মুক্তকণ্ঠ ট্রাস্টের উদ্যোগে সম্প্রতি অনলাইনে একটি মাদকবিরোধী পরামর্শ সভার আয়োজন করা হয়। ২০২৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত এই বিশেষ সভায় মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুর্নবাসন কেন্দ্রের অভিজ্ঞ মনোবিদ ডা. রাহেনুল ইসলাম। সভায় তিনি ‘শিশুদের স্কুল ভীতি: অভিভাবকের করনীয়’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত আলোচনা থেকে অভিভাবকদের জন্য বিশেষ কিছু পরামর্শ তুলে ধরা হলো।

সাধারণত স্কুল বা আনুষ্ঠানিক শিক্ষাজীবনের শুরুতে অধিকাংশ শিশুই প্রথম কয়েকদিন স্কুলে যেতে অনীহা প্রকাশ করে অথবা কান্নাকাটি করে। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশুদের স্কুলে পাঠানোর পর অভিভাবকদের দীর্ঘক্ষণ স্কুলের গেটের বাইরে দাঁড়িয়ে থাকতে হয় অথবা ভেতরে উঁকি দিয়ে দেখতে হয় তারা কেমন আছে। এই পরিস্থিতিটি কি স্বাভাবিক? এই প্রশ্নের উত্তরে মনোরোগ বিশেষজ্ঞ ডা. রাহেনুল ইসলাম বলেন, “শিশুরা তাদের জীবনের শুরু থেকেই কাছের মানুষদের (কেয়ারগিভার) ওপর আবেগীয়ভাবে নির্ভরশীল থাকে—যারা তাদের নিরাপত্তা দেন, কষ্ট দূর করেন এবং ক্ষুধা মেটান। ফলে হঠাৎ করে এই পরিচিত মানুষগুলো বা নিরাপদ পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়া শিশুর জন্য অত্যন্ত ভীতিকর একটি অভিজ্ঞতা।”

তিনি আরও ব্যাখ্যা করে জানান যে, জীবনের প্রথম স্কুলদিনে শিশুর ভয় পাওয়া কিংবা অভিভাবকদের আঁকড়ে ধরার প্রবণতা সম্পূর্ণ স্বাভাবিক একটি আচরণ। বরং তিনি সতর্ক করে বলেন, কোনো শিশুই যদি সামান্যতম ভয় না পায় বা কাছের মানুষকে মিস না করে, তবে সেটাই বরং উদ্বেগের বিষয়; কারণ এর অর্থ হতে পারে যে সে পরিবেশের বিপদ বা পরিবর্তন বুঝতে পারছে না। তাই শিশুর এই প্রাথমিক ভয় ও জড়তাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করে অভিভাবকদের অত্যন্ত ধৈর্যশীল হওয়া প্রয়োজন।