মাদারীপুর সদর হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ, চরম অপরিচ্ছন্নতা এবং অবকাঠামোগত নানা ত্রুটি পরিদর্শনে গিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনে গিয়ে তিনি গুরুতর অভিযোগ পান যে, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে তা কিনে আনতে বলা হচ্ছে। এই ধরনের অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকায় ফিরে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর হাসপাতাল পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান।

হাসপাতালে পাওয়া অনিয়মের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, “প্রথমেই যদি বলি, আমি কোনো অনিয়ম পাইনি, তাহলে সেটা অসত্য বলা হবে।” তিনি আরও মন্তব্য করেন যে, বিগত ১৭ বছরের শাসনামলে স্বাস্থ্য খাতসহ দেশের সামগ্রিক বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে।

স্বাস্থ্য খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে ব্যাপক অর্থ লুটপাট করা হয়েছে। তিনি উল্লেখ করেন, অনেক ক্ষেত্রে যন্ত্রপাতি কেনা হলেও তা পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল নেই, আবার যেখানে জনবল আছে সেখানে প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। বর্তমান সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন ওষুধ সরবরাহ এবং টিকার সংকটের মতো চরম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে এসব অনিয়ম ও দুর্নীতি দূর করে স্বাস্থ্য খাতের সামগ্রিক উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।

মাদারীপুর সদর হাসপাতালের বাস্তব চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, হাসপাতালের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন। হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখা গেছে। অবকাঠামোর সংস্কার ও মেরামতের বিশেষ প্রয়োজন থাকলেও তা করা হয়নি। এছাড়া রোগীরা যথাযথ সেবা পাচ্ছেন না এবং হাসপাতালে বিভিন্ন ধরনের বিধিবহির্ভূত কর্মকাণ্ড ও অনিয়ম চলছে বলে তিনি জানান।

ওষুধ সরবরাহ নিয়ে সবচেয়ে গুরুতর অভিযোগ তুলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের সেগুলো দেওয়া হচ্ছে না। বরং তাদের বাইরে থেকে ওষুধ কিনে আনতে বলা হচ্ছে। সরেজমিনে পরিদর্শন করে তিনি এ ধরনের পরিস্থিতির প্রমাণ পেয়েছেন বলে দাবি করেন। এই অনিয়মের সাথে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ঢাকায় ফিরে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি পুনরায় নিশ্চিত করেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান, জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুন, পুলিশ সুপার ফজলে ইলাহী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. অখিল সরকার, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মতিউর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন হাওলাদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।