‘দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তারপর ঘরের প্রয়োজনীয় কাজ করি। সকালের নাশতা ও দুপুরের খাবার তৈরি করতে হয়। স্বামী-শাশুড়িকে নিয়ে নাশতা সারি। দুপুরের জন্য কিছু খাবার সঙ্গে নিই। সব কাজ গুছিয়ে সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে ঘর থেকে বের হই। প্রথমে মোটরসাইকেল, তারপর নৌকায় হাওর পাড়ি দিতে হয়। স্কুলে পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় ঘণ্টা। পুরো দিন কাটে স্কুলে, শিশুদের সঙ্গে। দিনের শেষে ক্লান্তি নিয়ে পাখির মতো নীড়ে ফিরি।’
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফা আক্তার তাঁর দৈনন্দিন জীবনের কথাগুলো এভাবেই শুরু করলেন। শরতের এক তপ্ত দুপুরে সুনামগঞ্জের হাওরপারের একটি জরাজীর্ণ পাঠশালার অফিসকক্ষে তাঁর সঙ্গে কথা হয় আমাদের। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি চাকরিতে যোগ দেন এবং পরবর্তীতে বিয়ে করেন। বর্তমানে তিনি তিন বছর ধরে শিক্ষকতা করছেন। তাঁর স্বামী হেলাল আবেদীনও একজন শিক্ষক। তাঁদের স্থায়ী নিবাস সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামে।
যাতায়াতের কষ্ট বর্ণনা করতে গিয়ে আরিফা আক্তার বলেন, ‘ঘর থেকে বের হয়ে স্বামীর মোটরসাইকেলে প্রথমে যাই উপজেলা সদরের নৌকাঘাটে। সেখান থেকে নৌকায় দুজনের পথ দুই দিকে। আমার স্কুল টাঙ্গুয়ার হাওরের পাড়ে মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দুর্গম এলাকা। যাতায়াতের ভালো ব্যবস্থা নেই। বর্ষায় নাও আর হেমন্তে পাও..।’
জলে-স্থলে দীর্ঘ পথচলা
আরিফার বাড়ি থেকে উপজেলা সদরের দূরত্ব প্রায় সাত কিলোমিটার। সেখান থেকে আরও ১৫ কিলোমিটার দূরে অবস্থিত তাঁর স্কুল। এই গন্তব্যে পৌঁছাতে নদী ও হাওরের বুক চিরে এগিয়ে যেতে হয়। বছরের প্রায় আট মাসই এই পথ নৌকায় পাড়ি দিতে হয়। বর্ষাকালে হাওরের উত্তাল ঢেউয়ের সঙ্গে লড়াই করে চলে নৌকা। ঝড় ও বৃষ্টি যেন তাঁদের নিত্যসঙ্গী। প্রায়ই দেখা যায়, সকালে ঝলমলে রোদ থাকলেও বিকেলে আকাশজুড়ে ঘন কালো মেঘের আনাগোনা। ঝোড়ো বাতাসে যখন ঢেউ আছড়ে পড়ে, তখন হাওরের বুকে দুলতে থাকে নৌকা।
একবার এক ভয়াবহ ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই মুহূর্তের স্মৃতিচারণ করে তিনি জানান, তাঁর মনে হয়েছিল এই বুঝি সব শেষ হয়ে গেল। তুমুল ঝড়ে নৌকায় পানি ঢুকছিল এবং বাতাসের তোড়ে উড়ে গিয়েছিল তাঁর ছাতা। চারপাশ ঝাপসা হয়ে আসছিল। তবে একসময় ঝড় থামলে তিনি স্বস্তি পান। সুনামগঞ্জের হাওর অঞ্চলের শিক্ষকদের জন্য বর্ষাকালে স্কুলে যাওয়া-আসার পথটি প্রায়ই এমন ঝুঁকিপূর্ণ অভিজ্ঞতার মুখোমুখি হয়।
আরিফা আক্তার আরও জানান, ‘এখানে যাত্রীবাহী নৌকার নিয়মিত ব্যবস্থা নেই। আমরা তিনটি স্কুলের শিক্ষকেরা মিলে একটি নৌকা ভাড়া নিয়েছি। বর্ষায় সেটাতেই স্কুলে যাওয়া-আসা করি। আসলে বেশি দুর্ভোগ হয় শুকনা মৌসুমে। তখন হাওরে পানি থাকে না; মোটরসাইকেল ও ইজিবাইকে অনেকটা পথ পাড়ি দেওয়ার পরেও সাত কিলোমিটার হাঁটতে হয়। মাঝখানে দুই জায়গায় খেয়ানৌকায় দুটি নদী পার হতে হয়। তারপর ধুলাভরা নির্জন পথে কাঠফাটা রোদে হেঁটে যাই; সেই পথের কিছু অংশে কোনো সড়ক নেই, শুধু সরু আলপথ। জুতা পায়ে নয়, বেশির ভাগ সময় হাতে নিয়েই চলতে হয়।’
শুধু যাতায়াতের কষ্টই নয়, অনেক স্কুলে পড়াশোনার পরিবেশও অত্যন্ত প্রতিকূল। আরিফা আক্তারের স্কুলটি নানা সমস্যায় জর্জরিত। প্রায় ৪০ বছর আগে নির্মিত টিন-ছাওয়া মাত্র তিনটি ঘর নিয়ে গড়ে উঠেছে মানিকখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ১৯৫ জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক আছেন মাত্র চারজন। স্কুল ভবনের দেয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে এবং টিনের চাল জরাজীর্ণ হয়ে এখানে-সেখানে ফুটো হয়ে গেছে। বৃষ্টির দিনে সেই ফুটো দিয়ে ভেতরে পানি পড়ে। বিদ্যালয়ে একটি নলকূপ থাকলেও তা গত ছয় মাস ধরে বিকল হয়ে পড়ে আছে, ফলে বিশুদ্ধ খাবার পানির কোনো ব্যবস্থা নেই। এছাড়া টয়লেট সুবিধাও অত্যন্ত নিম্নমানের।
শিক্ষক হওয়ার স্বপ্ন
নিজের স্কুলজীবনের কথা মনে করে আরিফা আক্তার বলেন, ‘আমার স্কুলজীবন সুন্দর ছিল। পাখির মতো স্বাধীন ছিলাম তখন। এখন জীবন অনেকটাই বদলে গেছে। সংসার হয়েছে, দায়িত্ব বেড়েছে। যৌথ পরিবার। সবাইকে নিয়ে চলতে হয়, সবার ভালোমন্দ দেখতে হয়। জীবনটা যে একটা নির্দিষ্ট রুটিনের মধ্যে বাঁধা পড়ে গেছে।
‘শিক্ষক হব, ইচ্ছাটা স্কুল থেকে মনে গাঁথা। মনে পড়ে প্রিয় শিক্ষক মতিউর রহমান স্যারের কথা। ২০০৮ সাল, অষ্টম শ্রেণিতে পড়ি। একদিন স্যার ক্লাসে জানতে চেয়েছিলেন, আমরা কে কী হতে চাই। বুঝে কিংবা না বুঝে আমি বলেছিলাম, শিক্ষক হব। শিক্ষক হয়েছি। অন্য কোনো চাকরির জন্য চেষ্টাই করিনি। আমি আমার এই পেশা নিয়ে গর্ব করি। বাচ্চাদের সঙ্গে সারা দিন থাকি, স্কুল বন্ধ থাকলে ভালো লাগে না। স্কুলের পথে রওনা হলেই মনে হয়, ছোট বাচ্চাগুলো আমার জন্য অপেক্ষা করছে, আমি কখন পৌঁছাব ওদের কাছে! আমি ক্লাসে ঢুকতেই ওরা আনন্দে চিৎকার করে উঠবে, কেউ কেউ ছুটে এসে জড়িয়ে ধরবে। এ এক অন্য রকম মায়া। বিশ্বাস করুন, এই মায়াই পথের সব ঝামেলা, কষ্ট, ক্লান্তি ভুলিয়ে দেয়।
‘গ্রামের অনেক পরিবার অসচ্ছল; তাদের বাচ্চাদের পোশাকপরিচ্ছদ, স্বাস্থ্য, চেহারা দেখে কিছুটা অনুমান করা যায়। আমি ভাবি, ওদের মা-বাবার হয়তো ছেলেমেয়েদের ঠিকমতো দেখাশোনা করার সুযোগ থাকে না; অনেক মা-বাবা হয়তো বাড়িতে বাচ্চাদের পড়াশোনায় সাহায্য করতে পারেন না। তাই আমি স্কুলে ওদের ভালোভাবে শেখানো-পড়ানোর চেষ্টা করি; যেন ওরা বাড়িতে না পড়লেও চলে। আমি ভাবি, এই বাচ্চাগুলো যদি পড়াশোনা করে ভালো কিছু করতে পারে, নিজেদের জন্য সুন্দর একটি জীবন গড়ে তুলতে পারে, তাহলেই শিক্ষক হিসেবে আমার জীবন সার্থক হবে।’
আর্থিক টানাপোড়েন থাকলেও হতাশা নেই
কথোপকথনের এক পর্যায়ে আরিফা আক্তার জানান, তাঁদের সংসারে আর্থিক টানাপোড়েন থাকলেও তিনি হতাশ নন। শিক্ষকদের জীবনে খুব বেশি প্রাচুর্য আসে না, এই বাস্তবতাকে মেনে নিয়েই তিনি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন।
তবে রাষ্ট্র বা সরকারের কাছে তাঁর কিছু দাবি রয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘হাওর অঞ্চলে কর্মরত শিক্ষকদের জন্য হাওর ভাতার কথা শুনেছিলাম, সেটার বাস্তবায়ন কোথায়?’
নতুন পে-স্কেল ঘোষণার পর নৌকার মাঝি ছেলেটি মন্তব্য করে, ‘আপামণি, আপনারার বেতন বাড়ছে শুনছি, নৌকার ভাড়া বাড়াইতে অইব।’ তবে আরিফা এই বিষয়ে কথা না বাড়িয়ে পুনরায় শিক্ষার্থীদের প্রসঙ্গেই ফিরে যান। তিনি বলেন, ‘আমি সব সময় এই বাচ্চাগুলোর কথা ভাবি। ওদের সুন্দর ভবিষ্যৎ গড়ার শুরুটা যদি একটু ভালো করে দিতে পারি, সেটাই হবে আমার জন্য পরম আনন্দের বিষয়।’