দেশ থেকে সশস্ত্র মাওবাদীদের পুরোপুরি নির্মূল করার পর এবার নতুন এক লড়াইয়ের ডাক দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর দাবি, এবার দেশকে রক্ষা করতে হবে তথাকথিত ‘দিমাগি নকশালদের’ হাত থেকে। গতকাল রোববার দীপাবলির বিশেষ উদযাপনে ছত্তিশগড় রাজ্যের বস্তারে গিয়ে এই কথা জানান তিনি। জঙ্গল, পাহাড় এবং ঝরনাবেষ্টিত আদিবাসী অধ্যুষিত বস্তারের এই বিস্তীর্ণ অঞ্চলটি এক সময় সশস্ত্র নকশালপন্থী ও মাওবাদীদের মুক্তাঞ্চল হিসেবে পরিচিত ছিল। সেখানে গিয়েই নিরাপত্তারক্ষীদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপন করেন প্রধানমন্ত্রী।

বস্তারে তাঁর বক্তব্যে প্রধানমন্ত্রী মোদি বলেন, দেশের সব জেলা থেকে মাওবাদীরা নিশ্চিহ্ন হয়েছে। এখন আর কোনো জেলায় সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি নেই। মানুষ শান্তিতে ও নিরুদ্বেগে রয়েছে। এখন অবশিষ্ট আছে দিমাগি নকশাল। এরা দেশের সংবিধান, গণতন্ত্র ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জনগণকে প্ররোচিত করছে। উসকানি দিচ্ছে। এদের পরাস্ত করে দেশকে রক্ষা করতে হবে।

উল্লেখ্য, নরেন্দ্র মোদি এর আগে যাদের ‘টুকরে টুকরে গ্যাং’ বলে অভিহিত করতেন, যাদের তিনি ‘খান মার্কেট গ্যাং’ বলতেন, কিংবা ‘আরবান নকশাল’ বা ‘আন্দোলনজীবী’ বলে কটাক্ষ করতেন, তাঁদেরকেই এখন তিনি ‘দিমাগি নকশাল’ হিসেবে চিহ্নিত করছেন। এই শব্দবন্ধটি তাঁর মুখে প্রথম শোনা গিয়েছিল গত ১৫ আগস্ট, ভারতের স্বাধীনতা দিবসের দিনে। লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি প্রথমবার ‘দিমাগি নকশাল’ শব্দটি উচ্চারণ করেন। সে সময় তিনি বলেছিলেন, এই নকশালরা বন্দুকধারী নয়, তারা ‘কলমধারী’।

লালকেল্লার ভাষণে মোদি ঠিক কাদের এই বুদ্ধিদীপ্ত নকশাল বা দিমাগি নকশাল বলে দাগাতে চাইছেন, তার কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। তবে পরবর্তীতে সংসদীয় মন্ত্রী কিরেন রিজিজু বিষয়টি স্পষ্ট করে বলেন, প্রধানমন্ত্রী বিরোধীদের দিমাগি নকশাল বলেননি, বলেছিলেন তাদের উদ্দেশে, যারা মাওবাদীদের সমর্থন করে, যারা দেশের সংবিধান মানে না, যারা বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ায়, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রেখে দেওয়ার পক্ষে এবং যারা ভারত থেকে উত্তর–পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করতে শিলিগুড়ির ‘চিকেন নেক’ কেটে দিতে চায়।

সহজ কথায়, যারা দেশদ্রোহী হিসেবে গণ্য। আর দেশদ্রোহী কারা, তা সম্প্রতি আরএসএস-প্রধান মোহন ভাগবত এবং বিজেপির শীর্ষ নেতারা বুঝিয়ে দিয়েছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বিজেপি নেতৃত্ব দীর্ঘ দিন ধরেই বিদেশি শক্তির মদতপুষ্ট বলে দাবি করে আসছেন। রাহুলের বিরুদ্ধে মার্কিন ধনকুবের জর্জ সোরস, চীন ও পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কথা বলার অভিযোগ এনেছেন তারা। এছাড়া বিদেশে গিয়ে দেশের সম্মানহানি এবং দেশকে দুর্বল করার দায়ে রাহুলকে অভিযুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বাম ছাত্রসংগঠনের নেতা-নেত্রীদের প্রতিও বিজেপির আক্রমণ তীব্র হয়েছে। সরাসরি নাম না নিলেও মোদি ও ভাগবতের আক্রমণের লক্ষ্যবস্তু মূলত এই গোষ্ঠীগুলোই। তাঁদের দৃষ্টিতে এঁরাই অঘোষিত ‘দিমাগি নকশাল’।

দীপাবলির সকালেই ছত্তিশগড়ের বস্তারে পৌঁছান প্রধানমন্ত্রী মোদি। সেখানে তিনি নিরাপত্তারক্ষী জওয়ানদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নিজ হাতে মিষ্টি খাইয়ে দেন। জওয়ানদের এক সমাবেশে মোদি বলেন, মাওবাদী ও নকশালদের বিরুদ্ধে লড়াই অনেক দিন ধরে চলছে। সেই লড়াইয়ে সরকারের জয়ের পর এটাই প্রথম দীপাবলি। দেশের প্রতিটি জেলাই এখন মাওবাদীমুক্ত। এরপরই তিনি দিমাগি নকশাল প্রসঙ্গটি উত্থাপন করেন।

মোদি বলেন, এই সাফল্যের মধ্যে ভুললে চলবে না, সশস্ত্র নকশালপন্থীরা নির্মূল হলেও দিমাগি নকশালরা টিকে আছে। তারা অনেক সংগঠনের নিয়ন্ত্রণ নিয়েছে। গণতন্ত্র, গণতান্ত্রিক প্রতিষ্ঠান, সংবিধান ও দেশের বিরুদ্ধে তারা মানুষজনকে উসকানি দিচ্ছে। তাদের চিহ্নিত করতে হবে। দেশকে তাদের কবল থেকে রক্ষা করতে হবে।

দেশকে মাওবাদীমুক্ত করার কৃতিত্ব অবশ্যই মোদি সরকারের নেওয়া যায়। সশস্ত্র অভিযানের পাশাপাশি ২০১৭ সাল থেকে আত্মসমর্পণকারী মাওবাদীদের মূল স্রোতে ফিরিয়ে আনার বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছিল। এই প্রক্রিয়ায় ছত্তিশগড়ের বস্তার, মহারাষ্ট্রের গড়চিরৌলি, পশ্চিমবঙ্গের জঙ্গলমহল, বিহারের গয়া, আওরঙ্গবাদ, জামুই, জেহানাবাদ এবং ওডিশার মালকানগিরি, কোরাপুট ও সুন্দরগড়ে বিশেষ নজর দেওয়া হয়। এর মধ্যে গড়চিরৌলি ও বস্তার সবশেষে মুক্ত হয়।

পরিসংখ্যান অনুযায়ী, ২০১৮ সালের এপ্রিল মাসে মাওবাদী অধ্যুষিত জেলার সংখ্যা ১২৬ থেকে কমে ৯০-এ নেমে আসে। তিন বছর পর ২০২১ সালে এই সংখ্যা দাঁড়ায় ৭০-এ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে জানিয়েছেন, ২০২৪ সালে মাওবাদীদের দাপট কমে মাত্র ৩৮ জেলায় সীমাবদ্ধ হয় এবং ২০২৫ সালে তা কমে দাঁড়াবে ৮ জেলায়।

শেষ পর্যন্ত বস্তারের দান্তেওয়াড়া এলাকাতেই মাওবাদীরা সক্রিয় ছিল, যাদের চলতি বছরের মার্চ-এপ্রিলে নিষ্ক্রিয় করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, ভারত এখন নকশালমুক্ত। দীপাবলির দিনে প্রধানমন্ত্রী মোদি গর্বের সাথে জানান, গত এক বছরে দেশের কোথাও সশস্ত্র মাওবাদী ও নকশালপন্থীদের হামলায় কর্তব্যরত একজনও আধা সামরিক বাহিনীর জওয়ানের মৃত্যু হয়নি। তাঁর দাবি, গত ৪৭ বছরে এমন ঘটনা এই প্রথম। এখন তাঁর লক্ষ্য ‘দিমাগি নকশালদের’ নিষ্ক্রিয় করা।