ছন্দা (ছদ্মনাম), বয়স মাত্র ১৫ বছর। প্রতিদিন তাকে একা গণপরিবহনে চড়ে স্কুল ও কোচিং সেন্টারে যাতায়াত করতে হয়। সেদিনও স্কুল শেষে কোচিং থেকে ফিরছিল সে। বাসে ছিল প্রচণ্ড ভিড়, বসার কোনো জায়গা ছিল না বলে দাঁড়িয়েই বাড়ি ফিরছিল ছন্দা। হঠাৎ সে অনুভব করল তার শরীরে অনাকাঙ্ক্ষিত একটি হাতের স্পর্শ। মুহূর্তেই সে কুঁকড়ে গেল। পাশে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী লোকটির দিকে তাকিয়ে সে দেখল, লোকটির চেহারায় কোনো রকম ভাবান্তর নেই; যেন কিছুই ঘটেনি।
বাড়ি ফিরে ছন্দা তার এই অনভিপ্রেত অভিজ্ঞতার কথা মাকে জানাল। মা বিষয়টি ছন্দার বাবা ও দাদিকে অবহিত করেন। যৌথ পরিবার হওয়ায় খুব দ্রুতই পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি জানতে পারেন এবং সবার মনেই দুশ্চিন্তা ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় এই বিষয়ে একটি পারিবারিক বৈঠক বসে। সেখানে প্রথমেই ছন্দার পোশাক নিয়ে আপত্তি তোলেন তার দাদি। অন্যদিকে, ছন্দার বাবা সাফ জানিয়ে দিলেন, সন্ধ্যার পর কোনোভাবেই ছন্দা বাসার বাইরে থাকতে পারবে না এবং বাসেও উঠতে পারবে না। প্রয়োজনে তাকে কাছের কোনো কোচিং সেন্টারে ভর্তি করা হবে এবং দরকার হলে তার ভাই তাকে আনা-নেওয়া করবে।
এই পরিস্থিতিতে ছন্দার মা বললেন, “তোমাকে অনেক আগেই বলেছিলাম মেয়েকে মার্শাল আর্টের স্কুলে দিতে। কথা শোনোনি। আজ মেয়ে মার্শাল আর্ট জানলে কষে একটা লাথি মারতে পারত বেয়াদবটাকে। আমি কালই ছন্দাকে মার্শাল আর্টের স্কুলে ভর্তি করে দেব।”
ছন্দার এই গল্পটি কাল্পনিক হতে পারে, তবে তার অভিজ্ঞতাটি প্রায় শতভাগ মেয়ের জন্য অত্যন্ত বাস্তব। মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সমাজের নানা ধরনের পরামর্শ দেওয়ার প্রবণতা নতুন কিছু নয়। তবে যখনই নিরাপত্তার প্রসঙ্গ আসে, তখনই শুরু হয় তাদের পোশাক, আচরণ, চলাফেরা, সময়জ্ঞান এবং ব্যক্তিগত পছন্দের চুলচেরা বিশ্লেষণ।
সম্প্রতি মেয়েদের নিরাপত্তায় মার্শাল আর্ট শেখার গুরুত্ব নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে এটি গ্রহণযোগ্যতাও পাচ্ছে। এই পরামর্শের তালিকায় সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও রয়েছেন।
মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখানোর বিষয়টি নিঃসন্দেহে ইতিবাচক। বস্তুতপক্ষে, আত্মরক্ষার প্রশিক্ষণ যেকোনো মানুষের আত্মবিশ্বাস, শারীরিক সক্ষমতা এবং বিপদ মোকাবিলার প্রস্তুতি বৃদ্ধি করতে পারে। কিন্তু যখন এই বিষয়টি মেয়েদের নিরাপত্তাহীনতার একমাত্র সমাধান হিসেবে কেবল তাদের কাঁধেই চাপিয়ে দেওয়া হয়, তখন তা নিয়ে ভাবার অবকাশ থাকে।
এখানে প্রশ্ন জাগে, মেয়েদের নিরাপত্তার সমাধান হিসেবে আমরা কেন বারবার তাদেরই পরিবর্তিত হতে বলি? কেন তাদেরই আরও যোগ্য, সতর্ক এবং প্রস্তুত হয়ে ওঠার কথা বলা হয়? সহিংসতার উৎস হয়ে দাপিয়ে বেড়ানো মানুষগুলোর দিকে আঙুল না তুলে কেন আমরা বারবার সহিংসতার শিকার হওয়া নারীদের আরও প্রস্তুত হতে বলি?
একটি মেয়ের জন্য আত্মরক্ষার কৌশল জানা তার ক্ষমতায়নের সহায়ক হতে পারে। তবে ক্ষমতায়নের নামে নিজেদের নিরাপত্তার দায়ভার নারীর কাঁধে চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
আমার উপলব্ধি হলো, আমাদের সামাজিক শিক্ষার জায়গায় একটি বড় অসংগতি রয়ে গেছে। এখানে মেয়েদের শেখানো হয় কীভাবে বিপদ এড়াতে হবে, কিন্তু ছেলেদের শেখানো হয় না মেয়েদের প্রতি সহিংস না হতে এবং তাদের ব্যক্তিগত পরিসর, সম্মতি ও মর্যাদাকে সম্মান করতে। মেয়েদের বলা হয় নিজের শরীর রক্ষা করতে শিখতে, কিন্তু ছেলেদের শেখানো হয় না যে কোনো নারীর শরীর ও সম্মতির ওপর তাদের কোনো অধিকার নেই। তাদের শেখানো হয় না যে একটি মেয়ের ‘না’ মানে ‘না’; তার সিদ্ধান্ত ও ব্যক্তিগত সীমারেখাকে সম্মান করতে হয়।
এবার আসা যাক মেয়েদের আত্মরক্ষার প্রসঙ্গে। আত্মরক্ষার প্রশিক্ষণ অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে এটি কখনোই সহিংসতা প্রতিরোধের বিকল্প হতে পারে না। মনে রাখতে হবে, একজন প্রশিক্ষিত নারীও সহিংসতার শিকার হতে পারেন। আক্রমণটি হতে পারে সুপরিকল্পিত বা দলবদ্ধ, যেখানে শারীরিকভাবে প্রতিরোধ করার সুযোগ না-ও থাকতে পারে। এছাড়া নারীর প্রতি সহিংসতার একটি বড় অংশ ঘটে পরিচিত মানুষের মাধ্যমে—পরিবারে, শিক্ষাপ্রতিষ্ঠানে কিংবা ঘনিষ্ঠ সম্পর্কের ভেতরে।
এমন পরিস্থিতিতে মার্শাল আর্ট কতটা কার্যকর সমাধান, তা আমাদের গভীরভাবে ভাবতে হবে। বিশেষ করে শিশু ও কিশোরীদের ক্ষেত্রে বিষয়টি আরও সংবেদনশীল। তাদের আত্মরক্ষার কৌশল শেখানো যেতে পারে, তবে কখনোই তাদের মনে এই ধারণা দেওয়া উচিত নয় যে মার্শাল আর্টই তাদের একমাত্র রক্ষাকবচ।
কোনো নারী বা কিশোরী সহিংসতার শিকার হলে ‘সে নিজেকে রক্ষা করতে পারল না কেন?’, এ ধরনের প্রশ্ন না করে বরং প্রশ্ন করতে হবে, ‘কেউ তাকে আক্রমণ করার সাহস পেল কেন? সেই সহিংসতা প্রতিরোধে আমাদের প্রতিষ্ঠান ও রাষ্ট্র ব্যর্থ হলো কেন?’
ইচ্ছায় কিংবা প্রয়োজনে দিনে-রাতে যেকোনো সময় একটি মেয়ের নিরাপদে রাস্তায় চলাফেরা করার অধিকার রয়েছে। সে গণপরিবহনে উঠবে, শিক্ষাপ্রতিষ্ঠানে যাবে, কর্মক্ষেত্রে কাজ করবে এবং রাজনৈতিক ও নাগরিক পরিসরে অংশ নেবে হয়রানিমুক্ত পরিবেশে।
মনে রাখতে হবে, নিরাপত্তা নারীর জন্য কোনো বিশেষ বাড়তি সুবিধা নয়, বরং এটি তার একটি মৌলিক নাগরিক অধিকার। আর এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবহনব্যবস্থা, কর্মক্ষেত্র, পরিবার ও সমাজের।
তাই প্রয়োজন নিরাপদ প্রতিষ্ঠান, গণপরিবহন ও জনপরিসর, কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা, অভিযোগের যথাযথ তদন্ত, অপরাধীর জবাবদিহি এবং ভুক্তভোগীর জন্য সহায়তা ও ন্যায়বিচার নিশ্চিত করা। একই সঙ্গে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে ছোটবেলা থেকেই সমতা, সম্মতি, পারস্পরিক শ্রদ্ধা এবং সহিংসতামুক্ত আচরণের শিক্ষা দিতে হবে।
স্কুল, কলেজ ও কমিউনিটি পর্যায়ে সবার জন্য আত্মরক্ষার প্রশিক্ষণ সহজলভ্য করা হোক। মেয়েরা মার্শাল আর্ট শিখুক, পাশাপাশি মার্শাল আর্ট শিখুক ছেলেরাও। তারা নিজেদের শরীর সম্পর্কে সচেতন হোক, আত্মবিশ্বাস অর্জন করুক এবং বিপদ মোকাবিলার প্রয়োজনীয় কৌশল জানুক। তবে একই সঙ্গে সবাইকে গুরুত্বের সঙ্গে শেখাতে হবে সম্মতি, সমতা ও শ্রদ্ধার ভাষা। সহিংসতাকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে, প্রতিষ্ঠানগুলোকে নিরাপদ করতে হবে এবং রাষ্ট্রকে তার দায়িত্ব পালন করতে হবে।
একটি মেয়ের জন্য আত্মরক্ষার কৌশল জানা তার ক্ষমতায়নের সহায়ক হতে পারে। কিন্তু ক্ষমতায়নের নামে নিজেদের নিরাপত্তার দায়ভার নারীর কাঁধে চাপিয়ে দেওয়া কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।
মেয়েদের কাঁধে এমনিতেই অনেক দায়িত্বের বোঝা। এর সঙ্গে যদি নিজেদের নিরাপত্তার দায়িত্বটিও তাদের নিজেদের কাঁধে তুলে দিতে হয়, তবে প্রশ্ন উঠবেই যে তাদের সুরক্ষায় রাষ্ট্রের দায় কোথায়? একই রাষ্ট্রে নারী আর পুরুষের জন্য পৃথক নিরাপত্তা আর প্রস্তুতিমূলক ব্যবস্থা গ্রহণের মজ্জাগত ধারণাকে কোনোভাবেই উৎসাহিত করা যায় না।
—নিশাত সুলতানা, লেখক ও উন্নয়নকর্মী