জাতীয় সংসদের হুইপ এবং নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু মনে করেন, দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ গণআন্দোলনে যুবসমাজের অবদান অনস্বীকার্য। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের এরশাদবিরোধী গণঅভ্যুত্থান এবং সর্বশেষ ২০২৪ সালের ৫ আগস্টের আন্দোলন—প্রতিটি ক্ষেত্রেই যুবসমাজ রাজপথে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে। তাদের রক্তের বিনিময়েই এই ভূখণ্ডে ভাষার অধিকার, স্বাধীনতা এবং বর্তমান গণতন্ত্রের ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে নাটোরে ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

যুবসমাজের সম্ভাবনা ও কর্মসংস্থান নিয়ে কথা বলতে গিয়ে জাতীয় সংসদের হুইপ বলেন, “আমি বিশ্বাস করি, এই যুবকরাই এ দেশে পরিবর্তন আনতে পারে।” তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ করে দিতেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথম যুবসমাজের জন্য ইউথ কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময়ে জেলা যুবসমাজ অফিসের কার্যক্রম ছিল অত্যন্ত সক্রিয়। যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হতো এবং তাদের দেশে ও বিদেশে কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হতো। ইউথ কমপ্লেক্সের তত্ত্বাবধানে বিভিন্ন হাট-বাজারে বেকারত্ব দূর করে জীবিকা নির্বাহের কার্যকর ব্যবস্থা করা হয়েছিল বলেও তিনি জানান।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আসমা খাতুন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক গোলাম মাহাবুব। এছাড়া রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন ও সাইফুল ইসলাম আফতাব এবং যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থীরাও অংশগ্রহণ করেন।

আলোচনা সভার সমাপ্তিতে সাতজন নির্বাচিত যুবকের মাঝে মোট আট লাখ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় অনুষ্ঠানে গাছের চারা রোপণ করা হয়।