জন্মের পর থেকেই বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন ‘পপসম্রাজ্ঞী’ ম্যাডোনার কন্যা হিসেবে। তবে সেই পরিচিতির গণ্ডি পেরিয়ে নিজের স্বতন্ত্র সত্তা ও অবস্থান তৈরি করতে বদ্ধপরিকর লর্দেস লিওন। সংগীত, ফ্যাশন এবং নাচ—এই তিন সৃজনশীল মাধ্যমেই তিনি নিজের প্রতিভাকে ফুটিয়ে তুলছেন। সম্প্রতি ৩০ বছর বয়সী এই শিল্পী তাঁর নতুন গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ প্রকাশ করে ব্যাপক আলোচনায় এসেছেন। গানের প্রচারণার অংশ হিসেবে সাহসী ফটোশুটেও ধরা দিয়েছেন তিনি, যেখানে খোলামেলা পোশাকে তাঁর বেশ কিছু ছবি প্রকাশিত হওয়ার পর নতুন করে চর্চা শুরু হয়েছে।
সংগীত অঙ্গনে লর্দেস মূলত ‘লোলা লিওন’ নামে পরিচিত। গত ৪ নভেম্বর তাঁর নতুন একক গান ‘ট্র্যাম্প স্ট্যাম্প’ মুক্তি পায়। এই গানটির প্রচারণার জন্য আলোকচিত্রী এলিজাভেতা পোরোদিনার ক্যামেরার সামনে লর্দেসকে দেখা গেছে অত্যন্ত সাহসী রূপে। একটি বিশেষ ছবিতে তাঁকে কালো স্বচ্ছ লেসের বডিস্যুট এবং উঁচু প্ল্যাটফর্ম হিল পরে এক অস্বাভাবিক ভঙ্গিতে পোজ দিতে দেখা যায়। অন্য একটি ছবিতে তিনি শরীরের ওপরের অংশের পোশাক তুলে ধরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন। এই ছবিগুলোর নান্দনিকতা এবং উপস্থাপনার মধ্যে লর্দেসের নিজস্ব ফ্যাশন বোধের স্পষ্ট ছাপ রয়েছে।
তবে এই সাহসী ফটোশুটের পেছনে কেবল চমক তৈরির উদ্দেশ্য ছিল না। নতুন গানটির বিষয়বস্তুও বেশ তাৎপর্যপূর্ণ। লর্দেসের ভাষ্য অনুযায়ী, “‘ট্র্যাম্প স্ট্যাম্প’ মূলত নারী ও নিজের ইচ্ছেমতো জীবন যাপন করা মানুষদের ঘিরে তৈরি নেতিবাচক ধারণা থেকে মুক্ত হওয়ার গল্প।” গানটিতে প্রজন্মান্তরের মানসিক ক্ষত, জাদুবিদ্যা এবং নারীত্বের নানা বৈপরীত্য ফুটিয়ে তোলা হয়েছে। পাশাপাশি নিজের পারিবারিক ইতিহাসে যাঁরা চরম কষ্টের মধ্য দিয়ে গেছেন, তাঁদের স্মরণ ও সম্মান জানানোর ইচ্ছাও ছিল তাঁর।
গানটি যৌথভাবে লিখেছেন লর্দেস এবং সংগীত প্রযোজক অস্কার শেলার। গানটির প্রযোজনার দায়িত্বও ছিল শেলারের ওপর। উল্লেখ্য, পিংকপ্যান্থারেস, লিলি অ্যালেন ও কেলেলার মতো খ্যাতনামা শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে এই প্রযোজকের। আটলান্টিক রেকর্ডস থেকে গানটি প্রকাশিত হয়েছে। স্বাধীন সংগীতচর্চার মাধ্যমে যাত্রা শুরু করা লর্দেসের ক্যারিয়ারে এই প্রকাশনাটিকে একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
লর্দেসের সংগীতযাত্রার শুরু হয় ২০২২ সালে, যখন তিনি ‘লোলাহল’ ছদ্মনামে তাঁর প্রথম একক গান ‘লক অ্যান্ড কি’ প্রকাশ করেন। গানটি শিল্পী আর্থ–আটারের স্বাধীন লেবেল ক্যামিক্যাল এক্স থেকে মুক্তি পায়। গানটির ভিডিও পরিচালনা করেন আর্থ–আটার এবং কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেন স্বয়ং লর্দেস। একই বছর তাঁর প্রথম ইপি ‘গো’ প্রকাশিত হয়।
শুরুর দিকে সংগীতের পাশাপাশি নাচ ও মডেলিংয়ের প্রতিও বিশেষ মনোযোগ দিয়েছিলেন লর্দেস। ২০২৪ সালে জিকিউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর সংগীতচর্চার এক ভিন্ন দিক সামনে আসে। জানা যায়, নিউ অরলিন্সে কয়েক দিনের এক শিল্পী আবাসন কর্মসূচিতে অংশ নিয়ে স্থানীয় জ্যাজ সংগীতশিল্পীদের সঙ্গে পরিবেশনা করেছিলেন তিনি।
২০২৬ সালে নিজের আসল নামের পরিচয়েই সংগীত প্রকাশের সিদ্ধান্ত নেন লর্দেস। মে মাসে তিনি ‘টি–শার্ট’ গানটি প্রকাশ করেন। গানটি সম্পর্কে ডব্লিউ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, এটি একটি অস্বাস্থ্যকর সম্পর্কের অভিজ্ঞতা এবং সেখান থেকে বেরিয়ে আসার গল্প। গানের ভিডিওতে তিনি তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুদের অন্তর্ভুক্ত করেছিলেন। তাঁর বিশ্বাস, বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি। সেই সময়ে লর্দেস বলেছিলেন, জীবনের কঠিন সময়ে বন্ধুদের পাশে পাওয়া তাঁর জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। নিজের শিকড় এবং কাছের মানুষদের সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনই এখন তাঁর সংগীতচর্চার অন্যতম প্রধান অনুপ্রেরণা।
সংগীতের পাশাপাশি ফ্যাশন জগতেও লর্দেস নিজের আলাদা পরিচয় গড়েছেন। মিউ মিউ, ইভ সাঁ লরাঁ, মার্ক জ্যাকবস, বারবেরি, ক্যালভিন ক্লেইন ও মুগলারের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রচারণায় তিনি কাজ করেছেন। এছাড়া ভার্সাচে ও বটেগা ভেনেতার মতো নামী ফ্যাশন হাউসের হয়ে র্যাম্পেও হেঁটেছেন তিনি।
শিল্পীজীবনের এক অবিচ্ছেদ্য অংশ হলো তাঁর নাচের প্রশিক্ষণ। নিউইয়র্কের লা গার্ডিয়া হাইস্কুলে পড়াশোনার পর তিনি ইউনিভার্সিটি অব মিশিগান এবং পারচেজ কলেজে শিক্ষালাভ করেন। নাচের প্রতি প্রবল আগ্রহ থেকেই তিনি মঞ্চ পরিবেশনা ও কোরিওগ্রাফির সঙ্গে যুক্ত হন এবং নিজের গানের ভিডিও নির্মাণেও সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছেন।
লর্দেসের ব্যক্তিগত ও পেশাগত জীবনের আলোচনায় প্রায়ই তাঁর মা ম্যাডোনার প্রসঙ্গ উঠে আসে। ২০২১ সালে ইন্টারভিউ সাময়িকীকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তাঁর মাকে ‘কন্ট্রোল ফ্রিক’ বলে অভিহিত করেছিলেন। তিনি জানিয়েছিলেন, উচ্চমাধ্যমিক শেষ করার পর যত দ্রুত সম্ভব মায়ের কাছ থেকে আর্থিকভাবে স্বাধীন হতে চেয়েছিলেন। এমনকি নিজের কলেজের বেতন এবং প্রথম অ্যাপার্টমেন্টের খরচও তিনি নিজেই বহন করেছেন।
লর্দেসের যুক্তি ছিল, মা-বাবা সন্তানের সব খরচ বহন করলে অনেক সময় সেটি তাঁদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি করে। তবে বেড়ে ওঠার ক্ষেত্রে তিনি যে অসাধারণ সুযোগ-সুবিধা পেয়েছেন, তা তিনি অস্বীকার করেননি। তাঁর মতে, বিখ্যাত পরিবারের সন্তান হওয়ার কারণে পাওয়া সুবিধা যেমন সত্য, তেমনি নিজের স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠার চ্যালেঞ্জগুলোও বাস্তব।
ম্যাডোনাও তাঁর মেয়ের স্বাধীনভাবে পথ বেছে নেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন। চলতি বছরের জুনে গ্রাহাম নর্টনের অনুষ্ঠানে তিনি জানান, লর্দেস দীর্ঘদিন তাঁর সঙ্গে কাজ করতে আগ্রহী ছিলেন না। কারণ, মায়ের পরিচয়ের কারণে সংগীতজগতে বাড়তি সুবিধা পেয়েছেন—এমন ধারণা তৈরি হোক, তা চাননি লর্দেস।
তবে এই দূরত্ব ঘুচিয়ে আনতে বিশেষ ভূমিকা রেখেছে ‘দ্য টেস্ট’ গানটি। ম্যাডোনার ‘কনফেশনস টু’ অ্যালবামে থাকা এই গানটিতে প্রথমবারের মতো মা ও মেয়ে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন। গানটি লিখেছেন ম্যাডোনা, লর্দেস এবং অ্যালবামের প্রযোজক স্টুয়ার্ট প্রাইস।
গানটিতে ম্যাডোনা মেয়ের প্রতি নিজের ভালোবাসার কথা বলার পাশাপাশি অতীতের কিছু ভুলের কথা স্বীকার করেছেন। মেয়েকে সব সময় আদর্শের আসনে বসিয়ে রাখার চেষ্টা করলেও তাঁর ওপর সেই প্রত্যাশার চাপ কতটা প্রভাব ফেলেছিল, তা বুঝতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে লর্দেস তুলে ধরেছেন বিশ্বখ্যাত মায়ের সন্তান হিসেবে বেড়ে ওঠার অভিজ্ঞতা। নিজের চেহারা, পোশাক, পছন্দ ও পরিচয়ের ওপর মায়ের তারকাখ্যাতির প্রভাবের কথা উঠে এসেছে তাঁর গানে।
গ্রাহাম নর্টনকে ম্যাডোনা জানান, একদিন লর্দেস নিজেই তাঁর কাছে এসে একসঙ্গে গান লেখার প্রস্তাব দেন। মূলত মেয়ের মনে দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ ও অভিমান প্রকাশের সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়। দুজনের শর্ত ছিল, প্রত্যেকে নিজের মনের কথা স্বাধীনভাবে গানে তুলে ধরবেন। ম্যাডোনার ভাষায়, এই অভিজ্ঞতা তাঁদের সম্পর্কের জন্য ছিল নিরাময়কারী।
লর্দেসের জন্ম ১৯৯৬ সালে, ম্যাডোনা ও তাঁর তৎকালীন সঙ্গী কার্লোস লিওনের ঘরে। ছোটবেলা থেকেই মায়ের বিশ্বখ্যাতির কারণে সংবাদমাধ্যমের তীব্র আগ্রহ তাঁর ওপর ছিল। কিন্তু সেই পরিচিতিকে পুঁজি করে এগোনোর বদলে তিনি বরাবরই নিজের মতো করে চলার চেষ্টা করেছেন।
২০২২ সালে প্রথম গান প্রকাশের সময়ও সংগীতকে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে লর্দেস খুব বেশি নিশ্চিত ছিলেন না। একসময় তিনি বলেছিলেন, সংগীত তাঁর কাছে খুব পরিচিত একটি জগৎ। কারণ, তাঁর মা এই জগতেরই মানুষ। তাই নিজের প্রকৃত পরিচয় খুঁজে পাওয়ার আগে অন্যদের তৈরি করে দেওয়া পরিচয়ের মধ্যে আটকে যেতে চাননি তিনি।