নিউজিল্যান্ড সরকার আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে চারটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। নতুন এই নিয়মের ফলে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজ করার সুযোগ সীমিত করা হয়েছে। এর পাশাপাশি ইংরেজি ভাষার দক্ষতা যাচাই, ভিসার আবেদন প্রক্রিয়া এবং কোর্স সমাপ্তির পর ভিসার মেয়াদের ক্ষেত্রেও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
ইমিগ্রেশন নিউজিল্যান্ডের (আইএনজেড) নতুন নীতিমালা অনুযায়ী, মাস্টার্স বাই রিসার্চে নিয়োজিত শিক্ষার্থীরা এখন থেকে সপ্তাহে সর্বোচ্চ ২৫ ঘণ্টা কাজ করতে পারবেন। তবে ছুটির সময়ে তাদের পূর্ণকালীন কাজ করার সুযোগ থাকবে। উল্লেখ্য, পূর্ববর্তী নিয়মে এই ধরনের শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কাজ করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সময়সীমা বা সীমাবদ্ধতা ছিল না।
ভিসা প্রক্রিয়ায় পরিবর্তন—
নতুন নিয়মে ভিসার শর্তাবলি পূরণের ক্ষেত্রে শিক্ষার্থীর ইংরেজি ভাষার দক্ষতাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোনো শিক্ষার্থী ভিসার শর্তগুলো যথাযথভাবে মেনে চলতে সক্ষম হবেন কি না, তা নির্ধারণ করতে ইংরেজি ভাষার দক্ষতার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।
এছাড়া, কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগের বিষয়টি নিষ্পত্তির অপেক্ষায় থাকলে ইমিগ্রেশন নিউজিল্যান্ড আনুষ্ঠানিকভাবে সেই প্রতিষ্ঠানের জন্য ভিসার আবেদন প্রক্রিয়া স্থগিত করতে পারবে। আগে যে বিশেষ পরিস্থিতিতে এ ধরনের স্থগিতাদেশ দেওয়া যেত, এখন তার পরিধি আরও বাড়ানো হয়েছে।
এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কেবল ভিসার শর্ত পূরণ করাই যথেষ্ট নয়, বরং নিউজিল্যান্ডের আইন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলে এমন শিক্ষাপ্রতিষ্ঠান বেছে নেওয়া এখন আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
কোর্স শেষে বাড়ল অতিরিক্ত সময়—
নতুন নিয়মের আওতায় নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর জন্য কোর্স শেষ হওয়ার পর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগের সময়সীমা এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করা হয়েছে। তবে ৩১ মার্চ ভিসার মেয়াদ শেষ হওয়ার যে প্রচলিত নিয়ম রয়েছে, তা অপরিবর্তিত রাখা হয়েছে।
আগের নিয়মে শিক্ষার্থীদের পড়াশোনার ধরন ও মেয়াদের ওপর ভিত্তি করে হয় ৩১ মার্চ অথবা কোর্স শেষ হওয়ার এক মাস পর ভিসার মেয়াদ শেষ হয়ে যেত। এখন প্রযোজ্য ক্ষেত্রে কোর্স শেষ করার পর শিক্ষার্থীরা অতিরিক্ত দুই মাস সময় পাবেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের নতুন এই নিয়ম অনুযায়ী নিজেদের ভিসার শর্তাবলি, কাজের অনুমতি এবং মেয়াদ শেষ হওয়ার তারিখ পুনরায় যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে মাস্টার্স পর্যায়ে গবেষণারত শিক্ষার্থীদের তাদের পড়াশোনার পাশাপাশি কাজের পরিকল্পনায় এই নতুন সময়সীমার বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখতে হবে।