২০২৭ সালের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত করে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এই তালিকা অনুযায়ী, আগামী বছর পবিত্র ঈদুল ফিতরে টানা ৫ দিন এবং ঈদুল আজহায় ৬ দিন ছুটি পাওয়া যাবে। এছাড়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২ দিন ছুটি রাখা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি হতে পারে বলে জানা গেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে প্রাপ্ত তথ্যানুসারে, চলতি বছরের ধারাবাহিকতায় আগামী বছরও ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন সাধারণ ছুটি হিসেবে গণ্য হবে। ঈদুল ফিতরের আগে দুই দিন এবং পরে দুই দিন নির্বাহী আদেশে ছুটি প্রদান করা হবে। এর ফলে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাবেন।
অন্যদিকে, ঈদুল আজহার ক্ষেত্রে ঈদের আগে দুই দিন এবং পরে তিন দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। ঈদের দিনের সাধারণ ছুটিসহ এই উৎসবে মোট ছয় দিন ছুটি পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
নতুন ছুটির তালিকায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিনটিকে সাধারণ ছুটি হিসেবে রাখা হয়েছে। পাশাপাশি মহানবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২ নভেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির এই তালিকাটি অনুমোদন করা হয়। তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। তবে এই ছুটির মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারের সাথে।