ঢাকার মিরপুরে এক যুব মহিলা লীগ নেত্রীকে বাসায় ঢুকে নির্যাতন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও এক্সে ব্যাপক প্রচারণা চালানো হয়। এক নারীর পিঠে আঘাতের চিহ্ন সংবলিত ছবি দিয়ে এই দাবি ছড়িয়ে পড়ে। অর্ধশতাধিক অ্যাকাউন্ট থেকে এই একই প্রচারণার বিষয়টি মুক্তকণ্ঠ বিস্তারিতভাবে যাচাই করেছে।

আজ শুক্রবার (৬ নভেম্বর) দিনভর ছড়িয়ে পড়া ওই পোস্টগুলোতে দাবি করা হয়, নির্যাতিতা নারী থানায় অভিযোগ জানাতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তাঁর কথা হয়। তবে ঘটনাটি ঠিক কবে ঘটেছে, তার কোনো নির্দিষ্ট তারিখ বা সময়ের উল্লেখ করা হয়নি।

মুক্তকণ্ঠের অনুসন্ধানে এবং প্রযুক্তিগত যাচাইয়ে দেখা গেছে, ওই ছবিটিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহারের তথ্য রয়েছে। অন্যদিকে, পুলিশ নিশ্চিত করেছে যে এমন কোনো অভিযোগ তাদের কাছে আসেনি। এমনকি পোস্টে যে পরিচয় ব্যবহার করা হয়েছে, বাস্তবে তার কোনো অস্তিত্বও পাওয়া যায়নি।

এই ছবিটি যারা পোস্ট করেছেন, তাদের মধ্যে তিনজনের সঙ্গে যোগাযোগ করেছে মুক্তকণ্ঠ। তাদের কাছে ওই নারীর সঙ্গে যোগাযোগের মাধ্যম, বর্তমান ঠিকানা এবং থানায় দায়ের করা অভিযোগের অনুলিপি চাওয়া হয়। কিন্তু কেউই এসব প্রমাণ দিতে পারেননি। শেষ পর্যন্ত তারা স্বীকার করেন যে, অন্যের পোস্ট কপি করে তারা নিজেদের অ্যাকাউন্টে শেয়ার করেছেন এবং ঘটনা সম্পর্কে তাদের বিস্তারিত কোনো জ্ঞান নেই।

ফেসবুক ও এক্সের পোস্টগুলোতে এক ব্যক্তির পিঠের ছবি দিয়ে তাঁর নাম ‘শ্রীময়ী রীতা রানী’ বলে উল্লেখ করা হয়। তাঁকে মিরপুর থানা যুব মহিলা লীগের ‘সংগঠক’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। দাবি করা হয়, তিনি হিন্দু ধর্মাবলম্বী, আওয়ামী লীগের রাজনীতি করেন এবং দেখতে সুন্দরী হওয়ায় তাঁর বাসায় ঢুকে ‘পাশবিক নির্যাতন’ চালানো হয়েছে, যার ফলে তাঁর শরীর রক্তাক্ত হয়ে পড়ে।

কিছু পোস্টে ফিরোজ নামে এক ব্যক্তিকে এই নির্যাতনের জন্য দায়ী করা হয়েছে। তবে তাঁর পরিচয় নিয়ে পোস্টগুলোর বর্ণনায় ব্যাপক অসংগতি দেখা গেছে। কোথাও বলা হয়েছে, মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নির্দেশে ফিরোজ ওই নারীর বাসায় ঢোকেন। আবার কোথাও ফিরোজকেই থানা কমিটির আহ্বায়ক হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, তাঁর নেতৃত্বেই এই নির্যাতন চালানো হয়েছে।

পোস্টদাতারা আরও দাবি করেন, ওই নারী মিরপুর থানায় অভিযোগ করতে গেলে ওসি তাঁকে বলেন, তাঁর সৌন্দর্যই তাঁর ‘কাল’। এমনকি ওসি তাঁকে বোরকা পরার পরামর্শও দেন বলে দাবি করা হয়। এসব অভিযোগের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা, নারী ও শিশুদের নিরাপত্তা এবং নারীবাদীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

মুক্তকণ্ঠ এই সংক্রান্ত অর্ধশতাধিক পোস্ট যাচাই করেছে। দেখা গেছে, প্রথমে শুক্রবার বেলা ১১টা ৫৯ মিনিটে ‘এফ কে জয় জয়’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়। পরবর্তীতে ‘মুকুল আহমেদ’ ও ‘সুমন মল্লিক’ নামের আরও দুটি প্রোফাইল থেকে একই দাবি করা হয়। প্রোফাইলগুলোর পূর্ববর্তী পোস্ট পর্যালোচনা করে দেখা যায়, তারা নিয়মিতভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে পোস্ট দিয়ে থাকেন।

বিকেল ৪টা ৪৮ মিনিটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন নিজের ফেসবুক পেজে ছবিটি পোস্ট করেন। রাত আটটা পর্যন্ত তাঁর ওই পোস্টে প্রায় চার হাজার প্রতিক্রিয়া পড়ে। এক্সেও একাধিক অ্যাকাউন্ট থেকে এই দাবি ছড়ানো হয়। এর মধ্যে ‘Dr Baidyanath Ghosh’ নামের একটি অ্যাকাউন্টের পোস্ট রাত নয়টা পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার বার দেখা হয়েছে।

ছবিটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয় এবং অনেক পাঠক ফোন করে সত্যতা জানতে চান। এরপর মুক্তকণ্ঠ ছবিটিকে যাচাইয়ের জন্য সিন্থআইডি, ওপেনএআইয়ের এআই-জেনারেটেড কনটেন্ট যাচাইয়ের টুল এবং হাইভ মডারেশন—এই তিনটি টুল ব্যবহার করে। যাচাইয়ে দেখা যায়, ছবিটি তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছে। তবে পুরো ছবিটি এআই দিয়ে তৈরি নাকি আগের কোনো ছবি সম্পাদনা করা হয়েছে, তা স্পষ্ট নয়।

ছবির উৎস খুঁজতে গিয়ে প্রায় এক মাস আগের কিছু অনলাইন পোস্ট পাওয়া যায়। সেখানে ভারতের কেরালায় যৌতুকের দাবিতে এক নববধূকে তাঁর স্বামীর নির্যাতনের ঘটনার সঙ্গে একটি ছবি দেওয়া হয়েছিল। মিরপুরের ঘটনার দাবিতে ছড়ানো ছবিটির সঙ্গে ওই ছবির কিছুটা মিল থাকলেও, কেরালার ঘটনার ছবি সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এছাড়া ওই নারীর দলীয় পরিচয় নিয়েও অসংগতি পাওয়া গেছে। তাঁকে ‘মিরপুর থানা যুব মহিলা লীগের সংগঠক’ বলা হলেও, যুব মহিলা লীগের একাধিক সূত্র মুক্তকণ্ঠকে জানিয়েছে, সংগঠনটিতে ‘সংগঠক’ নামে কোনো পদের অস্তিত্ব নেই।

ঘটনাটি যাচাই করতে মিরপুর থানার ওসি মো. হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজ সন্ধ্যায় মুক্তকণ্ঠকে বলেন, “তাঁর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এমন অভিযোগ নিয়েও কোনো নারী থানায় আসেননি।”

মিরপুর বিভাগের অন্যান্য থানায় এমন ঘটনা ঘটেছে কি না তা জানতে যোগাযোগ করা হলে মিরপুর বিভাগের উপকমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার মুক্তকণ্ঠকে বলেন, “তাঁর বিভাগের অধীন কোনো থানা এলাকায় এমন ঘটনা ঘটেনি। পোস্টে যে নারীর কথা বলা হয়েছে, এমন নামে বা তাঁর পক্ষে কেউ মিরপুর বিভাগের কোনো থানায় মামলা বা অভিযোগ করতেও আসেননি।”

অভিযোগে নাম আসা মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদের সঙ্গে কথা বলেছে এই প্রতিবেদক। তিনি মুক্তকণ্ঠকে বলেন, “এমন কোনো বিষয়ে আমি কিছুই জানি না। তাঁকে চিনিও না। এলাকায় এমন নামে কেউ আছেন, আবার তিনি যুব মহিলা লীগ করেন—এমন শুনিওনি। কেউ বলতেও পারছেন না। অনেক পুলিশ কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার লোকেরাও আমাকে ফোন দিয়েছেন।”

ফিরোজ আহমেদ আরও বলেন, “একেক জায়গায় আমার পরিচয় একেকভাবে দেওয়া হয়েছে। একেবারেই উড়ো একটি খবর ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও কাল্পনিক। আমি বর্বর জগতে বসবাস করি না যে আমার দ্বারা এমন ঘটনা ঘটবে। আমিও চাই প্রকৃত ঘটনার উদ্‌ঘাটন হোক।”