বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ এক নারী চীনের গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করছিলেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা। অভিযোগ উঠেছে, জেনসেন হুয়াং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের দায়িত্ব ওই নারীকে দিয়েছিল চীনের গোয়েন্দা সংস্থা।

গত শুক্রবার দ্য নিউইয়র্ক টাইমস তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। অন্যদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস শুক্রবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে, মার্কিন কর্মকর্তাদের ধারণা জেনসেন হুয়াং এবং ওই নারীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা একটি গোয়েন্দা স্মারকলিপির মাধ্যমে এই অভিযোগগুলোর বিষয়ে অবগত হন।

অ্যালিস হুয়াং নামের ওই নারী এশীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের একজন নির্বাহী। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন সূত্রের বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, অ্যালিস হুয়াংকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারির আওতায় রাখা হয়েছিল। অভিযোগ রয়েছে, তিনি চীনের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটির (এমএসএস) হয়ে কাজ করছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির চিপ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছিল চীনের এই গোয়েন্দা সংস্থা। পাশাপাশি, এনভিডিয়াকে প্ররোচিত করে তাদের সবচেয়ে উন্নত সেমিকন্ডাক্টর চিপগুলো চীনের জন্য সহজলভ্য করার পরিকল্পনাও ছিল তাদের। তবে অ্যালিস হুয়াং এবং জেনসেন হুয়াংয়ের পরিচয় ঠিক কখন এবং কীভাবে হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। এবারের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ পেতে যাচ্ছে ডেমোক্রেটিক পার্টি। তবে রিপাবলিকানরাও জেনসেন হুয়াংয়ের সঙ্গে কথিত ওই চীনা গুপ্তচরের সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত করছেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের চীনবিষয়ক বিশেষ কমিটি এক বিবৃতিতে জানিয়েছে, তারা জেনসেন হুয়াংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে তাঁকে একটি যৌথভাবে আয়োজিত রুদ্ধদ্বার ব্রিফিংয়ে অংশ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

কমিটির বিবৃতিতে বলা হয়েছে, “মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের যোগাযোগ এবং বিদেশি প্রতিপক্ষের গুপ্তচরবৃত্তি ঠেকাতে এনভিডিয়ার নিরাপত্তাব্যবস্থা নিয়ে আইনপ্রণেতাদের উদ্বেগের কথা চিঠিতে তুলে ধরা হয়েছে।”

উল্লেখ্য, মেগাস্পিড এনভিডিয়ার ক্লাউড পার্টনার নেটওয়ার্কের একটি অংশ। সিঙ্গাপুরভিত্তিক এই প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কাছ থেকে সরঞ্জাম ক্রয় করে এবং এআই প্রযুক্তি নিয়ে কাজ করা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কম্পিউটিং সক্ষমতা ভাড়া দেয়।

দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদন প্রকাশের পর এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ক্লাউড পার্টনাররা কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রের আইন পরিবর্তনের অনুরোধ করে না এবং চীনের কাছে পণ্য বিক্রির পক্ষে কোনো প্রচারণাও চালায় না।

এনভিডিয়া আরও দাবি করেছে, তাদের ক্লাউড পার্টনার নেটওয়ার্কের (এনসিপি) গ্রাহকদের মাধ্যমে কেউ গোপনীয় তথ্য সংগ্রহের চেষ্টা করলে তাতে সফল হওয়ার কোনো সুযোগ ছিল না। কোম্পানিটির ভাষ্য, তাদের কাছে কোনো গোপনীয় তথ্য নেই এবং গ্রাহকদের সঙ্গে এমন কোনো তথ্য বিনিময়ও করা হয় না।

অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগ নিয়ে ফাইন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনের বিষয়ে জানতে চাওয়া হলে এনভিডিয়া জেনসেন হুয়াংয়ের আগের বক্তব্যের কথা মনে করিয়ে দেয়। এর আগে জেনসেন হুয়াং বলেছিলেন, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক।

গত সপ্তাহে এক সাক্ষাৎকারে মেগাস্পিডের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কের বিষয়ে কথা বলেন জেনসেন হুয়াং। তিনি এই সম্পর্ককে ‘স্বাভাবিক এবং অস্বাভাবিক কিছু নয়’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, মেগাস্পিড যেন এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক প্রসেসর অবৈধভাবে চীনে পাঠাতে না পারে, তা নিশ্চিত করতে কোম্পানিটি যথাযথ যাচাই-বাছাই করেছে।

এই পুরো বিষয়টি নিয়ে মন্তব্য জানতে শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের (ওডিএনআই)-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।