টাঙ্গাইল শহরের বড় কালীবাড়ি মার্কেটের ছাদে এক সাড়ে ছয় বছর বয়সী শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত বিপ্লব নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিপ্লবের বয়স ২২ বছর।
রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে টাঙ্গাইল সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে শহরের পার্ক বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
ঘটনাটি ঘটার পর থেকেই অভিযুক্তের গ্রেপ্তার এবং আহত শিশুটির চিকিৎসার বিষয়ে সার্বিক তদারকি ও খোঁজখবর রাখছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু।
এই গ্রেপ্তার অভিযান প্রসঙ্গে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, পুলিশের বিভিন্ন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পার্ক বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, “মামলার আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”
পুলিশ ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৩০ অক্টোবর বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত বিপ্লব। পরিবারের অভিযোগ, ধর্ষণের চেষ্টা করার সময় শিশুটি চিৎকার করে বাধা দেওয়ার চেষ্টা করলে বিপ্লব ইট দিয়ে তার মুখ ও নাকে প্রচণ্ড আঘাত করে। এতে শিশুটি গুরুতর জখম হয়। পরবর্তীতে এক রিকশাচালক তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এই নৃশংস ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে ধর্ষণ, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা দায়ের করা হয়।