প্রযুক্তি ও উদ্ভাবনী উৎকর্ষের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ‘আইডিয়াল অ্যাসোসিয়েশন অব ইনফরমেটিকস অ্যান্ড টেকনোলজি (আইএআইটি) জাতীয় আইটি উৎসব ২০২৬’–এর হ্যাকাথনে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।
সম্প্রতি রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই মর্যাদাপূর্ণ সফটওয়্যার উন্নয়ন প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে ‘টেবলটার্নার্স’ নামের তিন সদস্যের একটি দল। দেশের বিভিন্ন প্রান্তের ৭০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৮০০ শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন।
প্রতিযোগিতার মূল চ্যালেঞ্জ ছিল নির্দিষ্ট সময়ের সীমাবদ্ধতা এবং সীমিত উপকরণের মধ্যে ঢাকার বাস্তবমুখী নগর পরিবহন সমস্যার সমাধানে একটি কার্যকর ‘ফুল–স্ট্যাক’ সফটওয়্যার তৈরি করা। অংশগ্রহণকারী দলগুলোকে নির্ধারিত সময়ের ভেতরেই তাদের উদ্ভাবিত সফটওয়্যারটি তৈরি করে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়।
নটর ডেম বিশ্ববিদ্যালয়ের হামজা হোসেন, তালাল আবিদ ও আবদুল্লাহ আহসানের সমন্বয়ে গঠিত দলটি অত্যন্ত বুদ্ধিদীপ্ত একটি ট্রানজিট ও রুট প্ল্যানিং প্ল্যাটফর্ম তৈরি করে। এই প্ল্যাটফর্মে রুট অনুসন্ধান, ভাড়া ও যাতায়াতের সম্ভাব্য সময়ের হিসাব, যাতায়াতের পথে বিদ্যমান প্রতিবন্ধকতার তাৎক্ষণিক আপডেট এবং ব্যবহারকারীদের সরাসরি মতামত যাচাইয়ের মতো অত্যন্ত কার্যকর ও চমৎকার ফিচার যুক্ত করা হয়েছে। টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে নিবিড় কোডিং ও কঠোর পরিশ্রমের পর নটর ডেম বিশ্ববিদ্যালয়ের দলটি তাদের এই বিজয়ী প্ল্যাটফর্মটি সফলভাবে তৈরি করতে সক্ষম হয়।