বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে গত মাসের শেষ দিকে ইংল্যান্ডে ফিরে যাওয়া এই ব্রিটিশ কোচের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বাটলারের এই অসুস্থতার ফলে জাতীয় দলের কোচিং পদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাটলারের দলের সঙ্গে থাকার সম্ভাবনা খুবই কম।
রোববার (৮ নভেম্বর) দেশের একটি সংবাদমাধ্যমকে বাটলারের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে বাফুফে সভাপতি বলেন, ‘পিটার বাটলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং আমরা তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করি।’
গত অক্টোবরের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বাংলাদেশ ছেড়ে নিজ দেশ ইংল্যান্ডে ফিরে যান বাটলার। এর আগে ফেডারেশনসংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছিল যে, তার শরীরে টিউমার থাকার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে তার লিভারে জটিলতা দেখা দেওয়ার খবরও প্রকাশিত হয়। তবে তিনি ঠিক কোন ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন কিংবা রোগটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
বাটলারের অনুপস্থিতিতে বর্তমানে চট্টগ্রামে বাংলাদেশ নারী ফুটবল দলের অনুশীলন ক্যাম্প চলছে। সেখানে সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা ফুটবলারদের অনুশীলন কার্যক্রম পরিচালনা করছেন। ইংল্যান্ডে অবস্থান করলেও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনুশীলনের পরিকল্পনা ও প্রয়োজনীয় নির্দেশনা পাঠাচ্ছেন বাটলার।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের মেয়েদের। তবে অসুস্থতার কারণে সেই সফরে বাটলারের উপস্থিত থাকা কঠিন বলে জানিয়েছে বাফুফে।
এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফরাসি কোচ এরিক মেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। উয়েফা 'এ' লাইসেন্সধারী এই কোচের শিগগিরই বাংলাদেশে আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। যদিও তাকে নিয়োগ দেওয়ার বিষয়ে এখনো বাফুফে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি।
অন্যদিকে ফেডারেশনের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, বাটলারের অনুপস্থিতিতে টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুও সিঙ্গাপুর সফরে দলের দায়িত্ব নিতে পারেন।
ঢাকা পোস্টকে তিনি বলেন, ‘বাটলার অসুস্থতার জন্য ইংল্যান্ড রয়েছে। বাস্তবিকভাবে সিঙ্গাপুর ম্যাচে তার থাকা সম্ভব নয়। এই সময়ে ট্যাকনিক্যাল ডিরেক্টর (সাইফুল বারী টিটু) ছাড়া বিকল্প সেভাবে নেই। সেই হয়তো সিঙ্গাপুরে দায়িত্বে থাকতে পারেন।’
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি রয়েছে। ফলে তার শারীরিক অবস্থার পাশাপাশি বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে ফেডারেশন এখনই নতুন স্থায়ী কোচ নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
২০২৪ সালে বাটলারের অধীনেই সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছিল বাংলাদেশ। পরবর্তী সময়ে দেশের নারী ফুটবল দলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় দায়িত্ব পালন করেছেন এই ব্রিটিশ কোচ।
এদিকে বর্তমানে ৪৪ ফুটবলারকে নিয়ে চট্টগ্রামে প্রস্তুতি চালাচ্ছে বাংলাদেশ নারী দল। আগামী ১৬ নভেম্বর তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে। এরপর ১৯ নভেম্বর থেকে জাতীয় স্টেডিয়ামে আবারও নিয়মিত অনুশীলন শুরু করার পরিকল্পনা রয়েছে।