রতিভা অন্বেষণ, কুইজ এবং বিভিন্ন খেলাধুলা। দিনের বিভিন্ন সময়ে প্রতিযোগিতা ও প্রশিক্ষণমূলক কর্মসূচির মধ্য দিয়ে সময় কাটিয়েছে শিশুরা।

গাইবান্ধার কুমারগাড়ী ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর খন্দকার জানান, তাঁবুতে কয়েক দিন একসঙ্গে থাকার অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা দেওয়া হয়। তাঁর মতে, শৃঙ্খলা, সহযোগিতা ও মানবিকতার চর্চাই হলো স্কাউটিংয়ের মূল আদর্শ।

গত শুক্রবার সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু ক্যাম্পুরির উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক। এ সময় বক্তব্য প্রদান করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম এবং রাষ্ট্রপতির একান্ত সচিব আবুল আওয়াল।

গতকাল রাতে আয়োজিত হয় ক্যাম্প ফায়ার অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, “দুর্যোগ ও সংকটে কাব স্কাউটরা স্বেচ্ছাসেবী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” আতশবাজি এবং কাব দলগুলোর নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গতকালের আয়োজন। সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগের ১২টি বিদ্যালয়ের কাব দল অংশ নেয়, যার মধ্যে সেরা হিসেবে ১০টি দলকে ঘোষণা করা হয়।

ক্যাম্প চিফ মো. আখতারুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, “পরিবেশের ক্ষতি করে এমন পণ্য বর্জন ও বিশ্বকে সবুজে ভরে তোলার বার্তাই এবার বিশেষ গুরুত্ব পেয়েছে ক্যাম্পুরিতে।”

আজ সকালে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হয় এই ক্যাম্পুরি অনুষ্ঠান।