ঐতিহ্যবাহী নাটোর রাজবাড়িতে শনিবার দুপুরে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে ছয় দিনব্যাপী ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। দুপুর ১২টায় রাণী ভবানী রাজবাড়ি চত্বরে এই ক্যাম্পুরীর উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। অনুষ্ঠানের শুরুতেই একটি উদ্বোধনী নাচ পরিবেশন করে রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মুক্তকণ্ঠ ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালা স্কাউট গ্রুপের গার্ল ইন কাব দল। বাংলাদেশ স্কাউটসের রাজশাহী অঞ্চল ‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই বিশেষ আয়োজনের পরিকল্পনা করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ উল্লেখ করেন যে, স্কাউট আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলছে। তিনি বলেন, “স্কাউট আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠছে। নিজেদের সুন্দর করা এবং পরিবেশকে সুন্দর করতে তারা কাজ করে যাচ্ছে। আগামীতে তারাই দেশের নেতৃত্বে আসীন হবে।” বর্তমান বিশ্বের অস্থিরতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অস্থির পৃথিবীতে সারা বিশ্বের ছয় কোটি স্কাউটস সদস্যরা নিরলসভাবে মানবতার সেবায় নিয়োজিত আছে। তাদের এই অসামান্য অবদান আগামীতে ব্যাপকভাবে মূল্যায়ন করা হবে বলে আমি বিশ্বাস করি।”

রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ মোঃ মহিউদ্দিন খাঁ, নাটোরের জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার এবং পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলেন বাংলাদেশ স্কাউটসের রাজশাহী আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ স্কাউটসের (প্রোগ্রাম) যুগ্ম নির্বাহী পরিচালক আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম, নাটোর জেলা পরিষদের প্রশাসক মোঃ রহিম নেওয়াজ, রাজশাহী প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুস সালাম এবং ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরী ২০২৬ এর প্রোগ্রাম চিফ মোঃ সাইফুল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি উপস্থিত কাব সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করেন। এসময় কাব সদস্যদের পরিবেশিত বিভিন্ন মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য যে, এই ক্যাম্পুরীতে রাজশাহী বিভাগের আটটি জেলা এবং একটি মেট্রোপলিটন এলাকা থেকে মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক ও কর্মকর্তাসহ সর্বমোট দুই হাজার ২০০ জন অংশগ্রহণ করছেন। আগামী ৪ নভেম্বর এই ক্যাম্পুরীর সমাপ্তি ঘটবে। শিশুদের মধ্যে নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা, আত্মনির্ভরশীলতা এবং সেবার মানসিকতা জাগ্রব করার লক্ষ্যে এই ক্যাম্পুরীতে ১২টি উৎসাহমূলক কার্যক্রম ও পাঁচটি উৎসবের আয়োজন করা হয়েছে।