পটুয়াখালীর দশমিনায় গাছ কাটার কাজ করতে গিয়ে রাকিব (২৭) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে জেলার দশমিনা উপজেলার চরবোরহান ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহেবের বাজার এলাকায় জাহাঙ্গীর সরদারের বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে। তবে রাকিবের মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে রহস্য দানা বেঁধেছে। পরিবারের সদস্যদের কাছে দুর্ঘটনার বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা।
মৃত রাকিব পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আদম আলী প্যাদার একমাত্র পুত্র। দীর্ঘ সময় ধরে গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করে তিনি তার সংসার চালিয়ে আসছিলেন। তার পরিবারে স্ত্রী, দুই সন্তান এবং বৃদ্ধ মা রয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে শোকাতুর হয়ে পড়েছে তার পরিবার।
মৃতের বোন নাজমা এবং চাচাতো ভাই নুর আলম প্যাদা জানান, গত শনিবার ডাকুয়া ইউনিয়নের আমিন বেপারীর সঙ্গে গাছ কাটার কাজে চরবোরহানে গিয়েছিলেন রাকিব। সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। পরদিন দুপুরে ফোনের মাধ্যমে তারা জানতে পারেন যে, রাকিব দুর্ঘটনার শিকার হয়েছেন এবং টিনের চাল থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। এই খবর পাওয়ার পরপরই তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অচেতন অবস্থায় রাকিবকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করার পর মৃত ঘোষণা করেন।
স্বজনরা আরও জানান, রাকিবের মৃত্যুর কারণ সম্পর্কে তারা পরস্পরবিরোধী কথা শুনতে পাচ্ছেন। কেউ বলছেন, গাছ কাটতে গিয়ে তিনি পড়ে গেছেন; আবার কেউ বলছেন, ঘরের টিনের চাল থেকে পড়ে আহত হয়েছেন। কারও মতে, গাছের আঘাতে তার মৃত্যু হয়েছে। প্রকৃতপক্ষে কী ঘটেছিল, তা তারা নিশ্চিত নন। তবে নুর আলম জানান, মরদেহের বুকের ডান পাশে কাটা চিহ্ন লক্ষ্য করেছেন তারা। তিনি আরও অভিযোগ করেন যে, ঘটনার পর আমীন বেপারীসহ ঘটনাস্থলে থাকা অন্য কোনো শ্রমিক হাসপাতালে আসেননি।
অন্যদিকে, রাকিবের সঙ্গে কাজ করা শিপলু সরদার, মুজাফফরসহ অন্যান্য শ্রমিকরা দাবি করেন, তারা গাছ কাটার সময় প্যাকিংয়ের দড়ি ধরে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রাকিব রান্নাঘরের টিনের চালে উঠে গাছের ডাল কাটেন এবং এরপর কিছুটা দূরে সরে যান। পরে তারা দড়ি ধরে টান দিলে গাছটি পড়ে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ রাকিবের চিৎকার শুনতে পান তারা। দ্রুত সেখানে গিয়ে তারা দেখেন, রান্নাঘর ও ঘরের মাঝখানের টিনের চালের ডোঙ্গা ভেঙে রাকিব নিচে পড়ে আছেন।
গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন নাঈম তানহা জানান, বিকেল ৫টার দিকে স্বজনরা রাকিবকে হাসপাতালে নিয়ে আসলে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এই ঘটনার বিষয়ে দশমিনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহ বুধবার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”