ঢাকা মহানগর বিএনপির শীর্ষ নেতৃত্বে এবার আনা হয়েছে দুই সিটি করপোরেশনের প্রশাসককে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। অন্যদিকে, দক্ষিণ সিটির প্রশাসক আবদুস সালামকে করা হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক। দলের অভ্যন্তরে অনেকের ধারণা, এই সাংগঠনিক দায়িত্ব প্রদান আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তাঁদের মেয়র পদে মনোনয়ন দেওয়ার একটি আগাম ‘সংকেত’। তবে বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের কিছু নেতার মতে, সাংগঠনিক পদ পাওয়া মানেই নির্বাচনে মনোনয়ন নিশ্চিত হওয়া নয়।
বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, প্রশাসকের দায়িত্বের পাশাপাশি মহানগর বিএনপির নেতৃত্ব পাওয়ায় এই দুই নেতার সাংগঠনিক অবস্থান আরও সুদৃঢ় হলো। নগরবাসীর সঙ্গে নিয়মিত যোগাযোগের পাশাপাশি দলের নেতা-কর্মীদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁরা এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। সিটি নির্বাচন সামনে রেখে এই সময়ে তাঁদের এই দায়িত্ব প্রদানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে দলীয় সূত্রগুলো।
চলতি বছরের ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ শফিকুল ইসলাম খানকে ঢাকা উত্তর এবং আবদুস সালামকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ প্রদান করে। আট মাসেরও বেশি সময় ধরে প্রশাসকের দায়িত্ব পালন করা বিএনপির এই দুই নেতা এখন রাজধানীর দুই সাংগঠনিক শাখার শীর্ষ পদে আসীন হলেন।
গত ১ নভেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির দুই সদস্যের একটি আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে শফিকুল ইসলাম খানকে আহ্বায়ক এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। তাঁদেরকে দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন সিটি নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে শফিকুল ইসলাম খান আজ রোববার মুক্তকণ্ঠকে বলেন, ‘নির্বাচন তো আমি করব, দল তো আমাকে কোনো না কোনোভাবে সংকেত দিয়েছে। সেই কারণে আমার কর্মকাণ্ড সেভাবেই করার চেষ্টা করছি। সর্বোপরি দল যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তের আলোকেই কাজ করব।’
শফিকুল ইসলাম খান এর আগে যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্যসচিব হিসেবেও কর্মরত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী হয়ে তিনি জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে পরাজিত হন। এরপর তিনি ঢাকা উত্তর সিটির প্রশাসকের দায়িত্ব পান।
ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণার এক সপ্তাহ পর আজ রোববার (৮ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়। চার সদস্যের এই নতুন কমিটিতে আবদুস সালামকে আহ্বায়ক, আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। এর আগে এই কমিটির আহ্বায়ক ছিলেন রফিকুল আলম (মজনু)। সাইফুল ইসলাম ও তানভীর আহমেদ আগের কমিটিতেও একই দায়িত্বে ছিলেন। রফিকুল আলম ফেনী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পুনর্গঠিত আহ্বায়ক কমিটিতে তাঁকে রাখা হয়নি।
বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এর আগেও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি অবিভক্ত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব এবং ঢাকা সিটি করপোরেশনের ডেপুটি মেয়রের দায়িত্বও পালন করেছেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সালাম ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রার্থী হননি। ওই নির্বাচনে তিনি ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
আবদুস সালাম বর্তমানে ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে কর্মরত। দলে আলোচনা রয়েছে যে, তিনি আসন্ন সিটি নির্বাচনে দক্ষিণ সিটি থেকেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে তাঁর নতুন দলীয় দায়িত্ব পাওয়াকেও মেয়র পদে প্রার্থিতার একটি সংকেত হিসেবে দেখছেন তাঁর ঘনিষ্ঠজনরা।
এই বিষয়ে আবদুস সালাম আজ রোববার মুক্তকণ্ঠকে বলেন, ‘মহানগরের দায়িত্ব পাওয়ায় মানুষের কাছে আমাদের জবাবদিহি আরও বেড়েছে। মেয়র পদে নির্বাচন করব কি না, সে সিদ্ধান্ত দল নেবে। এখন দায়িত্ব পালন করে মানুষের আস্থা অর্জনই আমার লক্ষ্য।’
এদিকে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীও ঢাকার দুই সিটির মেয়র পদের জন্য প্রার্থী চূড়ান্ত করেছে। উত্তরে দলটির ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামায়াত। গত ৪ অক্টোবর রাজধানীর মধুবাগে এক অনুষ্ঠানে তাঁদের মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জামায়াতের আমির শফিকুর রহমান।
তবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান (দুদু) মুক্তকণ্ঠকে জানান, কমিটি গঠন এবং নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করা সম্পূর্ণ আলাদা দুটি বিষয়। সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যেই কমিটি গঠন করা হয়। আর নির্বাচনে প্রার্থী করার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বিবেচনা করা হয়। তিনি বলেন, ‘ঢাকার দুই সিটির প্রশাসককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে মেয়র প্রার্থী করার আগাম সবুজ সংকেত দেওয়া হয়েছে কি না, সেটা নিয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না।’