বাংলাদেশে জ্বালানি সম্পদ অনুসন্ধান ও উত্তোলনের লক্ষ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) মাধ্যমে বিনিয়োগ করতে ব্রুনাই দারুসসালামকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। এর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ব্রুনাইয়ের সঙ্গে দীর্ঘমেয়াদি ও টেকসই সহযোগিতা গড়ে তোলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

বুধবার (৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, দ্বিপক্ষীয় বৈঠকে দুই দেশের মন্ত্রীরা বাংলাদেশ ও ব্রুনাইয়ের মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্কের অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।

এর আগে মঙ্গলবার (৩ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডায় কমনওয়েলথ সরকারপ্রধানদের সম্মেলনের (সিএইচওজিএম) এক বিশেষ অধিবেশনের ফাঁকে এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী দাতো সেরি সেতিয়া ড. আওয়াং হাজি মোহাম্মদ আমিন লিউ বিন আবদুল্লাহর সঙ্গে এক বৈঠকে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির বিনিয়োগের এই আহ্বান জানান।

জ্বালানি খাতের পাশাপাশি বাংলাদেশের ইসলামী ব্যাংকিং খাতের সম্ভাবনা তুলে ধরেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির। তিনি এই খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য ব্রুনাইকে উৎসাহিত করেন।

মানবসম্পদ ও জনশক্তি সহযোগিতার বিষয়ে আলোচনা করতে গিয়ে হুমায়ুন কবির জানান, ব্রুনাইয়ের শ্রমবাজারের বর্তমান চাহিদা মেটাতে বাংলাদেশ আরও দক্ষ, আধা-দক্ষ এবং উচ্চশিক্ষিত পেশাজীবী কর্মী পাঠাতে সম্পূর্ণ প্রস্তুত।

বৈঠকে ব্রুনাইয়ের দ্বিতীয় অর্থমন্ত্রী ব্রুনাইয়ের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় অবদানের কথা স্বীকার করেন। একই সঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।