অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটসম্যান উসমান খাজা এক বিস্ফোরক দাবি করে ক্রিকেট বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন। তাঁর দাবি, ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় কেবল কয়েকজন নয়, বরং পুরো অস্ট্রেলিয়া দলই এই প্রক্রিয়ায় জড়িত ছিল। উল্লেখ্য, সেই নির্দিষ্ট টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন খাজা নিজেও।
খাজা আরও গুরুতর অভিযোগ এনেছেন যে, কেপ টাউন টেস্টের আগেই পোর্ট এলিজাবেথ (বর্তমানে গেবেরা) টেস্টেও বল টেম্পারিংয়ের একই কৌশল অবলম্বন করেছিল অস্ট্রেলিয়া দল।
ড্রেসিংরুমের কথা উল্লেখ করে খাজা জানান, তৎকালীন ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের ঠিক পাশেই বসতেন তিনি। কেপ টাউন টেস্টের সেই কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে কঠোর শাস্তি পেলেও, ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) তদন্তকারীরা খাজার অবস্থান জেনেও তাঁকে কোনোদিন জিজ্ঞাসাবাদ করেননি। নিজের আত্মজীবনী ‘সবর’-এ এই সব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করতে যাচ্ছেন খাজা। আগামী মঙ্গলবার বইটি প্রকাশিত হতে যাচ্ছে। চলতি বছরের জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার।
বইটির বিষয়বস্তু সম্পর্কে অস্ট্রেলিয়ার বর্তমান অধিনায়ক প্যাট কামিন্স এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) প্রধান নির্বাহী টড গ্রিনবার্গকে আগেই অবহিত করেছেন খাজা। ৩৯ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার কোনো পেশাদার লেখক বা সাংবাদিকের সহায়তা ছাড়াই সম্পূর্ণ নিজে বইটি লিখেছেন।
আত্মজীবনী প্রকাশের তিন দিন আগে আজ ‘নাইন পেপার্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা ২০১৮ সালের সেই কুখ্যাত ‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি দাবি করেন, কেপ টাউনে বলে শিরীষ কাগজ বা স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি দলের প্রত্যেকের জানা ছিল এবং এর আগের টেস্টেও এই পদ্ধতি ব্যবহৃত হয়েছিল। খাজার ভাষায়, “আমরা সবাই (জড়িত) ছিলাম। শুধু ব্যাটার, বোলার কিংবা স্টাফ নয়, আমরা সবাই।”
দীর্ঘদিন ধরে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ), সংশ্লিষ্ট খেলোয়াড় এবং স্টাফদের পক্ষ থেকে দাবি করা হয়ে আসছিল যে, এই ঘটনার জন্য কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফট দায়ী ছিলেন। সেই অপরাধে স্মিথ ও ওয়ার্নারকে এক বছরের জন্য আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয় এবং ব্যানক্রফট নিষিদ্ধ হন ৯ মাসের জন্য। এছাড়া তৎকালীন সহ-অধিনায়ক ওয়ার্নারকে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সব ধরনের নেতৃত্ব থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছিল। তবে ২০২৪ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, যার ফলে বিগ ব্যাশে (বিবিএল) সিডনি থান্ডারকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান তিনি।
২০২১ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্যানক্রফট দাবি করেছিলেন যে, বল টেম্পারিংয়ের বিষয়টি বোলারদের জানা ছিল। তবে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়ন একটি যৌথ বিবৃতিতে সেই দাবি অস্বীকার করেন। কামিন্স ও লায়নরা দাবি করেছিলেন, “নিউল্যান্ডসের বড় পর্দায় ছবিগুলো না দেখা পর্যন্ত আমরা জানতাম না বলের অবস্থা পরিবর্তন করতে মাঠে কোনো বহিরাগত বস্তু নেওয়া হয়েছিল।”
খাজা জানান, তিনি স্বেচ্ছায় সত্য প্রকাশকারী হতে চাননি। তবে অস্ট্রেলিয়ার হয়ে ৮৮টি টেস্ট, ৪০টি ওয়ানডে এবং ৯টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার এখন একে নিজের দায়িত্ব বলে মনে করছেন। তাঁর ভাষায়, “আদর্শ পরিস্থিতিতে আমি এটা করতে চাইতাম না। এমন কেউ হতে চাইতাম না, যে সামনে এসে সত্যটা প্রকাশ করবে। সমস্যা হলো, আমি ভেবেছিলাম যে আট বছর পর এত দিনে সত্যটা এমনিতেই সামনে চলে আসবে।”
তিনি আরও বলেন, “ভেবেছিলাম ডেভি (ওয়ার্নার) বিষয়টি ফাঁস করে দেবে অথবা অন্য কেউ এ নিয়ে আরও খোলামেলা কথা বলবে। তবে একদম শুরু থেকেই আমার অবস্থান ছিল—এর দায় সম্মিলিতভাবে নেওয়া উচিত।”
নিজের অবস্থান আরও স্পষ্ট করে খাজা বলেন, “ম্যাচের পর ড্রেসিংরুমে আমি তাদের সঙ্গে কথা বলেছি। বলেছিলাম, “দল হিসেবে এটার দায় নাও।” আমরা দলগতভাবেই এটা করেছি। কী হচ্ছিল, তা আমরা জানতাম এবং দল হিসেবেই আমাদের এর দায় নিতে হবে—আমার অবস্থান সব সময়ই এমন ছিল। শেষ পর্যন্ত এতে কাজ হয়নি এবং ওই তিনজনকে শাস্তি দেওয়া হয়।”
সাক্ষাৎকারে ওয়ার্নার, ব্যানক্রফট ও স্মিথের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন খাজা। তিনি বলেন, “গত আট বছরে আমি দেখেছি ডেভিকে (ওয়ার্নার) বারবার কতটা নির্মমভাবে বিদ্ধ করা হয়েছে...ও শুধু সহ্যই করে গেছে, একের পর এক সহ্য করে গেছে। আর ব্যাঙ্গার্স (ব্যানক্রফট) ওই ঘটনার পর অল্প দিন টেস্ট খেললেও তারপর আর কখনো দলে ফিরতে পারেনি। স্মিথের কথাও ধরা যাক...আমি জানি, ওই একটা বছর সবকিছু যেভাবে ঘটেছিল, তা সে কখনোই ভুলে যায়নি।”
তদন্ত প্রক্রিয়ার সমালোচনা করে খাজা বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, জেনেশুনেই আমার সাক্ষাৎকার নেওয়া হয়নি; কারণ তারা জানত যে আমি দল হিসেবে দায়টা নিতে চাই। সাক্ষাৎকার নিলে আমি সত্য বলতে প্রস্তুত ছিলাম।”
কেন এখন এই সত্য প্রকাশ করলেন, সে বিষয়ে খাজা ব্যাখ্যা করেন, “আমি অন্য কোনো কারণে এটা করছি না, শুধু মনে করেছি এটাই সঠিক কাজ। সব সময় বিশ্বাস করি ক্রিকেটের বাইরেও জীবনে অনেক কিছু আছে, আর ছেলেরা কোনো না কোনোভাবে এই বিচার পাওয়ার যোগ্য। অথচ মনে হচ্ছে না কেউ তাদের সেই ন্যায়বিচার দেবে। তিনজনের কেউ-ই মুখ খুলতে চায় না। সেটাই স্বাভাবিক, কারণ তারা নিজে কিছু বললে তা কেবল কথার কথা বা “তাদের নিজেদের বক্তব্য” বলেই গণ্য হবে। তাই তাদের হয়ে কথা বলার জন্য অন্য কারও প্রয়োজন ছিল।”
উল্লেখ্য, কেপ টাউন ও জোহানেসবার্গ টেস্টের মধ্যবর্তী সময়ে তৎকালীন সিএ প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নৈতিকতা বিভাগের প্রধান ইয়েন রয় ও পারফরম্যান্স ম্যানেজার প্যাট হাওয়ার্ডকে তদন্তের জন্য পাঠিয়েছিলেন। সেই তদন্তের আলোকেই স্মিথ, ওয়ার্নার ও ব্যানক্রফটের শাস্তি নির্ধারিত হয়।
খাজা আক্ষেপ করে বলেন, “পুরো টেস্টে আমি ব্যানক্রফটের ঠিক পাশেই বসেছি, অথচ আমাকে কোনো সাক্ষাৎকার বা জিজ্ঞাসাবাদই করা হয়নি। আমার দৃঢ় বিশ্বাস, জেনেশুনেই আমার সাক্ষাৎকার নেওয়া হয়নি; কারণ তারা জানত যে আমি দল হিসেবে দায়টা নিতে চাই। সাক্ষাৎকার নিলে আমি সত্য বলতে প্রস্তুত ছিলাম। শুধু ফোনটি বাজার অপেক্ষায় ছিলাম। কিন্তু ফোন আর কখনোই বাজল না, এর মধ্যেই শাস্তি ঘোষণা করা হলো এবং আমি বিষয়টি কিছুতেই বিশ্বাস করতে পারিনি।”
খাজার এই বিস্ফোরক দাবির পর ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। তারা তাদের তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা ও সততা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে জানায়, “২০১৮ সালের কেপ টাউনের টেস্টের পর গত আট বছরে এ নিয়ে প্রচুর জল্পনা-কল্পনা হয়েছে, যার মধ্যে গত মাসে দক্ষিণ আফ্রিকা সিরিজ জুড়েও ব্যাপক মিডিয়া কাভারেজ ছিল। এই সময়ে যেকোনো প্রাসঙ্গিক তথ্য উপস্থাপনের সুযোগ সব সময়ই ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে এখন পর্যন্ত যত প্রাসঙ্গিক তথ্য উপস্থাপন করা হয়েছে, সেগুলোর যথাযথ মূল্যায়ন করা হয়েছে এবং নিজেদের সততা ও স্বচ্ছতা এবং তদন্ত প্রক্রিয়ার ফলাফলের ওপর আস্থা এখনো অটুট রয়েছে।”