মা ইলিশের প্রজনন প্রক্রিয়াকে নির্বিঘ্ন করতে আকাশপথে বিশেষ নজরদারি বা এয়ার সার্ভিল্যান্স কার্যক্রম গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) শেষ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিচালিত ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান–২০২৬’-এর সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ নজরদারি চালানো হয়।

আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিস্তারিত তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ নদী এবং উপকূলীয় অঞ্চলগুলোতে বিমানবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে এই নজরদারি মিশন সফলভাবে পরিচালনা করা হয়েছে।

আইএসপিআর-এর দেওয়া তথ্য অনুযায়ী, বিমানবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে ঢাকা থেকে মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল ও ভোলা জেলার নদীগুলোতে বিশেষ নজরদারি চালানো হয়। এর পাশাপাশি যশোর থেকে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা এবং চট্টগ্রাম থেকে কুতুবদিয়া অঞ্চলের নদী ও উপকূলীয় এলাকায় অভিযান চালানো হয়। ঢাকা থেকে মাদারীপুর ও শরীয়তপুরের নদীগুলোতে টহল দেওয়ার সময় কিছু মাছ ধরার নৌযান শনাক্ত হলে হেলিকপ্টার থেকে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) জ্বালিয়ে তাদের সতর্ক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিমানবাহিনীর হেলিকপ্টারগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট যুক্ত থাকায় সন্ধ্যার পর অন্ধকারের মধ্যেও নদীর বুকে মাছ ধরার জলযানগুলো সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হয়েছে। একই সঙ্গে বৈমানিক ও এয়ারক্রুরা রাতের অন্ধকারে নজরদারির জন্য নাইট ভিশন গগলস (এনভিজি) ব্যবহার করেন, যা স্বল্প আলোতেও মা ইলিশ শিকারের নিষিদ্ধ কার্যক্রম শনাক্ত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করেছে। আকাশ থেকে ভূমিতে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা এবং মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে নিবিড় সমন্বয় রেখে এই পুরো অভিযান পরিচালিত হয়।

আইএসপিআর আরও উল্লেখ করেছে যে, নিয়মিত এই নজরদারির পাশাপাশি দেশের বিভিন্ন বিমানঘাঁটি থেকে পরিচালিত প্রশিক্ষণ ফ্লাইটের অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে নিচ দিয়ে উড্ডয়নের (লো-লেভেল ফ্লাইট) মাধ্যমেও নজরদারি বজায় রাখা হয়েছে। ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং জাতীয় স্বার্থে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে বাংলাদেশ বিমানবাহিনী।