নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি অনুসন্ধান কূপে নতুন গ্যাসের সন্ধান পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।
উপজেলার রামপুর ইউনিয়নে খনন করা ‘সুন্দলপুর সাউথ-১’ কূপের দুটি জোনে প্রায় ৯৭ দশমিক ৬৯ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাস মজুত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
সোমবার (২ নভেম্বর) কূপে শিখা প্রজ্বালনের (ফ্লেয়ারিং) মাধ্যমে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বাপেক্সের হিসাব অনুযায়ী, ভোক্তা পর্যায়ের মূল্য বিবেচনায় এই গ্যাসের আনুমানিক বাজারমূল্য ৫ হাজার ৮০৯ কোটি টাকা। কূপটি থেকে দৈনিক প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
বাপেক্স সূত্রে জানা গেছে, বাংলাদেশ সরকার ও বাপেক্সের নিজস্ব অর্থায়নে কূপটির খননকাজ সম্পন্ন হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বাপেক্সের ত্রিমাত্রিক (থ্রিডি) সিসমিক জরিপের ফলাফলের ভিত্তিতে কূপটি খননের সিদ্ধান্ত নেওয়া হয়।
বাপেক্সের ‘বিজয়-১০’ রিগ ব্যবহার করে চলতি বছরের ৮ জুলাই ‘সুন্দলপুর সাউথ-১’ অনুসন্ধান কূপটির খননকাজ শুরু হয়। প্রায় ৩ হাজার ২৮৯ মিটার গভীর পর্যন্ত খননের পর কূপটির দুটি পৃথক জোনে গ্যাসের সন্ধান মেলে। পরিকল্পনা অনুযায়ী, এই কূপ থেকে আগামী ২০ বছর পর্যন্ত গ্যাস উত্তোলন সম্ভব হবে।
কূপের প্রকল্প পরিচালক মোহাম্মদ মোজাম্মেল হক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করে জানান, কূপে অন্য কোনো পদার্থের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে আগামী ১৫ দিন ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) এবং সার্বিক পর্যবেক্ষণ চালানো হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।