ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী এলিজা জামান। সোমবার (২ নভেম্বর) সকালে নির্বাচন কমিশন সচিবালয় থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
নির্বাচন ব্যবস্থাপনা-২ অনুবিভাগের যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খানের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা আসন-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গত ২৬ অক্টোবর বিকেল ৪টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান তার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দাখিলকৃত মনোনয়নপত্রগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যাচাই-বাছাই করার পর এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়। এরপর প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় ছিল রোববার (১ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে তিনি তার প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ এর ধারা ১২ এর উপধারা (১) অনুযায়ী চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হয়েছে।