সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং দর্শকদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব পালন করছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল।
সাফ কর্তৃক নির্ধারিত মেডিকেল চাহিদার কথা মাথায় রেখে জাতীয় স্টেডিয়ামে দেশি ও বিদেশি সকল খেলোয়াড় এবং দর্শকদের দ্রুত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে হাসপাতালটির পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে তিনটি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স। সেই সঙ্গে সার্বক্ষণিক সেবার জন্য নিয়োজিত রয়েছেন চারজন বিশেষজ্ঞ চিকিৎসক, চারজন নার্স এবং আটজন হেলথকেয়ার প্রফেশনাল।
খেলার মাঠ কিংবা দর্শক গ্যালারিতে কোনো আকস্মিক পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান এবং জরুরি অবস্থা মোকাবিলা করার জন্য পৃথক মেডিকেল রুমের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাঠের ভেতরেই ফার্স্ট এইডসহ দুটি এইডি, হুইলচেয়ার, স্ট্রেচার এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সরঞ্জাম ও জীবন রক্ষাকারী ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।
বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল। সাফ আয়োজনে খেলোয়াড় ও দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রোটোকল অনুসরণ করে চিকিৎসাসেবা প্রদানের এই উদ্যোগটি প্রতিষ্ঠানটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আন্তর্জাতিক মানের মেডিকেল প্রোটোকল এবং জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে।