জয়পুরহাটে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি ব্যানারে না রাখা এবং এক বক্তার বক্তব্যকে কেন্দ্র করে সৃষ্ট হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখা। একই সঙ্গে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জেলা প্রশাসককে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলামের ফেসবুক পোস্টে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ ও দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভার মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ছবি রাখা হয়নি। এ ছাড়া সভায় এক বক্তা শেখ মুজিবুর রহমানকে বারবার ‘জাতির পিতা’ হিসেবে সম্বোধন করলেও জেলা প্রশাসক নীরব ভূমিকা পালন করেন বলে অভিযোগ করা হয়। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় জেলা ছাত্রদল।
সংবাদ বিজ্ঞপ্তিতে অবিলম্বে আগামী ৭২ ঘণ্টার মধ্যে জয়পুরহাটের জেলা প্রশাসককে অপসারণের দাবি জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জয়পুরহাট জেলা শাখার সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ ও সাধারণ সম্পাদক কে এম শাকিল হোসেনের নির্দেশনায় এ বিবৃতি দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. নাঈম ইসলাম। মুঠোফোনে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সংবাদ বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন।
উল্লেখ্য, শনিবার (৭ নভেম্বর) সকালে জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠানের মূল ব্যানারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকায় বিএনপির নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ ও হট্টগোলের সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে জেলা প্রশাসক আল-মামুন মিয়াসহ কর্মকর্তারা মঞ্চে গিয়ে জিয়াউর রহমানের ছবি সংবলিত একটি পোস্টার ব্যানারে সংযুক্ত করেন। পরে অনুষ্ঠান শুরু হয়।
এ ঘটনায় জেলা প্রশাসক আল-মামুন মিয়া দুঃখ প্রকাশ করে জানান, ইন্টারনেট থেকে ছবি নিয়ে ব্যানারটি তৈরি করা হয়েছিল।
অনুষ্ঠানের দ্বিতীয় দফায় উত্তেজনার সৃষ্টি হয় জিয়া পরিষদের জয়পুরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক মারুফ হাসানের বক্তব্যকে কেন্দ্র করে। বক্তব্যে তিনি শেখ মুজিবুর রহমানকে একাধিকবার ‘জাতির পিতা’ ও ‘বঙ্গবন্ধু’ হিসেবে সম্বোধন করেন। এতে উপস্থিত বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়। একপর্যায়ে জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ উত্তেজিত হয়ে মঞ্চের ডায়াসের দিকে এগিয়ে যান। পরে বক্তাকে ডায়াস থেকে সরিয়ে নেওয়া হলে সভার কার্যক্রম আবার শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী আয়োজনের বিভিন্ন ত্রুটিবিচ্যুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, ঘটনাটি ইচ্ছাকৃত হয়ে থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বিস্তারিত তদন্তের জন্য জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসককে নির্দেশ দেন তিনি।
ঘটনার পর জেলা প্রশাসক দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা করেন। পাশাপাশি জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী বিষয়টি তদন্তের নির্দেশ দেন।