তৈরি পোশাক খাতের শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষের প্রেক্ষাপটে গঠিত নতুন গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক আজ বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় বুধবার (৪ নভেম্বর) এক আনুষ্ঠানিক নোটিশের মাধ্যমে এই বিষয়টি নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের ওই নোটিশে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩৯ ধারা অনুযায়ী ‘গার্মেন্টস’ শিল্প সেক্টরে কর্মরত সকল স্তরের শ্রমিক ও কর্মচারীগণের জন্য নিম্নতম মজুরি হারের সুপারিশ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নিম্নতম মজুরী বোর্ডের এই প্রথম সভাটি বুধবার (৪ নভেম্বর) বেলা ১১টায় বোর্ডের চেয়ারম্যানের (সিনিয়র জেলা জজ) সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। সভার স্থান হিসেবে নির্ধারিত করা হয়েছে বোর্ডের সভাকক্ষ, যা শাহ পোরশিয়া ভবনের ১৪তম তলায় (৪০, সেগুনবাগিচা, ঢাকা-১০০০) অবস্থিত।
নোটিশে আরও বলা হয়েছে, উক্ত সভায় বোর্ডের সম্মানীয় সদস্যগণকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
উল্লেখ্য যে, গত রোববার শ্রম মন্ত্রণালয় দুটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করেছে। একই সাথে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের জন্য মালিক ও শ্রমিক প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে। ছয় সদস্যের এই বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান।
মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। এছাড়া নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদকে।