ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা এবং মেটা-র প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ বর্তমানে ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ডলার ছাড়িয়ে গেছে। তবে এই বিপুল সম্পদের সিংহভাগ তাঁর তিন মেয়ে উত্তরাধিকার হিসেবে পাবেন না। মার্ক জাকারবার্গ সিদ্ধান্ত নিয়েছেন যে, তাঁর জীবদ্দশায় ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার জনকল্যাণমূলক কাজে ব্যয় করবেন।

২০১৫ সালেই জাকারবার্গ এই সাহসী সিদ্ধান্ত গ্রহণ করেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, সম্পদের একটি বড় অংশ সন্তানদের হাতে দেওয়ার পরিবর্তে বৃহত্তর সামাজিক কল্যাণে নিয়োজিত করা হবে।

মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যানের তিন কন্যা—ম্যাক্সিমা, অগাস্ট এবং অরেলিয়া। প্রথম সন্তানের জন্মের পরপরই এই দম্পতি তাঁদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে ব্যয় করার পরিকল্পনা প্রকাশ করেন। সে সময় জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৪৫ বিলিয়ন বা ৪ হাজার ৫০০ কোটি ডলার। ফরচুন ম্যাগাজিনের তথ্যের বরাতে সেলেব ডটকম এই খবরটি জানিয়েছে।

বড় মেয়ের জন্ম ও বিশেষ উদ্যোগ

২০১৫ সালের ১ ডিসেম্বর প্রথম কন্যা ম্যাক্সিমার জন্মের পর জাকারবার্গ ও প্রিসিলা চ্যান তাঁর উদ্দেশ্যে একটি খোলাচিঠি লেখেন। সেই চিঠিতে তাঁরা লিখেছিলেন, ‘সব মা-বাবার মতো আমরাও চাই, তুমি আজকের চেয়ে ভালো পৃথিবীতে বড় হও।’

চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, মানুষের সম্ভাবনা বৃদ্ধি এবং সমাজে সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁরা নিজেদের সম্পদের একটি বড় অংশ বিনিয়োগ করতে আগ্রহী। তাঁদের দৃঢ় বিশ্বাস, শিক্ষা, চিকিৎসা, বৈজ্ঞানিক গবেষণা এবং প্রযুক্তির আধুনিকায়নে বিনিয়োগ করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও অনেক সুযোগ তৈরি করা সম্ভব হবে।

এই অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে তাঁরা যৌথভাবে ‘চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ (সিজেডআই) প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও বৈজ্ঞানিক উদ্ভাবনী প্রকল্পে অর্থায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়।

জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের এই সিদ্ধান্ত তাঁদের বিশ্বের শীর্ষ ধনী দাতাদের তালিকায় স্থান করে দিয়েছে। বিল গেটস, ওয়ারেন বাফেট এবং মাইকেল ব্লুমবার্গের মতো ধনকুবেররাও তাঁদের সম্পদের বড় অংশ জনকল্যাণে ব্যয় করার পরিকল্পনা করেছেন। তাঁদের মূল লক্ষ্য হলো, বিপুল সম্পদ যেন কেবল পরবর্তী প্রজন্মের হাতে সীমাবদ্ধ না থেকে বৃহত্তর সমাজের উপকারে আসে।

এই দম্পতির মতে, সমাজের জন্য বিনিয়োগ কেবল বর্তমান প্রজন্মের প্রয়োজন মেটানোর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। বরং ভবিষ্যতে যারা পৃথিবীতে আসবে, তাদের জীবনমান উন্নত করার জন্য এখন থেকেই বিনিয়োগ শুরু করতে হবে।

প্রচলিত ব্যক্তিমালিকানাধীন দাতব্য ফাউন্ডেশনের চেয়ে সিজেডআই কিছুটা ভিন্নভাবে, সীমিত পরিসরে একটি কোম্পানির মতো পরিচালিত হচ্ছে। এর ফলে দাতব্য সহায়তার পাশাপাশি তারা ব্যবসায়িক বিনিয়োগ এবং নীতিনির্ধারণী উদ্যোগেও অর্থায়ন করতে সক্ষম হয়।

প্রতিষ্ঠানের শুরুর দিকে সিজেডআই-এর মূল লক্ষ্য ছিল আবাসন খরচ কমানো, ফৌজদারি বিচারব্যবস্থার সংস্কার এবং শিক্ষা ও চিকিৎসার উন্নয়ন। তবে সময়ের সাথে সাথে সংস্থাটির অগ্রাধিকারের পরিবর্তন হয়েছে। বর্তমানে তারা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর প্রযুক্তির মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানের গবেষণা ও রোগ নিরাময়ের প্রচেষ্টায় অধিক গুরুত্ব দিচ্ছে।

তবে সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে দেওয়ার অঙ্গীকার করলেও জাকারবার্গ তাঁর সম্পদের ওপর নিয়ন্ত্রণ সম্পূর্ণ ছেড়ে দিচ্ছেন না। মেটা-তে এখনো তাঁর প্রায় ১৩ শতাংশ শেয়ার রয়েছে, যার ফলে কোম্পানিটিতে তাঁর সংখ্যাগরিষ্ঠ ভোটাধিকার বজায় আছে। এছাড়া তাঁর মালিকানায় রয়েছে বিপুল পরিমাণ আবাসন সম্পদ।

সামগ্রিকভাবে, জাকারবার্গ ও প্রিসিলা চ্যানের পরিকল্পনা হলো বিপুল সম্পদের অধিকাংশ সন্তানদের উত্তরাধিকার হিসেবে না দিয়ে জনকল্যাণমূলক কাজে ব্যয় করা।

জাকারবার্গ ও ফেসবুকের ইতিহাস

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফেসবুক চালু করেন মার্ক জাকারবার্গ। সহপাঠীদের নাম ও ছবি চেনার মাধ্যম হিসেবে অনলাইন প্ল্যাটফর্মটির যাত্রা শুরু হয়। ২০১২ সালে ফেসবুক শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। পরবর্তীতে ২০২১ সালে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভার্চুয়াল জগতে ব্যবসার পরিধি বাড়ানোর লক্ষ্যে ফেসবুকের নাম পরিবর্তন করে ‘মেটা’ রাখা হয়। তবে বর্তমানে প্রতিষ্ঠানটির কৌশলগত অগ্রাধিকার বদলেছে এবং মেটা এখন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।