নাটোরের লালপুরে অনলাইন জুয়া পরিচালনা, বেটিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এড়াতে একজন অভিযুক্ত ঘরের সিলিংয়ের ওপর লুকিয়ে থাকলেও শেষ রক্ষা হয়নি, পুলিশ তাকে সেখান থেকেই ধরে ফেলে।
গত বুধবার (৪ নভেম্বর) ভোররাতে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের পরিচয় পাওয়া গেছে— তারা হলেন উপজেলার মমিনপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মারুফ আলী ওরফে সিজান এবং মহোরকয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রাসেম ইসলামের ছেলে ইমন ইসলাম। অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির ২৪টি সিম কার্ড এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলা ও বেটিং পরিচালনার পাশাপাশি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাক করে প্রতারণার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।
পুলিশের প্রাপ্ত তথ্যানুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানা-পুলিশের একটি দল উপজেলার মহারাজপুর মধ্যপাড়া গ্রামের পলাশ আহমেদের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির একটি টিনশেড ঘরে তল্লাশি চালানোর সময় দেখা যায়, মারুফ আলী সিলিংয়ের ওপর লুকিয়ে আছেন। পুলিশ তাকে সেখান থেকেই গ্রেপ্তার করে। পরবর্তীতে বাড়ির অন্য একটি ঘর থেকে ইমন ইসলামকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, বুধবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং জুয়া প্রতিরোধ আইনে নিয়মিত মামলা করা হয়। এরপর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।