সাউথইস্ট ইউনিভার্সিটিতে (এসইইউ) দুই দিনব্যাপী ‘১২তম আইইইই ইন্টারন্যাশনাল উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) কনফারেন্স অন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর (শুক্রবার ও শনিবার) আইইইই বাংলাদেশ সেকশন এবং আইইইই উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউআইই) অ্যাফিনিটি গ্রুপ, বাংলাদেশ সেকশনের যৌথ ব্যবস্থাপনায় এই আন্তর্জাতিক সম্মেলনটি আয়োজন করা হয়। উক্ত সম্মেলনে দেশি-বিদেশি গবেষক, শিক্ষাবিদ, শিল্পবিশেষজ্ঞ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

সম্মেলনটির মূল লক্ষ্য ছিল প্রকৌশল বিদ্যায় নারীদের অংশগ্রহণকে আরও উৎসাহিত করা, প্রযুক্তিগত উদ্ভাবনগুলো সবার সামনে উপস্থাপন করা এবং গবেষণালব্ধ ফলাফল বিনিময়ের মাধ্যমে জ্ঞানের পরিধি বিস্তৃত করা।

গত শুক্রবার এসইইউ-এর মাল্টিপারপাস হলে এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মেলনের জেনারেল চেয়ার অধ্যাপক সেলিয়া শাহনাজ, টিপিসি চেয়ার অধ্যাপক শেখ আনোয়ারুল ফাত্তাহ, আইইইই বাংলাদেশ সেকশনের চেয়ার ও অর্গানাইজিং চেয়ার অধ্যাপক এম ইমামুল হাসান ভূঁইয়া এবং সম্মেলনের প্যাট্রন ও এসইইউয়ের উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মেলনের জেনারেল চেয়ার ও এসইইউর সহ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন। এছাড়া এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লেখক, সেশন চেয়ার এবং সাউথইস্ট ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন স্বনামধন্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এই সম্মেলনে মোট ছয় শতাধিক গবেষণাপত্র জমা পড়ে। এতে যুক্তরাষ্ট্র, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, জার্মানি, চীন, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের গবেষক ও লেখকেরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গবেষণার মান অত্যন্ত উচ্চ পর্যায়ে রাখার লক্ষ্যে কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করা হয় এবং শেষ পর্যন্ত মাত্র ২৫ শতাংশ গবেষণাপত্র উপস্থাপনের জন্য নির্বাচিত হয়।

সম্মেলন চলাকালীন দেশি-বিদেশি বিশিষ্ট বিশারদদের মূল প্রবন্ধ (কীনোট অ্যাড্রেস) এবং আমন্ত্রিত বক্তব্য উপস্থাপিত হয়। আমন্ত্রিত বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন সুইডেনের সিনিয়র ইনফরমেশন সিকিউরিটি স্পেশালিস্ট ও সিআইএসও মার্গারেথা এরিকসন, সুইডেনের কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অব টেকনোলজির আইইইই ফেলো এবং যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর অধ্যাপক লিনা বার্টলিং জার্নবার্গ, ভারতের কেরালা ইউনিভার্সিটির জ্যোতি রামাস্বামী, যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিনের পদমজা পুলিভার্তি, রাইথের অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার (লিথোগ্রাফি) ডা. রাইসা ফাবিহা এবং ভারতের কলকাতার টিসিএস রিসার্চের সিনিয়র সায়েন্টিস্ট মঞ্জিরা সিনহা।

শনিবার আয়োজিত সমাপনী অনুষ্ঠানে অসামান্য গবেষণা অবদানের স্বীকৃতিস্বরূপ তিনটি ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। পাশাপাশি প্রতিটি টেকনিক্যাল সেশনের সেরা উপস্থাপকদের জন্য ‘বেস্ট প্রেজেন্টার অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।