পশ্চিম ইউরোপের বর্তমান সময়ে সবচেয়ে সফল পপুলিস্ট উগ্র ডানপন্থী দলগুলোর শীর্ষ নেতাদের দিকে তাকালে একটি বিশেষ সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যা অনেকেরই নজর এড়িয়ে যায়। ইতালির মাত্তেও সালভিনি, ফ্রান্সের জর্ডান বারদেলা, সুইডেন ডেমোক্র্যাটসের জিমির আকিসন এবং বেলজিয়ামের ‘ফ্লামস বেলাং’-এর টম ভ্যান গ্রিকেন—তাঁরা সবাই বর্তমানে যে দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন, অতীতে সেই দলগুলোরই যুব সংগঠনের প্রধান ছিলেন।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিও একসময় উগ্র ডানপন্থী যুব সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, “একজন রাজনীতিবিদ হিসেবে গড়ে ওঠার চেয়েও একজন মানুষ ও ইতালীয় হিসেবে আমার আত্মপ্রকাশের পেছনে আমার যুব সংগঠন অ্যাকটিভিজমের অবদান সবচেয়ে বেশি। এর চেয়ে ভালো রাজনৈতিক শিক্ষার জায়গা আর হতে পারে না।” গবেষকদের নতুন বই ‘ইয়ুথ উইংস অব দ্য পপুলিস্ট র্যাডিক্যাল রাইট’-এ ইউরোপের এমন ১০টি সংগঠনের বিস্তারিত বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, এই যুব সংগঠনগুলো উগ্র ডানপন্থীদের তৃণমূল পর্যায়ে কর্মী সংগ্রহ, প্রতিনিধি তৈরি এবং ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তোলার প্রশিক্ষণ ও পদোন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্লেষকদের মতে, ২০২০-এর দশকে উগ্র ডানপন্থী দলগুলোর প্রসারের পেছনে যুব সংগঠনের নেতা ও সাধারণ কর্মীদের বিশেষ অবদান রয়েছে। তারা মূলত তিনটি প্রধান লক্ষ্য অর্জনে সহায়তা করছেন: আন্তর্জাতিকীকরণ, পেশাদারিত্ব বৃদ্ধি এবং সামাজিক গ্রহণযোগ্যতা বা স্বাভাবিকীকরণ অর্জন।
প্রথমত, এই যুব সংগঠনগুলো তাদের মূল দলের চেয়েও দ্রুত আন্তঃদেশীয় জোট গঠনের উদ্যোগ নিচ্ছে। এর একটি বড় উদাহরণ হলো ২০২২ সাল থেকে বুদাপেস্টে প্রতিবছর আয়োজিত ‘ট্রান্সঅ্যাটলান্টিক প্যাট্রিয়ট সামিট’। এই সম্মেলনের মাধ্যমে ইউরোপ, ভারত, ইসরায়েল, লাতিন আমেরিকা এবং যুক্তরাষ্ট্রের যুবনেতারা এক প্ল্যাটফর্মে একত্রিত হচ্ছেন। এর ফলে তারা সাধারণ উদ্দেশ্য নিয়ে আলোচনা করার পাশাপাশি দীর্ঘমেয়াদী পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে পারছেন, যা তাদের রাজনৈতিক ক্যারিয়ারে সহায়ক হয়।
দ্বিতীয়ত, তারা আন্তর্জাতিক, জাতীয় এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রশিক্ষণের বিষয়ে অত্যন্ত যত্নবান। এক সময় যাদের ‘অপেশাদার’ বলে উপহাস করা হতো (যা অনেক ক্ষেত্রে সত্যও ছিল), সেই উগ্র ডানপন্থীরা এখন নিজেদের পেশাদার হিসেবে গড়ে তুলতে ব্যাপক বিনিয়োগ করছে। দলে আসা তরুণদের কেবল আদর্শ ও ইতিহাসই শেখানো হচ্ছে না, বরং তাদের বক্তৃতাকলা এবং মিডিয়া কমিউনিকেশনের বিষয়েও দক্ষ করে তোলা হচ্ছে। তাঁদের পরিকল্পিতভাবে রাজনীতিবিদ হিসেবে প্রস্তুত করা হচ্ছে, যার বাস্তব প্রমাণ হিসেবেই আকিসন, বারদেলা, মেলোনি ও সালভিনিদের বর্তমান সাফল্যকে দেখা যায়।
তৃতীয়ত, বিশ্ববিদ্যালয় থেকে পাস করা উচ্চশিক্ষিত তরুণদের এই দলগুলোতে আকৃষ্ট করা হচ্ছে। তাঁদের বাহ্যিক রূপ ও কথা বলার ধরন সংবাদমাধ্যমে প্রদর্শিত উগ্র ডানপন্থীদের সেই গতানুগতিক ক্রুদ্ধ তরুণদের চেয়ে সম্পূর্ণ আলাদা। এই পরিবর্তন উগ্র ডানপন্থীদের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে সহায়তা করছে। মার্জিত চেহারার এবং স্পষ্টভাষী পেশাদার নেতা তৈরি করার ফলে ভোটারদের কাছে এই দলগুলো আর চরমপন্থী বা অবৈধ মনে হয় না, বরং একটি গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে।
ফ্রান্সের জঁ-মারিন লো পেন বা ইতালির উম্বার্তো বোসির মতো অতীতের অমার্জিত নেতাদের ভাবমূর্তি থেকে তারা নিজেদের যত দূরে সরিয়ে নিতে পারছেন, তত বেশি সাধারণ তরুণদের আকৃষ্ট করতে সক্ষম হচ্ছেন।
তবে এই উগ্র ডানপন্থীরা তাঁদের আচরণগত রুক্ষতা কিছুটা কমিয়ে মসৃণ করার কৌশল খুঁজে পেলেও, তাঁদের মূল আদর্শ এখনো চরম জাতীয়তাবাদী এবং পরমত-অসহিষ্ণু। সহজ কথায়, যুব সংগঠনগুলোর মাধ্যমে উগ্র ডানপন্থীদের এই নতুন রূপ বা পুনর্জন্ম উদার গণতান্ত্রিক ব্যবস্থার জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
ইউরোপের তরুণদের একটি বড় অংশ চাকরির অনিশ্চয়তা এবং আবাসন সংকটের কারণে ২০ থেকে ৩০ বছর বয়স পর্যন্ত বাবা-মায়ের ওপর নির্ভরশীল হয়ে থাকতে বাধ্য হচ্ছেন। ফলে মূলধারার রাজনৈতিক দলগুলো তাঁদের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে পারবে—এমন বিশ্বাস তরুণদের মনে আর নেই। অন্যদিকে, সাক্ষাৎকারে অংশগ্রহণকারী তরুণ উগ্র ডানপন্থী কর্মীরা জানিয়েছেন যে, তাঁদের দলগুলো সরাসরি তাঁদের উদ্বেগের বিষয়গুলো নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলে এবং সমাধানের পথ দেখায়। মূলধারার রাজনৈতিক দলগুলোর জন্য এখন ঠিক এই কাজটি করাই সবচেয়ে জরুরি।
প্রবন্ধটির লেখক ক্যাস মুডে, যিনি জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের অধ্যাপক এবং ডানকান ম্যাকডোনেল, যিনি অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে অবস্থিত ফ্লিন্ডার্স ইউনিভার্সিটির রাজনৈতিক বিশেষজ্ঞ। মূল লেখাটি দ্য গার্ডিয়ান থেকে সংক্ষেপে অনূদিত।