কুমিল্লার দেবিদ্বারে এক মর্মান্তিক দুর্ঘটনায় মায়ের চোখের সামনেই ট্রাকচাপায় মিনহা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার উপজেলার ছোট শালঘর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিশু মিনহা ব্রাহ্মণপাড়া উপজেলার বাড়ানী এলাকার জুলেখা আক্তারের মেয়ে। এছাড়া সে ছোট শালঘর এলাকার আফতর উদ্দিন সরকার বাড়ির শাহ আলমের নাতনি।
প্রাপ্ত তথ্যানুযায়ী, মিনহা তার মা জুলেখা আক্তার, জমজ বোন এবং নানির সঙ্গে নানাবাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার সকালে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য মা জুলেখা আক্তার তাদের নিয়ে দেবিদ্বার উপজেলা সদরের একটি হাসপাতালে যান। সেখানে চিকিৎসা শেষ করে তারা অটোরিকশায় করে নানাবাড়ির দিকে ফিরছিলেন। পথে ছোট শালঘর এলাকায় পৌঁছে তারা অটোরিকশা থেকে নামেন। সেই মুহূর্তে স্বজনেরা অটোরিকশার ভাড়া পরিশোধ করছিলেন। ঠিক সেই সময়ে মিনহা আগেভাগে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করলে দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনাটি সম্পর্কে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। খবর পেয়ে মিরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।”
অন্যদিকে, মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, “প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।”