বিয়ে করেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও সুরকার পারশা মাহজাবিন। তবে বিয়ের খবরটি সামাজিক মাধ্যমে জানানোর পাশাপাশি বরের পরিচয় নিয়ে এক রহস্যময় পরিবেশ তৈরি করেছেন তিনি। বরের ছবি প্রকাশ করলেও ফুলের আড়ালে মুখ ঢেকে রেখেছেন পারশা। বরের পরিচয় জানতে আগ্রহী ব্যক্তিদের উদ্দেশে তিনি মজার ছলে অনুরোধ জানিয়েছেন, “অতএব, বরের পরিচয় জানতে চেয়ে আমাকে বা আমার পরিবারকে বিব্রত করবেন না।”

বিয়ের বিষয়ে বিস্তারিত জানাতে মুক্তকণ্ঠের সঙ্গে কথা বলেন পারশা। তিনি জানান, গত ২৬ অক্টোবর দেশের বাইরে তাঁদের আক্‌দ সম্পন্ন হয়েছে। তবে ভিসা জটিলতার কারণে পারশার পরিবারের সদস্যরা ওই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, যদিও বরের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে বিয়ের আনুষ্ঠানিকতা এখানেই শেষ নয়; আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিয়ের বাকি সব আয়োজন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে তাঁদের।

বিয়ের কথা জানালেও স্বামীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন পারশা। এই বিষয়ে তিনি বলেন, “আমি যদি নাম বলি, তাহলে সবাই তাঁকে চিনে ফেলবে। তাই আপাতত বলতে চাইছি না। আর পরিচয়টা সামনে আনতে চাই না বলেই ছবিতে ফুল দিয়ে মুখটা ঢেকে রেখেছি। আমি তাঁকে ‘প্রিয়’ বলে ডাকি, সেও আমাকে ‘প্রিয়’ বলে।”

পারশা জানান, প্রায় এক বছর আগে তাঁদের প্রথম পরিচয় হয়। দেশের বাইরে ভ্রমণে গিয়ে পরিচয়ের পর দুজনের মধ্যে আলাপচারিতা শুরু হয়। পরবর্তীতে নিজের পছন্দের কথা তিনি পরিবারকে জানান এবং তাঁর পছন্দে পরিবারের সদস্যরাও সম্মতি দেন।

বরের মুখ ঢেকে রাখার বিষয়টি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেছেন এই শিল্পী। তাঁর মতে, সমাজে নারীর মুখ ঢাকা যতটা স্বাভাবিক, পুরুষের ক্ষেত্রে তা তেমন নয়। এ প্রসঙ্গে তিনি বলেন, “ইহুদি বিয়ের ‘বাদেকেন’ বা খ্রিষ্টান বিয়ের ‘ব্রাইডাল ভেইল’, হিন্দু ও মুসলিম সমাজের বিভিন্ন সংস্কৃতিতে ঘোমটা, কনের মুখ ঢাকা আমাদের কাছে খুব স্বাভাবিক দৃশ্য। যুগ যুগ ধরে নারীর মুখ ঢাকা থাকলে সেটি ঐতিহ্য, আর পুরুষের মুখ ঢাকা পড়তেই এত কৌতূহল কেন? আমার ফেসবুক পোস্টে ছবির নিচে একজন মন্তব্য করেছেন, ‘দা কুমড়োর ওপর পড়ুক বা কুমড়ো দায়ের ওপর, ফলাফল একটাই।’ মন্তব্যটা আমার দারুণ লেগেছে। বিয়েটা তো আমাদের দুজনেরই হয়েছে, মুখ কার ঢাকা থাকল, তাতে ফলাফল বদলাচ্ছে না!”

বিষয়টি যে কেবল মজার ছলে করা কোনো পোস্ট নয়, বরং এর পেছনে একটি গভীর চিন্তা রয়েছে তা-ই বুঝিয়ে দিয়েছেন পারশা। ব্যক্তিগত পছন্দ ও স্বাধীনতার কথা উল্লেখ করে তিনি বলেন, “কেউ নিজের ইচ্ছায় পর্দা করলে তাতে আমার কোনো আপত্তি নেই। আপত্তি তখনই, যখন সেই ইচ্ছার জায়গাটা অন্য কেউ দখল করে নেয়। নারীর পোশাক, সৌন্দর্য কিংবা উপস্থিতিকে পুরুষের আকাঙ্ক্ষার জন্য দায়ী করার যুক্তিটাও আমার কাছে অদ্ভুত। সেই যুক্তিতে পুরুষের সৌন্দর্যও তো আড়াল করে রাখা উচিত! আমি শুধু এক দিনের জন্য প্রচলিত দৃশ্যটা উল্টে দিয়েছি। তাতেই এত অস্বস্তি হলে প্রশ্নটা বোধ হয় আমার ছবিতে নয়, আমাদের দৃষ্টিভঙ্গিতে।”

হঠাৎ বিয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে জীবনসঙ্গীর প্রতি তাঁর প্রত্যাশার কথা জানান পারশা। তিনি বলেন, তাঁর জীবনের প্রথম ও সবচেয়ে বড় নিরাপত্তার আশ্রয় হলেন তাঁর বাবা। ছোটবেলা থেকেই বাবার আদর ও আগলে রাখার মধ্যে বড় হওয়া পারশার জীবনসঙ্গী নির্বাচনের মানদণ্ড তৈরি হয়েছে বাবার কাছ থেকে পাওয়া সেই নির্ভরতা ও স্বাধীনতা দিয়ে। পারশা বলেন, “আমার বাবা আমাকে এতটাই আগলে রেখেছেন যে দৈনন্দিন জীবনের অনেক সংগ্রাম আমাকে কখনো ছুঁতেই হয়নি। তাই জীবনসঙ্গীর কাছে আমার প্রত্যাশাও বরাবরই একটু বেশি ছিল। এমন একজন মানুষ চেয়েছি, যাঁর কাছে আমি আমার বাবার মতোই নিরাপদ, আদরে আর নিশ্চিন্তে থাকতে পারব। সৌভাগ্যক্রমে, বাবার প্রায় জেরক্স কপিই পেয়ে গেছি! তবে শুধু আমাকে ভালোবাসলেই চলবে না। আমি এমন একজন মানুষ চেয়েছি, যিনি মানুষের পাশাপাশি পশুপাখি, প্রকৃতি এবং প্রতিটি প্রাণের প্রতি সংবেদনশীল। যাঁর সঙ্গে দর্শন, বিজ্ঞান, শিল্প, সাহিত্য থেকে শুরু করে জীবনের জটিলতম প্রশ্ন নিয়েও তর্ক করা যায়। যাঁর মানবিকতা শুধু কথায় সীমাবদ্ধ নয়, আচরণেও প্রকাশ পায়।”

জীবনসঙ্গী নির্বাচনে নিজের স্বকীয়তা ও স্বাধীনতার গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেন, “আমি কখনো এমন পুরুষ খুঁজিনি, যিনি আমাকে রাজমুকুট পরিয়ে দেবেন। আমি এমন একজনকে খুঁজেছি, যিনি কখনোই আমার মাথা থেকে সেই মুকুট খুলে রাখতে বলবেন না।”

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের সময় ‘চলো ভুলে যাই’ গানটি গেয়ে ব্যাপক আলোচনায় আসেন পারশা মাহজাবিন। সংগীতের পাশাপাশি অভিনয়েও সক্রিয় এই জেন-জি শিল্পী এবার বিয়ের খবর দিয়ে ভক্তদের চমকে দিলেও আপাতত জীবনসঙ্গীকে রহস্যের আড়ালেই রাখতে চান।