চাঁপাইনবাবগঞ্জ শহরে বিএনপির অভ্যন্তরে বিদ্যমান দুই বিবদমান গ্রুপের পৃথক কর্মসূচি পালনের ফলে দলের পুরোনো বিভক্তি আবারও প্রকাশ্যে এসেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলাদাভাবে কর্মসূচি পালন করায় একে অপরের বিরুদ্ধে তীব্র অভিযোগ এনেছে উভয় পক্ষ।
শনিবার বেলা তিনটায় পৌর পার্ক মাঠে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সদস্যসচিব রফিকুল ইসলামের নেতৃত্বে দলের একটি অংশ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশের আয়োজন করে। জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সদস্যসচিব রফিকুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম।
অন্যদিকে, একই সময়ে হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে দলের অন্য একটি অংশের নেতৃত্বে পৃথক সমাবেশের আয়োজন করা হয়। এই অংশের নেতৃত্বে ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ এবং তাঁর স্ত্রী ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেত্রী সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হারুনুর রশীদ এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সৈয়দা আশিফা আশরাফি।
কেন পৃথকভাবে কর্মসূচি পালন করা হলো, সে বিষয়ে জানতে চাওয়া হলে জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, ‘২০২২ সালে জেলা বিএনপির দায়িত্ব আমাদেরই দেওয়া হয়েছে। আমরাই দলের প্রতিনিধি। তাই আমরা জেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালন করেছি।’ তিনি আরও অভিযোগ করে বলেন, ‘বিএনপির সঙ্গে হারুনুর রশীদ ও আশিফা আশরাফির কোনো সম্পর্ক নেই। তাদের জিজ্ঞেস করুন, তাঁরা কেন আলাদাভাবে কর্মসূচি করেছেন।’
পাল্টা অভিযোগে বিএনপির এই অংশের বিরুদ্ধে জামায়াতের সঙ্গে সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেন সৈয়দা আশিফা আশরাফি। তিনি বলেন, ‘আলাদা আর একসঙ্গে তো না, আমরা যেভাবে পালন করি, সেভাবেই করেছি। যারা দাঁড়িপাল্লার মঞ্চে ওঠে, নৌকার মঞ্চে ওঠে, স্বতন্ত্র ভোট করে—এগুলো কি কখনো বিএনপি হয়? এগুলো তো বিএনপি হয় না। এগুলো জামায়াতের অংশ। দলে পোস্ট থাকলেই বিএনপি হয় নাকি? পোস্ট থাকলেই বিএনপি হয় না।’