যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের ৪১ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জেলার ৯টি থানা ও গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার (২ নভেম্বর) ভোরে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে যশোর কোতোয়ালি থানা এলাকা থেকে ১৭ জন, চৌগাছা থেকে ২ জন, মণিরামপুর থেকে ৩ জন, শার্শা থেকে ২ জন, অভয়নগর থেকে ৪ জন, কেশবপুর থেকে ৩ জন, বাঘারপাড়া থেকে ৪ জন, বেনাপোল থেকে ৪ জন এবং ঝিকরগাছা থেকে ২ জন রয়েছেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।