কল্পবিজ্ঞানের গল্পের মতো মনে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান নিউরালিংক। দীর্ঘ প্রচেষ্টায় মানুষের মস্তিষ্ক এবং যন্ত্রের মধ্যে এক অনন্য সংযোগ স্থাপনের কাজ করছে এই প্রতিষ্ঠানটি। ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস (বিসিআইএস) প্রযুক্তির ওপর ভিত্তি করে তারা ইতিমধ্যে তারহীন চিপ তৈরি করেছে এবং একাধিক গুরুতর স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তির মস্তিষ্কে তা স্থাপন করে সফল ফলাফল অর্জন করেছে। এই ধারাবাহিকতায় এবার ‘টেলিপ্যাথি’ ও ‘ব্লাইন্ডসাইট’ নামের দুটি বিশেষ ব্রেন কম্পিউটার ইন্টারফেসেস প্রযুক্তিনির্ভর তারহীন চিপ বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে নিউরালিংক।
নিউরালিংকের প্রথম উদ্ভাবিত পণ্য হতে যাচ্ছে টেলিপ্যাথি চিপ। এই বিশেষ চিপের সাহায্যে ব্যবহারকারীরা কেবল চিন্তার মাধ্যমেই দূর থেকে কম্পিউটার এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্র নিয়ন্ত্রণ করতে পারবেন। শুধু তাই নয়, কোনো কথা বলা বা টাইপ করার প্রয়োজন ছাড়াই নির্দিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে এই প্রযুক্তির মাধ্যমে।
ইলন মাস্কের দাবি অনুযায়ী, আগামী কয়েক বছরের মধ্যেই টেলিপ্যাথি চিপের মাধ্যমে তথ্য আদান-প্রদানের গতি মানুষের কথা বলার বা দ্রুত টাইপ করার সক্ষমতাকেও ছাড়িয়ে যাবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, “এ প্রযুক্তির সাহায্যে চিন্তার মাধ্যমেই কম্পিউটার বা মানুষের সঙ্গে উচ্চগতিতে যোগাযোগ করা সম্ভব হবে।”
অন্যদিকে, নিউরালিংকের দ্বিতীয় পণ্য ব্লাইন্ডসাইট চিপের লক্ষ্য হলো দৃষ্টিহীন ব্যক্তিদের দেখার সক্ষমতা ফিরিয়ে আনা। এই প্রযুক্তির কল্যাণে যারা কোনো দুর্ঘটনার কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন অথবা যারা জন্মগতভাবেই অন্ধ, তারা পুনরায় দেখার সুযোগ পাবেন।
ব্লাইন্ডসাইট চিপ সম্পর্কে ইলন মাস্ক জানিয়েছেন, “ব্লাইন্ডসাইটের মাধ্যমে সম্পূর্ণ অন্ধ ব্যক্তি বা যাঁরা কখনোই দেখতে পাননি, তাঁরাও দেখার সুযোগ পাবেন।” তিনি আরও উল্লেখ করেন যে, প্রকৌশলগত দিক থেকে এই প্রযুক্তির উন্নয়নের কাজ সম্পূর্ণ হয়েছে এবং এখন কেবল নিয়ন্ত্রক সংস্থার চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা।