খুলনার রূপসা উপজেলায় নদীর ঘাট থেকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সিংহেরচর এলাকার আলম মেম্বারের নদীর ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথমে নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা। এর কিছুক্ষণ পর একই এলাকায় আরও একটি মরদেহ ভেসে ওঠে। বিষয়টি লক্ষ্য করে তারা দ্রুত পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে রূপসা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। এই ঘটনার পর নদীর দুই পাড়ে স্থানীয় মানুষের ব্যাপক ভিড় জমে যায়।

আশেপাশের বাসিন্দাদের দাবি, মরদেহ দুটি নদীর চরে আটকে ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল। উদ্ধারকৃত দুই মরদেহের মাথাতেই রক্তাক্ত ক্ষত চিহ্ন দেখা গেছে। তবে এই ক্ষতগুলো কীভাবে এবং কখন তৈরি হয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি দাবি করেছেন যে, নিহতদের মধ্যে একজনকে তিনি ওই ঘাটের ট্রলারচালক হিসেবে চেনেন, তবে অপর ব্যক্তির পরিচয় তার জানা নেই।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর জোয়ারের পানিতে মরদেহ দুটি ভেসে ওই এলাকায় এসেছে। নিহত একজনের বয়স আনুমানিক ৩০ থেকে ৩২ বছর এবং অপরজনের ৪০ থেকে ৪২ বছর হতে পারে। তাদের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।”